পহেলা বৈশাখে ফেসবুকে শেয়ার করা শুভেচ্ছাবার্তা সংবলিত ফটোকার্ডে শোভা পাচ্ছে পান্তা-ইলিশ, কিংবা সাংস্কৃতিক আয়োজনের নানা মোটিফ। কিন্তু বাংলার গ্রামীণ সমাজে এ উৎসবের রঙ ছিল ভিন্ন। নতুন বছরের সূচনায় মাঠ, নদী, খাল, হাওর সবকিছু মিলেই তৈরি হতো এক বিশাল জীবন্ত অঙ্গন, যেখানে বাঙলার ঐতিহ্যবাহী সব রীতিনীতি সাড়ম্বরে পালন করা হত। আর সেই উদযাপনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল বিভিন্ন খেলাধুলা। এই ক্রীড়াগুলো কোনো বিচ্ছিন্ন বিনোদন না, এগুলো ছিল কৃষিভিত্তিক জীবনের স্বাভাবিক সম্প্রসারণ।
গরু ও মহিষ দৌড়
গ্রামীণ বৈশাখী ক্রীড়ার অন্যতম আকর্ষণ ছিল গরু বা মহিষ দৌড়। বিশেষত নদীবেষ্টিত চরাঞ্চল, হাওর কিংবা উর্বর কৃষিভূমিতে এই প্রতিযোগিতা ছিল অত্যন্ত জনপ্রিয়। যে গরু বা বলদ সারা বছর জমি চাষ করত, সেই প্রাণীই বৈশাখে হয়ে উঠত গতি ও শক্তির প্রতীক। সেদিন গরু বা বলদকে সাজানো হত রঙ-বেরঙের ফিতা, মালা ইত্যাদি দিয়ে। দৌড়ের আয়োজন সাধারণত ফসল তোলার পর খোলা মাঠে বা নদীর পাড়ে করা হতো। অনেক সময় মালিকরা গরুর পিঠে বসতেন, আবার কোথাও দড়ি ধরে দৌড় নিয়ন্ত্রণ করতেন। বিজয়ী গরু বা মহিষ গ্রামের মধ্যে বিশেষ মর্যাদা পেত, এমনকি তার বাজারমূল্যও বেড়ে যেত। ফলে এটি ছিল অর্থনৈতিক প্রতিযোগিতারও একটি অংশ।
কুস্তি বা বলী খেলা
বাংলার গ্রামীণ সমাজে কুস্তি খেলা ছিল একধরনের সামাজিক আচার। পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামে গ্রামে কুস্তির আসর বসত, যেখানে দূর-দূরান্ত থেকে বলীরা অংশ নিতে আসতেন। এছাড়া বৈশাখী মেলাগুলোতেও কুস্তি ছিল বিশেষ আকর্ষণ।
কুস্তির জন্য বিশেষভাবে প্রস্তুত করা হতো বালুময় মাঠ। বাংলায় কুস্তির ঐতিহ্য বহু পুরোনো, যার শিকড় ভারতীয় উপমহাদেশের প্রাচীন মল্লযুদ্ধ প্রথার সঙ্গে যুক্ত। মুঘল আমল থেকেই এই অঞ্চলে কুস্তির চর্চা ছিল, তবে এটি সবচেয়ে বেশি বিকশিত হয় জমিদারি যুগে। পহেলা বৈশাখে এই আয়োজন নতুন বছরের শুরুতে শক্তির পুনঃপ্রতিষ্ঠা হিসেবে দেখা হতো। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা এই ধারার একটি জীবন্ত উদাহরণ। উনিশ শতকে শুরু হওয়া এই প্রতিযোগিতা পহেলা বৈশাখকে কেন্দ্র করেই আয়োজন করা হতো এবং আজও তা ঐতিহ্যের স্মারক হিসেবে টিকে আছে।
নৌকা বাইচ
বাংলাদেশের ভূগোলই এই ক্রীড়ার জন্ম দিয়েছে। নদীমাতৃক এই দেশে নৌকা কেবল যানবাহন নয়, বরং জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ ছিল। সেই জীবন থেকেই জন্ম নেয় নৌকা বাইচ।
নতুন বছরকে উদযাপনের আয়োজন নৌকা বাইচ ছিল অন্যতম আকর্ষণ। দীর্ঘ, সরু ও সুদৃশ্য নৌকা তৈরি করা হতো বিশেষভাবে এ প্রতিযোগিতার জন্য। অনেক সময় একটি নৌকার দৈর্ঘ্য ১০০ থেকে ২০০ ফুট পর্যন্ত হতো, এবং এতে ৩০-১০০ জন মাঝি একসঙ্গে বৈঠা চালাতেন।
