কঙ্গোর ভিরুঙ্গা পার্কে অ্যানথ্রাক্সে ৫০ জলহস্তীর মৃত্যু

পার্কের পরিচালক ইমানুয়েল ডি মেরোড জানিয়েছেন, পরীক্ষায় অ্যানথ্রাক্স সংক্রমণ নিশ্চিত হলেও উৎস এখনো স্পষ্ট নয়।

পূর্ব কঙ্গোর ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে অ্যানথ্রাক্সের আক্রমণে ৫০টিরও বেশি জলহস্তীর মৃত্যু স্থানীয়দের মধ্যে শোক আর আতঙ্কের ছায়া ফেলেছে। ইশাশা নদীর তীরে সারি সারি মৃত জলহস্তীর নিথর দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে, যেগুলো উত্তর দিকে বয়ে গেছে এডওয়ার্ড হ্রদের দিকে।

পার্কের পরিচালক ইমানুয়েল ডি মেরোড জানিয়েছেন, পরীক্ষায় অ্যানথ্রাক্স সংক্রমণ নিশ্চিত হলেও উৎস এখনো স্পষ্ট নয়। সংক্রমণ ছড়াতে পারে এমন আশঙ্কায় নদীর পানি ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে কঙ্গোলিজ ইনস্টিটিউট ফর নেচার কনজারভেশন।

বন-পাহাড় আর আগ্নেয়গিরিতে ঘেরা এ পার্কে একসময় ২০ হাজার জলহস্তী ছিল, যা শিকার আর সংঘাতে কমে গিয়ে ২০০৬ সালে দাঁড়ায় কয়েকশতে। অনেক চেষ্টা আর সংরক্ষণের ফলে আবার তা সংখ্যায় হয়েছিল প্রায় ১ হাজার ২০০ তে। এখন সেই সংখ্যাও হুমকিতে।

স্থানীয় এক সমাজকর্মী থমাস কাম্বালে বলেন, হ্রদের পানিতে একটার পর একটা মৃতদেহ ভাসছে। শিশুরাও এসব দেখে ভয় পাচ্ছে।

পার্ক কর্মীরা চেষ্টা করছেন মৃত প্রাণীগুলোকে মাটিচাপা দিতে। কিন্তু যন্ত্রপাতির অভাবে কাজ চলছে ধীর গতিতে। সংক্রমণ ঠেকাতে ব্যবহার করা হচ্ছে কস্টিক সোডা। —সিএনএন

আরও