স্মৃতিতে রঙিন চিঠি ও অপেক্ষার মায়া

ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা শুনলেই একসময় বাড়ির দরজা খুলে যেত। তার হাতে থাকা চিঠির বান্ডিল থেকে নিজের নামটি খুঁজে বের করার আনন্দটাই ছিল আলাদা। প্রবাসী স্বজনের চিঠি, শহরে পড়তে যাওয়া সন্তানের খবর, মানি অর্ডারে পাঠানো টাকা কিংবা জরুরি টেলিগ্রাম— সে সময় ডাকব্যবস্থাই ছিল দূরত্ব পেরিয়ে মানুষের কাছে পৌঁছানোর প্রধান সেতু। মোবাইল ফোন ও ইন্টারনেটের যুগে সেই ব্যবস্থা বদলে গেছে। বদলেছে যোগাযোগের ধরনও। কিন্তু পুরনো চিঠির কাগজে জমে থাকা আবেগ, অপেক্ষা আর হাতের লেখার উষ্ণতা এখনো অনেকের কাছে অমলিন।

নেত্রকোনা মফস্বল শহরের পুরনো একটি বাড়ি, সেখানে বাস করেন রহিমা বেগম। বাড়িটির মতো তারও বয়স বাড়ছে। শোবার ঘরের আলমারির নিচের তাকে বহু বছর ধরে যত্নে রাখা একটি টিনের বাক্স। তার ভেতরে হলদেটে হয়ে যাওয়া কিছু কাগজ, পুরনো খাম আর বিবর্ণ ডাকটিকিট। কোনোটি বাবার লেখা চিঠি, কোনোটি ভাইয়ের, কোনোটি বিদেশে থাকা স্বামীর। সময়ের সঙ্গে কাগজের ভাঁজে ভাঁজে জমেছে ফিকে হওয়া কালির দাগ। কোনোটি ছিঁড়েও গেছে খানিক।

তবুও একটি চিঠি হাতে নিলে মুহূর্তেই যেন রহিমার চোখের সামনে ভেসে ওঠে কয়েক দশক আগের এক বিষণ্ণ অথচ মধুর বিকেল। তখন মোবাইল ফোন কিংবা ইন্টারনেট ছিল না। ছিল না ঝটপট মেসেজ বা ভিডিও কলের সুবিধা। দূরে থাকা মানুষের কণ্ঠ শোনার সুযোগও ছিল সীমিত। দূর-দূরান্তে থাকা প্রিয়জনের খবর পেতে অধীর অপেক্ষায় থাকতে হতো দিনের পর দিন।

বিকেলের রোদ ঢলে পড়লে রহিমা বেগম এসে বসতেন বারান্দায়। ডাকপিয়ন কখন সাইকেল চেপে তাদের গলিতে ঢুকবেন, সময়টা যেন তার মুখস্থ হয়ে গিয়েছিল। সাইকেলের টুংটাং ঘণ্টা শুনলেই বুক ধড়ফড় করে উঠত—‘আজ কি আমার নামে কিছু এলো?’

সৌদি আরব থেকে স্বামী মাসে একবার কিংবা দুই মাস পর পর চিঠি পাঠাতেন। কাজের ক্লান্তি, শরীরের খবর, দেশে ফেরার আকুতি, সন্তানদের জন্য ভালোবাসা আর মাসশেষে টাকা পাঠানোর হিসাব, সব লেখা থাকত ওতে। খামের ওপর প্রিয়জনের সেই চেনা হাতের লেখা পড়তে পড়তে কখন যে রহিমার চোখের কোণে জল জমে যেত, নিজেও টের পেতেন না।

বৃদ্ধা রহিমার হাতে আজ স্মার্টফোন উঠেছে। বিদেশে থাকা সন্তানের মুখ মুহূর্তেই দেখা যায় স্ক্রিনে, টাকা পাঠাতে লাগে মাত্র কয়েক সেকেন্ড। তবে আলমারির সেই পুরনো টিনের বাক্সের আবেগ আর আজকের ডিজিটাল স্ক্রিনে মেলে না। ফোনে বলা কথা বাতাসে মিলিয়ে যায়, কিন্তু কাগজে-কালিতে লেখা অনুভূতি থেকে যায় আজীবন। তাই পুরনো চিঠি হাতে নিলেই কয়েক দশক আগের বিকেল যেন ফিরে আসে।