নৌকা বাইচের সবচেয়ে অনন্য দিক ছিল এর ছন্দ। প্রতিটি নৌকায় একজন করে ‘সারেঙ্গ’ বা তালনিয়ন্ত্রক থাকতেন, যিনি গান বা স্লোগানের মাধ্যমে মাঝিদের গতি ও ছন্দ নিয়ন্ত্রণ করতেন। এই গানগুলো, যাকে অনেক অঞ্চলে ‘হাল্লা গান’ বলা হয়, ছিল উদ্দীপনামূলক।
নৌকা বাইচ ছিল এক বিশাল সামাজিক উৎসব। নদীর দুই তীরে হাজার হাজার মানুষ জড়ো হতো, বসত অস্থায়ী মেলা, চলত ব্যবসা-বাণিজ্য, গান-বাজনা। এটি ছিল নদীকে কেন্দ্র করে গড়ে ওঠা এক সম্পূর্ণ সাংস্কৃতিক অর্থনীতি।
লাঠিখেলা
বাংলায় লাঠিখেলা শিকড় প্রোথিত আছে গ্রামীণ প্রতিরক্ষা ব্যবস্থায়। একসময় যখন আধুনিক আইনশৃঙ্খলা ব্যবস্থা ছিল না, তখন গ্রাম রক্ষার দায়িত্ব ছিল স্থানীয় লাঠিয়ালদের ওপর। তারা বাঁশের লাঠি দিয়ে যুদ্ধের কৌশল রপ্ত করত।
পহেলা বৈশাখে এই লাঠিখেলা নতুন রূপে আবির্ভূত হতো, প্রদর্শনী হিসেবে। গ্রামের লাঠিয়াল দলগুলো নিজেদের দক্ষতা প্রদর্শন করত ছন্দময় ভঙ্গিতে। ঢোল, করতাল বা বাঁশির তালে তালে তারা লাঠি ঘুরাত, আঘাত করত, প্রতিরোধ গড়ত, যা দেখতে অনেকটা নৃত্যের মতো মনে হতো।
এই খেলায় ব্যবহৃত লাঠি সাধারণত ৬-৮ ফুট লম্বা বাঁশের তৈরি হতো। কখনো একক লড়াই, কখনো দলগত কৌশল প্রদর্শন করা হতো। প্রতিটি চালের পেছনে ছিল নির্দিষ্ট কৌশল-কোথায় আঘাত করতে হবে, কীভাবে প্রতিরোধ করতে হবে, কীভাবে প্রতিপক্ষকে নিরস্ত করতে হবে।
কবুতর প্রতিযোগিতা
পহেলা বৈশাখ উপলক্ষে অনেক জায়গায় বৈশাখী মেলায় কবুতর উড়িয়ে প্রতিযোগিতা আয়োজন করা হতো, যা বাহ্যিকভাবে সরল মনে হলেও এর পেছনে ছিল জটিল প্রশিক্ষণ ও কৌশল।
কবুতর প্রতিযোগিতার মূল ধারণা ছিল নিয়ন্ত্রণ ও প্রত্যাবর্তন। মালিকরা তাদের কবুতরকে নির্দিষ্ট সংকেত, খাদ্যাভ্যাস এবং অভ্যাসের মাধ্যমে এমনভাবে প্রশিক্ষণ দিতেন, যাতে তারা দূর থেকে ছেড়ে দিলে দ্রুত নিজের ঘরে ফিরে আসে।
প্রতিযোগিতার বিভিন্ন ধরন ছিল। কোথাও নির্দিষ্ট দূরত্ব থেকে কবুতর ছেড়ে দেয়া হতো, যে কবুতর সবচেয়ে দ্রুত ফিরে আসত, সে বিজয়ী। আবার কোথাও আকাশে উড়ার সময়কাল, দিকনির্দেশনা বা দলগত উড়ানের সৌন্দর্য বিচার করা হতো।
এই খেলায় প্রয়োজন ছিল অসীম ধৈর্য। একটি কবুতরকে প্রশিক্ষণ দিতে মাসের পর মাস সময় লাগত। তার খাদ্য, বিশ্রাম, উড়ার সময়, সবকিছু নিয়ন্ত্রণ করতে হতো সূক্ষ্মভাবে।
মোরগ লড়াই
গ্রামীণ বৈশাখী মেলার একসময়কার অন্যতম আকর্ষণ ছিল মোরগ লড়াই। এটি ছিল একই সঙ্গে বিনোদন, প্রতিযোগিতা এবং সামাজিক উত্তেজনার কেন্দ্রবিন্দু। পহেলা বৈশাখের মেলায় বাঁশ দিয়ে ঘেরা ছোট বৃত্তাকার অঙ্গনে দুইটি মোরগকে মুখোমুখি দাঁড় করানো হতো-এ যেন ক্ষুদ্রাকৃতির যুদ্ধক্ষেত্র।
খেলাটির ইতিহাস বহু প্রাচীন। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার গ্রামীণ সমাজে মোরগ লড়াই ছিল পুরুষত্ব, সাহস ও প্রতিদ্বন্দ্বিতার প্রতীক। বাংলায় এটি জমিদারি যুগে আরও জনপ্রিয় হয়ে ওঠে, যখন জমিদাররা মেলা আয়োজনের মাধ্যমে নিজেদের প্রভাব ও ক্ষমতা প্রদর্শন করতেন।
