ববি পিনের শতবর্ষ: নারীর আধুনিকতার ক্ষুদ্র ইতিহাস

প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বসবাসকারী এক প্রসাধনী উদ্যোক্তা লুইস মার্কাস নতুন ধরনের এক হেয়ারপিন নকশা করেন। দুটি সমান্তরাল ধাতব শলাকা, যার এক পাশে সামান্য ঢেউ, এই নকশা চুলকে শক্তভাবে আঁকড়ে ধরতে সক্ষম ছিল।

ফ্যাশনের দীর্ঘ ইতিহাসে এমন বস্তু খুব কমই আছে, যা আকারে এত ছোট অথচ তাৎপর্যে গভীর। ববি পিন সেরকমই এক বস্তু। সরু, ধাতব, প্রায় চোখে না পড়ার মতো এই হেয়ার ক্লিপটি আজ নারীদের দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এর জন্ম ও বিস্তারের পেছনে লুকিয়ে আছে বিংশ শতাব্দীর এক বড় সামাজিক পরিবর্তনের গল্প, নারীর আত্মপরিচয়, আধুনিকতার উত্থান এবং স্বাধীনতার প্রকাশ, যা শুরু হয়েছিল চুল কাটার মতো একটা ছোট্ট পদক্ষেপ থেকে।

‘ববি পিন’ শব্দটির ব্যবহার ইংরেজি ভাষায় শুরু হয় মূলত ১৯২০-এর দশকের মাঝামাঝি সময়ে, ১৯২৫ সালের দিকে। এই নামের উৎস কোনো ব্যক্তি ‘ববি’ নয়, বরং এটি এসেছে সেই সময়ের বহুল আলোচিত একটি চুলের স্টাইল ‘বব কাট’ থেকে। প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে ইউরোপ ও আমেরিকার শহুরে সমাজে নারীদের মধ্যে এই ছোট চুলের কাট দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল।

এই বব কাট নিছক একটি ফ্যাশন নয়, এটি ছিল এক সাংস্কৃতিক ঘোষণা। বহু শতাব্দী ধরে লম্বা চুল নারীত্ব, ভদ্রতা ও গৃহস্থালির প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। তার বিপরীতে ছোট চুল সাহসী, ব্যবহারিক এবং আধুনিকতা প্রতীক হিসেবে ব্যবহৃত হতে শুরু করল। ১৯২০ এর দশকে এই চুলের স্টাইল গ্রহণ করেছিলেন নৃত্যশিল্পী, অভিনেত্রী এবং তথাকথিত ‘ফ্ল্যাপার’ নারীরা, যাদের উদ্দীপনাময় জীবনধারা সামাজিক প্রথার সীমা ভেঙে প্রকাশ পেত প্রাণবন্ত নৃত্য এবং এক সাহসী, নতুন নান্দনিকতার মধ্য দিয়ে।

কিন্তু এই নতুন চুলের স্টাইলের সঙ্গে একটি বাস্তব সমস্যা ছিল। লম্বা চুলের জন্য তৈরি পুরনো হেয়ারপিন ও চিরুনি ছোট চুল সামলাতে পারছিল না। বব কাটের জন্য প্রয়োজন ছিল এমন একটি সরঞ্জাম, যা হবে দৃঢ়, হালকা এবং চোখে না পড়ার মতো। এই প্রয়োজন থেকেই জন্ম নেয় ববি পিন।

প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে, যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে বসবাসকারী এক প্রসাধনী উদ্যোক্তা লুইস মার্কাস নতুন ধরনের এক হেয়ারপিন নকশা করেন। দুটি সমান্তরাল ধাতব শলাকা, যার এক পাশে সামান্য ঢেউ, এই নকশা চুলকে শক্তভাবে আঁকড়ে ধরতে সক্ষম ছিল। তিনি চাইলে নিজের নামেই এই পিনের নামকরণ করতে পারতেন। কিন্তু সময়ের দাবি ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি এর নাম দেন ‘ববি পিন’, বব কাটের জন্য তৈরি পিন।

এই নামকরণ নিজেই ছিল এক ঐতিহাসিক দলিল। ববি পিন কেবল চুল ধরে রাখার উপকরণ নয়, এটি হয়ে উঠেছিল সেই নতুন নারীর নীরব সহচর, যিনি সমাজে নিজের জায়গা নিজেই গড়ে নিচ্ছিলেন। যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার অর্জন, কর্মক্ষেত্রে প্রবেশ এবং সামাজিক স্বাধীনতার সঙ্গে সঙ্গে বব কাট ও ববি পিন মিলেমিশে এক নতুন নারীত্বের ভাষা তৈরি করেছিল।

শিগগিরই ববি পিনের ব্যাপক উৎপাদন শুরু হয়। এটি সস্তা, সহজলভ্য এবং টেকসই হওয়ায় দ্রুত জনপ্রিয়তা পায়। ধীরে ধীরে এর নকশায় যুক্ত হয় রঙিন কোটিং, মরিচা প্রতিরোধক আবরণ এবং কখনো কখনো অলংকারধর্মী সাজ। নিউইয়র্ক থেকে লন্ডন, প্যারিস থেকে টোকিও, ববি পিন নারীর দৈনন্দিন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে।

সময়ের সঙ্গে ফ্যাশন বদলেছে, চুলের স্টাইল বদলেছে, কিন্তু ববি পিনের মৌলিক নকশা প্রায় অপরিবর্তিতই রয়ে গেছে। শতবর্ষের কাছাকাছি সময় ধরে এটি টিকে আছে তার সরলতা ও কার্যকারিতার কারণে।

বর্তমানে ববি পিন সারা বিশ্বেই পরিচিত, যদিও নাম ভিন্ন হতে পারে। যুক্তরাষ্ট্রে এটি ‘ববি পিন’, যুক্তরাজ্যে অনেক সময় একে বলা হয় ‘হেয়ার গ্রিপ’ বা ‘কার্বি গ্রিপ’। নাম বদলালেও বস্তুটি একই রয়ে গেছে, একটি ক্ষুদ্র কিন্তু অপরিহার্য সহায়ক।

আরও