দেশের অসংখ্য পরিবারের গল্পটা প্রায় এমনই। ডাকপিয়নের সাইকেলের ঘণ্টা, লাল ডাকবাক্স, হলুদ পোস্টকার্ড, নীল ইনল্যান্ড লেটার, বিদেশের ডাকটিকিট, মানি অর্ডারের কাগজ কিংবা জরুরি টেলিগ্রাম—এসবই ছিল দূরে থাকা মানুষকে কাছে পাওয়ার মাধ্যম। আজ যোগাযোগ অভূতপূর্ব দ্রুত। কিন্তু সেই দ্রুততার ভিড়ে হারিয়ে গেছে অপেক্ষার যে আবেগ, সেটিই হয়তো ডাকব্যবস্থার সবচেয়ে বড় উত্তরাধিকার।

একটা সময় চিঠিরও ছিল নিজস্ব জগৎ। ছিল পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার, রেজিস্ট্রি চিঠি, পার্সেল, মানি অর্ডার। প্রতিটির আলাদা ব্যবহার, আলাদা গুরুত্ব। পোস্টকার্ড ছিল সবচেয়ে সহজ ও সস্তা যোগাযোগের মাধ্যম। কয়েক লাইনের খবর—‘ভালো আছি’, ‘তুমি কেমন আছ’, ‘আগামী সপ্তাহে বাড়ি আসব’।

একটু ব্যক্তিগত কথা বলার জন্য ছিল খাম। সেখানে কাগজ ভাঁজ করে লেখা যেত মনের কথা। কখনো চার পৃষ্ঠায়, কখনো ছয় পৃষ্ঠায়। চিঠির শেষ পাতায় জায়গা না হলে পাশের মার্জিনেও চলে যেত লেখার ধারাবাহিকতা।

আর ছিল ইনল্যান্ড লেটার। এক সময় নীল রঙের এ চিঠিই ছিল বহু মানুষের আবেগের বাহন। নির্দিষ্ট জায়গায় ভাঁজ করে, সঠিক অংশে লিখে, ঠিকভাবে বন্ধ করতে হতো। ভুল জায়গায় কাটাকাটি কিংবা ভাঁজ করলে ভেতরের লেখা নষ্ট হওয়ার আশঙ্কা থাকত।

সে সময় ডাকটিকিট ছিল আরেক ধরনের আকর্ষণ। বিভিন্ন দেশের নানা নকশা, জাতীয় প্রতীক, ঐতিহাসিক ব্যক্তিত্ব, ফুল, প্রাণী কিংবা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে প্রকাশিত ডাকটিকিট সংগ্রহ করা ছিল অনেকের শখ। স্কুলের খাতার ভাঁজে কিংবা পুরনো বইয়ের পাতায় অনেকে যত্ন করে রেখে দিতেন সেগুলো।

আবার ডাকপিয়ন শুধু একজন সরকারি কর্মচারী ছিলেন না; ছিলেন পাড়া-মহল্লার সুখ-দুঃখের নীরব সাক্ষী। কোন বাড়ির ছেলে ঢাকায় চাকরি করে, কার স্বামী বিদেশ, কার মেয়ে কলেজে পড়ে কিংবা কার বাবা অসুস্থ—সব খবরই থাকত তার নখদর্পণে। অনেক পরিবারের কাছে তিনি ছিলেন দূরের মানুষের খবর বহন করে আনা আপনজনের মতো।

কোনো কোনো বাড়িতে ডাকপিয়ন এলে তাকে বসতে বলা হতো। গরমের দিনে এক গ্লাস পানি, শীতের দিনে গরম চা কিংবা বিশেষ কোনো খবরে মিষ্টি মুখ করানো ছিল আবহমান বাংলার চেনা সংস্কৃতি। বিশেষ করে ঈদ, পূজা কিংবা বিয়ের মৌসুমে ডাকপিয়নের হাতে আসা শুভেচ্ছার চিঠি কিংবা মানি অর্ডার ছিল পরিবারের জন্য আনন্দের উপলক্ষ।

