জার্মানির বাভারিয়া অঞ্চলের বার্গসিন শহর। গত সোমবার সকালে সেখানে আর দশটা দিনের মতোই কেনাকাটা চলছিল পেনি রিটেইল চেইনের একটি সুপারমার্কেটে। কিন্তু হঠাৎ সেখানে ঢুকে পড়ল ৫০টি দলছুট ভেড়া। ক্রেতা আর কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই লোমশ অতিথিগুলো দাপিয়ে বেড়াতে শুরু করল দোকানের প্রতিটি সারি।
সুপারমার্কেট কর্তৃপক্ষ এক বিবৃতিতে রসিকতার ছলে বলেছে, ‘বোঝা মুশকিল ছিল ভেড়াগুলো কি বিশেষ কোনো ছাড়ে পণ্য খুঁজছিল, নাকি কেবল একটু উষ্ণতা পেতে ভেতরে ঢুকেছিল। মজার ব্যাপার হলো, ভেড়াগুলোকে সবচেয়ে বেশি ঘুরঘুর করতে দেখা গেছে বিল দেয়ার কাউন্টার বা চেকআউট এলাকায়।’
প্রত্যক্ষদর্শীরা জানান, ওরা দোকানের তাজা শাকসবজি বা ফলের দিকে একবারও ফিরে তাকায়নি। তবে পানীয়র সেকশনে ঢুকে বেশ কিছুটা হট্টগোল পাকিয়েছিল। ওদের ধাক্কাধাক্কিতে তাক থেকে কাঁচের বোতল পড়ে যায়। তবে ভিডিওতে দেখা গেছে, এত কাণ্ড ঘটিয়েও ভেড়াগুলো খুব একটা বিচলিত ছিল না, বরং ওরা বেশ কৌতূহল নিয়েই চারপাশ দেখছিল।
অদ্ভুত এ ঘটনার পেছনে একটি মজার কারণ জানিয়েছেন রাখাল ডিটার মিকলার। তিনি ৫০০ ভেড়ার একটি বিশাল পাল নিয়ে শীতের আশ্রয়ের দিকে যাচ্ছিলেন। পথে ওক ফল খাওয়ার লোভে ৫০টি ভেড়া দলছুট হয়ে যায়।
সুপারমার্কেটটিতে ঢুকছে ভেড়াগুলো। ছবি: ভিডিও থেকে সংগৃহীত
মিকলারের ধারণা, কোনো একজন ক্রেতা হয়তো হাতে ব্যাগ নিয়ে সুপারমার্কেটে ঢুকছিলেন। ভেড়াগুলো সেই ব্যাগ দেখে ভেবেছিল তাতে হয়তো লবণ বা ওদের প্রিয় খাবার আছে। আর সেই লোভেই তারা দল বেঁধে ঢুকে পড়ে সুপারমার্কেটের ভেতর।
প্রায় ২০ মিনিটের এই ‘শপিং অভিযান’ শেষ হয় দোকানের কর্মীদের প্রচেষ্টায়। তারা জোরে শব্দ করে ভেড়াগুলোকে ভয় দেখিয়ে বাইরে বের করে দেন। পরে এক ক্রেতা গাড়ি নিয়ে গিয়ে রাখালকে খবর দিলে তিনি এসে এগুলোকে আবার প্রধান পালে ফিরিয়ে নেন।
সুপারমার্কেট কর্তৃপক্ষ অবশ্য এ ঘটনায় মোটেও বিরক্ত হয়নি। তারা কোনো ক্ষতিপূরণ বা পরিষ্কার করার খরচ না চেয়ে উল্টো ঘোষণা দিয়েছে যে, ওই ৫০টি দলছুট ভেড়াকে তারা এক বছরের জন্য বিনামূল্যে খাবার দেবে। লণ্ডনের জার্মান দূতাবাসও মজার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রসিকতা করতে ছাড়েনি। পালে ফিরে যাওয়ার পর ভেড়াগুলো এখন বেশ সুখে আছে বলেই জানিয়েছেন তাদের রাখাল।
দ্য গার্ডিয়ান অবলম্বনে