কখনো কখনো পোষ্য প্রাণীদের গল্প মানুষের চেয়েও বেশি ছুঁয়ে যায়। চীনের উত্তর-পূর্বাঞ্চলের একটি শহরে সাতটি কুকুরের একটি দল নিখোঁজ হওয়ার কয়েক দিন পর হাড়কাঁপানো শীত উপেক্ষা করে প্রায় ১৭ কিলোমিটার পথ হেঁটে নিজেদের গ্রামে ফিরে এসেছে। তাদের এই রোমাঞ্চকর অভিযানের ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর তা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।
চীনের জিলিন প্রদেশের রাজধানী চাংচুনে ঘটেছে এই ঘটনা। গত ১৫ মার্চ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও। ভিডিওতে দেখা যায়, কনকনে ঠান্ডার মধ্যে একটি মহাসড়ক দিয়ে সাতটি কুকুর সারিবদ্ধভাবে হেঁটে চলছে। এই দলে ছিল গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, জার্মান শেফার্ড ও পেকিনিসের মতো বিভিন্ন জাতের কুকুর। তবে পুরো দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিল একটি ছোট্ট কর্গি জাতের কুকুর, যার নাম ‘দাপাং’ বা আদর করে ডাকা হয় ‘বিগ ফ্যাটি’।
দলকে সামনে থেকে নেতৃত্ব দেয়া 'দাপাং' নামের সেই কর্গি কুকুরটি
ভিডিওটি প্রকাশ পাওয়ার পর স্থানীয় একটি পশু উদ্ধার কেন্দ্রের স্বেচ্ছাসেবী টং টং কুকুরগুলোর নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। চাংচুনের তাপমাত্রা তখন হিমাঙ্কেরও নিচে। তুষারপাতের মধ্যে কুকুরগুলো ক্ষুধার্ত কি না, তা জানতে তিনি ড্রোন নিয়ে তাদের খুঁজতে বেরিয়ে পড়েন। অন্যদিকে কুকুরগুলোর মালিকরাও হন্যে হয়ে তাদের খুঁজছিলেন। তারা প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন যে, হয়তো আর কুকুরগুলোকে পাওয়া যাবে না।
অবশেষে ১৯ মার্চ জানা যায়, কুকুরগুলো নিজেরাই ঘরে ফিরেছে। দলের তিনটি কুকুরের মালিক এক নারী জানান, চার দিন ধরে তিনি তার কুকুরগুলোকে খুঁজছিলেন। প্রায় আশা ছেড়ে দেয়ার মুহূর্তে ১৮ মার্চ দাপাং নামের কর্গি কুকুরটি হঠাৎ ঘরে ফিরে আসে। এরপর আশপাশের গ্রাম খোঁজ করে তিনি অন্য কুকুরগুলোকেও খুঁজে পান। বাকি সব কুকুররা অন্য একজন গ্রামবাসীর কাছে আশ্রয় নিয়েছিল।
এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে কুকুরগুলো কেন হারিয়ে গিয়েছিল, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়ায়। কেউ কেউ আশঙ্কা করেছিলেন, হয়তো মাংসের জন্য তাদের ধরে নেয়া হয়েছিল। আবার কেউ বলেন, মাংস বিক্রির জন্যও চুরি করা হতে পারে।
তবে পরে প্রাদেশিক কর্তৃপক্ষ জানিয়েছে, একটি জার্মান শেফার্ড কুকুরের প্রজননকালীন আচরণের কারণে তারা নিজেরাই দল বেঁধে বেরিয়ে গিয়েছিল।
এ ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে যেমন আবেগ ছড়িয়েছে, তেমনি কিছু মানুষ মজা করে বলছেন, এ গল্প নিয়ে সিনেমা বানানো যেতে পারে। কেউ কেউ এটিকে বাস্তব জীবনের কার্টুন অভিযানের সঙ্গে তুলনা করেছেন। তারা বলেছে, ‘এই কুকুর দলটি নিয়ে ‘পাও প্যাট্রোল’ কার্টুনের মতো কোনো সিনেমা বানানো উচিত।’
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ভিডিওটি দেখে চোখে পানি এসে গেছে। কুকুর সত্যিই মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু।’
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া কুকুরগুলোর প্রত্যাবর্তনের ভিডিওটি ২৩ কোটিরও বেশিবার দেখা হয়েছে।
অনুবাদ— মাহফুজা মিম