মোরগ লড়াইয়ের জন্য বিশেষভাবে মোরগ পালন করা হতো। তাদের খাদ্যতালিকায় থাকত উচ্চপ্রোটিনসমৃদ্ধ খাবার, কখনও কখনও ভেষজ মিশ্রণ, যাতে তারা শক্তিশালী ও আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রশিক্ষণও ছিল একটি বড় বিষয়। মোরগকে লড়াইয়ের কৌশল শেখানো, সহনশীলতা বাড়ানো, এবং প্রতিপক্ষের আক্রমণ থেকে বাঁচার দক্ষতা তৈরি করা হতো।
তবে এই খেলাটি শুধুই বিনোদন ছিল না। এর সঙ্গে জড়িয়ে ছিল জুয়া ও অর্থনৈতিক লেনদেন। দর্শকদের মধ্যে বাজি ধরা ছিল খুবই সাধারণ ঘটনা। ফলে এটি একধরনের সামাজিক উত্তেজনা তৈরি করত।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই খেলাটি বিতর্কের কেন্দ্রে চলে আসে। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা, অবৈধ জুয়া, এবং সামাজিক নৈতিকতার পরিবর্তন, এসব কারণে মোরগ লড়াই আজ অনেক জায়গায় নিষিদ্ধ বা বিলুপ্ত।
শক্তি ও সহনশীলতার প্রতীক লোকজ খেলা
গ্রামীণ বৈশাখী ক্রীড়ার সবচেয়ে গভীর ও মৌলিক অংশ ছিল সেইসব লোকজ খেলা, যেগুলো সরল হলেও মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল।
রশি টানাটানি ছিল দলগত শক্তির প্রতীক। দুই দলের মধ্যে সমন্বয়, কৌশল এবং সম্মিলিত শক্তি এখানে বিজয়ের নির্ধারক ছিল। গাছ বেয়ে ওঠা বা কলাগাছে ওঠা ছিল চটপটে দক্ষতার পরীক্ষা। পিচ্ছিল কলাগাছে দ্রুত উঠে পড়া সহজ কাজ নয়, এতে প্রয়োজন ভারসাম্য, শক্তি এবং সাহস। এই খেলা অনেক সময় মেলার হাস্যরসের কেন্দ্রবিন্দু হয়ে উঠত। পাথর তোলা বা ভারোত্তোলন ছিল ব্যক্তিগত শক্তির প্রকাশ। বড় বড় পাথর বা লোহার ভার তুলে দেখানো হতো কে কতটা শক্তিশালী, কে গ্রামের ‘সবচেয়ে বলবান’। এইসব খেলাগুলোর বিশেষত্ব হো এগুলো কৃত্রিম নয়। এগুলো এসেছে সরাসরি মানুষের শ্রমজীবন থেকে। কৃষক, জেলে, মজুর তাদের দৈনন্দিন কাজের মধ্যেই এই শক্তি ও সহনশীলতা তৈরি হতো, আর বৈশাখে তা প্রকাশ পেত প্রতিযোগিতার মাধ্যমে।
এসব খেলাধুলা সবসময় যুক্ত ছিল বৈশাখী মেলার সঙ্গে। নতুন বছরের শুরুতে গ্রামবাসীরা একত্রিত হতো কেউ প্রতিযোগী, কেউ দর্শক, কেউ ব্যবসায়ী। এই মেলাগুলো ছিল অর্থনীতি, সংস্কৃতি ও ক্রীড়ার এক সম্মিলিত প্লাটফর্ম। তবে আজ এসব সংস্কৃতি প্রায়ই বিলুপ্ত। এ ঐতিহ্যবাহী ক্রীড়াগুলোর অবক্ষয় কোনো একক কারণে হয়নি। গ্রামীণ খোলা জায়গার সংকোচন একটি বড় কারণ। যে মাঠে একসময় কুস্তি, দৌড় বা লাঠিখেলা হতো, আজ সেখানে গড়ে উঠেছে ঘরবাড়ি, বাজার কিংবা রাস্তা। খেলার জন্য প্রয়োজনীয় পরিসর আর নেই। এছাড়া প্রযুক্তিনির্ভর জীবনধারা মানুষের বিনোদনের ধরন বদলে দিয়েছে। মোবাইল ফোন, টেলিভিশন এবং অনলাইন গেমস মানুষের শারীরিক অংশগ্রহণ কমিয়ে দিয়েছে। ফলে দেহভিত্তিক এই খেলাগুলোর প্রতি আগ্রহ কমে গেছে। সামাজিক কাঠামোর পরিবর্তনও একটি গুরুত্বপূর্ণ কারণ। আগে গ্রাম ছিল একটি ঘনিষ্ঠ সামাজিক একক, যেখানে সবাই একে অপরকে চিনত এবং সম্মিলিতভাবে উৎসব আয়োজন করত। এখন সেই সামাজিক সংযোগ দুর্বল হয়ে পড়েছে।