ধুলোজমা পথ চাকার দাপটে কেঁপে ওঠার বহু আগে পৃথিবীতে ছিল শান্ত অথচ অপরিসীম শক্তির অধিকারী এক প্রাণী- হাতি। আর তাদের সঙ্গেই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নদীবিধৌত অরণ্য ও সেগুনবনে হেঁটে চলত এক নীরব মানবচরিত্র- মাহুত। যে মানুষটি ধীরে ধীরে হয়ে উঠত দানবীয় সেই প্রাণীর সঙ্গী, পথপ্রদর্শক এবং আজীবনের অভিভাবক।
মাহুতের জন্ম কোনো নির্দিষ্ট রাজ্য ঘোষণায় হয়নি, কিংবা কোনো একক সভ্যতার পরিকল্পনায়ও নয়। এটি ধীরে ধীরে গড়ে উঠেছিল সেইসব অঞ্চলে, যেখানে মানুষ ও হাতি একই ভূখণ্ডে সহাবস্থান করত। প্রত্নতাত্ত্বিক ও লিখিত ঐতিহাসিক সূত্র ইঙ্গিত দেয়, খ্রিস্টপূর্ব ২০০০ থেকে ১৫০০ অব্দের মধ্যেই ভারতীয় উপমহাদেশ, শ্রীলংকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিস্তীর্ণ বনাঞ্চলে মানুষ হাতিকে পর্যবেক্ষণ করতে, পোষ মানাতে এবং ধীরে ধীরে প্রশিক্ষিত করতে শিখেছিল। এ জ্ঞান ছিল অভিজ্ঞতানির্ভর, প্রজন্ম থেকে প্রজন্মে সঞ্চারিত। সংস্কৃত ভাষার প্রাচীন গ্রন্থে, যেখানে হাতির রোগ, খাদ্য, স্বভাব ও ব্যবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা রয়েছে, সেখান থেকেই প্রমাণিত হয়, এ পেশা বহু প্রাচীন।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাহুত পেশা সমাজে একটি স্বীকৃত ও অপরিহার্য অবস্থান তৈরি করে। বর্তমান ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া এবং শ্রীলংকার রাজ্যগুলোয় হাতি ছিল যুদ্ধ, রাষ্ট্রীয় শোভা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের অবিচ্ছেদ্য অংশ। বিশাল শরীর আর প্রবল শক্তির সেই প্রাণীকে নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজন হতো মানুষের সংবেদনশীলতা ও সংযম। মূলত এগুলোই ছিল মাহুতদের পুঁজি। তারা হাতির ভাষা বুঝত, তার চোখের চাহনি, শ্বাসের গতি, কান নড়ানোর সূক্ষ্ম ইঙ্গিত পড়তে পারত। আদেশের চেয়ে বন্ধুত্বই ছিল তাদের নিয়ন্ত্রণের প্রধান হাতিয়ার।
মাহুতদের জীবন ছিল হাতিকেন্দ্রিক। অধিকাংশ ক্ষেত্রেই তারা খুব অল্প বয়সে এ পেশায় প্রবেশ করত এবং একটি নির্দিষ্ট হাতির সঙ্গে আজীবনের সম্পর্ক গড়ে তুলত। তারা হাতির সঙ্গে একই পরিবেশে থাকত, একই অরণ্যের ছায়ায় দিন কাটাত। হাতির খাবার, বিশ্রাম ও স্বাস্থ্যের দায়িত্ব ছিল তাদের ওপর। এ সম্পর্ক ছিল পারস্পরিক নির্ভরতার, হাতি যেমন মাহুত ছাড়া অসহায়, মাহুতও তেমনি হাতিকে ছাড়া অসম্পূর্ণ।
সমাজে মাহুতরা ছিল রাজা কিংবা অভিজাত গোষ্ঠীর লোক ছিলনা, কিন্তু তারা সাধারণ শ্রমিকের কাতারেও পড়ত না। রাজদরবারে, যুদ্ধে কিংবা ধর্মীয় আচার-অনুষ্ঠানে মাহুতদের উপস্থিতি ছিল সম্মানজনক ও অপরিহার্য। বহু অঞ্চলে এ পেশা বংশানুক্রমিক হয়ে উঠেছিল, যেখানে জ্ঞান, কৌশল ও অভিজ্ঞতা পারিবারিক উত্তরাধিকার হিসেবে চলত।
প্রাচীন ও মধ্যযুগে যুদ্ধক্ষেত্রে হাতির ভূমিকা ছিল বিশাল। তারা ছিল চলমান দুর্গ, শত্রুর সারি ভাঙার অস্ত্র, আর রাজশক্তির দৃশ্যমান প্রতীক। কিন্তু সেই শক্তিকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব সম্পূর্ণভাবে মাহুতদের ওপর নির্ভর করত। একটি ভুল সিদ্ধান্ত মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্রে বিপর্যয় ডেকে আনতে পারত। তাই একজন মাহুতের দক্ষতা মানে ছিল অসংখ্য প্রাণের নিরাপত্তা।
তবে সময়ের সঙ্গে সবই বদলাতে থাকে। আগ্নেয়াস্ত্র, কামান ও আধুনিক সামরিক প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে হাতির ভূমিকা ধীরে ধীরে অপ্রাসঙ্গিক করে তোলে। উপনিবেশিক শাসন কাঠামো বদলে দেয় বন ব্যবস্থাপনার ধরন। যন্ত্র এসে জায়গা নেয় হাতির। আইন ও সংরক্ষণ নীতিমালা বন্য প্রাণী ব্যবহারের ওপর আরোপ করে কঠোর নিয়ন্ত্রণ। এক সময় যে পেশা ছিল রাষ্ট্র ও অর্থনীতির কেন্দ্রবিন্দু, তা ধীরে ধীরে সরে যেতে থাকে এক কোণে।
আজ মাহুত পেশা আর আগের মতো নেই। কিছু অঞ্চলে তারা টিকে আছে পর্যটন, ধর্মীয় আচার কিংবা সংরক্ষিত বনাঞ্চলের সীমিত পরিসরে। তবু আধুনিক দুনিয়ায় মাহুত আর শক্তির প্রতীক নয়, তারা হয়ে উঠেছে স্মৃতির ধারক। আর দুঃখজনক হলেও সত্য, আজ অনেক জায়গায় এখনকার মাহুতরা হাতিকে নানা অন্যায় কাজে ব্যবহার করে, বিশেষ করে শহরের রাস্তায় চোখে পড়ে হাতিকে দিয়ে টাকা সংগ্রহ করার কৌশল। এ মাহুতের সঙ্গে প্রাচীন সম্ভ্রমের প্রতীক সেই পুরোনো মাহুতদের কোনো মিল নেই।
মাহুতদের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়, এক সময় মানুষ প্রকৃতিকে জয় করার চেয়ে তাকে বোঝার ওপর বেশি নির্ভর করত। এ পেশা ছিল বলপ্রয়োগের নয়, বরং সংযম ও সহাবস্থানের শিল্প।