চিঠি তখন শুধু যোগাযোগের মাধ্যম ছিল না; ছিল অপেক্ষার নাম, ভালোবাসার নাম, দূরত্ব পেরিয়ে কাছে থাকার এক আশ্চর্য উপায়। গ্রামাঞ্চলে এ অপেক্ষার আবেগ ছিল আরো গভীর। পরিবারের কেউ ঢাকায় চাকরি করেন, কেউ চট্টগ্রামে ব্যবসা করেন, কেউ বিদেশে পাড়ি জমিয়েছেন—তাদের সঙ্গে যোগাযোগের প্রধান ভরসাই ছিল চিঠি। একটি খাম পৌঁছাতে কয়েক দিন লেগে যেত। সেই কয়েক দিন ছিল অপেক্ষার। বাংলাদেশের ডাকব্যবস্থার সঙ্গে জড়িয়ে থাকা সেই দিনগুলোর স্মৃতি তাই কেবল একটি পুরনো যোগাযোগব্যবস্থার গল্প নয়। এটি আমাদের সামাজিক জীবনেরও একটি হারিয়ে যাওয়া অধ্যায়।

আজকের যুগে ‘Hi’, ‘Kemon acho’ কিংবা সংক্ষিপ্ত টেক্সট মেসেজের যুগে চিঠি লেখার সেই শিল্প রূপটি হারিয়ে গেছে। তখন একটি চিঠি শুরু হতো গভীর সম্মান ও ভালোবাসার সম্ভাষণ দিয়ে—‘স্নেহের মা’, ‘প্রিয় বাবা’, কিংবা ‘প্রিয়তমা’।

কুশলবিনিময়, বাড়ির অবস্থা, মাঠের ফলন, অসুস্থতার খবর কিংবা উৎসবের কেনাকাটার ফিরিস্তি—সবকিছু নিখুঁতভাবে সাজিয়ে লেখা হতো। সবশেষে—‘সবার প্রতি আমার সালাম দিও’, ‘ভালো থেকো’, ‘চিঠির উত্তর দিও’। অভিমানের চিঠির অক্ষরের টান যেমন আলাদা ছিল, তেমনি ভালোবাসার চিঠির হাতের লেখায় ফুটে উঠত মনের গোপন ব্যাকুলতা।

শহরে কাজ করা সন্তান বা বিদেশে থাকা স্বামীর পাঠানো মানি অর্ডারের কুপনে থাকত জীবনের টানাপড়েন আর ভালোবাসার ছোট ছোট বার্তা—‘মাকে ওষুধ কিনে দিও’ কিংবা ‘ছেলের পরীক্ষার ফি দিও’। ডাকপিয়ন টাকা পৌঁছে দিলে গৃহস্থের মুখে ফুটে উঠত এক অদ্ভুত স্বস্তির হাসি। অন্যদিকে, হঠাৎ বাড়িতে টেলিগ্রাম আসা মানেই ছিল বুকের ভেতর ধড়ফড়ানি। টেলিগ্রামে প্রতিটি শব্দের জন্য দিতে হতো আলাদা মাশুল, তাই বাক্য হতো ভীষণ সংক্ষিপ্ত—‘MOTHER SERIOUS, COME IMMEDIATELY’। এই টেলিগ্রাম কখনো বয়ে আনত শোকের ছায়া, আবার কখনো চাকরির যোগদান কিংবা সন্তান জন্মের আনন্দের সংবাদ।

দ্রুততার ভিড়ে হারিয়েছে ‘অপেক্ষা’। যোগাযোগের দূরত্ব শূন্যে নেমে এসেছে। ঢাকার মানুষ মুহূর্তে বার্তা পাঠাচ্ছেন নিউ ইয়র্কে। মেসেজ পাঠানোর পর ‘Seen’ দেখালেই আমরা উত্তরের জন্য ব্যাকুল হয়ে পড়ি, কয়েক মিনিট দেরি হলেই তৈরি হয় অস্বস্তি। অথচ একসময় চিঠির একটি উত্তর পেতে দিনের পর দিন পেরিয়ে যেত। সেই দীর্ঘ অপেক্ষার মাঝেই লুকিয়ে থাকত কৌতূহল, উৎকণ্ঠা এবং সম্পর্কের প্রগাঢ় গভীরতা।

সময় কখনো পেছনে হাঁটে না। প্রযুক্তির ছোঁয়ায় লাল ডাকবাক্স, নীল ইনল্যান্ড লেটার, খামের ওপরের রঙিন ডাকটিকিট আর ডাকপিয়নের সাইকেলের বেল হয়তো আজ স্মৃতির জাদুঘরে। কিন্তু ধূলিমলিন আলমারিতে জমে থাকা সেই পুরনো খামগুলো আজও সাক্ষ্য দেয়—যোগাযোগের আসল মূল্য দ্রুত পৌঁছানোয় ছিল না; বরং সেই বার্তার পেছনে লুকিয়ে থাকা গভীর অপেক্ষা আর ভালোবাসার মধ্যে ছিল।

আরও