রাত বারোটায় হুটহাট আসা একটা মিটিং মেইল। ক্যালেন্ডার এতটাই ভরাট যে চিন্তা করার ফাঁক নেই। শরীর মানিয়ে নিচ্ছে ঠিকই। কম ঘুম, তাড়াহুড়ো করে খাওয়া, দীর্ঘ কর্মঘণ্টা। উৎপাদনশীলতা বাড়ছে। বাড়ছে প্রমোশনও। তারপর? যে কাজ একসময় অর্থপূর্ণ মনে হতো, তা ধীরে ধীরে যান্ত্রিক হয়ে ওঠে। প্রেরণা ক্ষয়ে যায়। ক্লান্তি এমন গভীরে গিয়ে বসে, যেখানে বিশ্রাম পৌঁছাতে পারে না। এইভাবেই বার্নআউট আসে। করপোরেট বানআউট আর প্রতিযোগিতা এই দুইয়ের মাঝখানে হারিয়ে যেতে থাকে মানুষের সত্তা। দুই হাজার পাঁচশো বছরেরও আগে, এক মানুষ এই দুই চরম পথ ছেড়ে অন্য এক পথের সন্ধান করেছিলেন। তিনি হলেন গৌতম বুদ্ধ। আর তার আবিষ্কৃত সেই পথ ‘মধ্যমার্গ বা মজ্ঝিমা পতিপদা’ এত বছর পরও হয়ে আছে প্রাসঙ্গিক।
এক ভিন্ন পথের আবিষ্কার
বুদ্ধত্ব লাভের আগে তার নিজের জীবনই ছিল চরম এক যাত্রা। রাজকীয় বিলাসিতার মধ্যে বেড়ে ওঠা-আরাম, ভোগ, স্বাচ্ছন্দ্য সবই তিনি যাপন করেছিলেন। কিন্তু সত্যের সন্ধান পাননি। এরপর তিনি ছুটে গেলেন বিপরীত প্রান্তে-কঠোর তপস্যায়। খাদ্য, ঘুম, আরাম সবকিছু থেকে নিজেকে বঞ্চিত করলেন। সেটিও ব্যর্থ হলো। অবশেষে তিনি উপলব্ধি করলেন,এই দুই চরম পথই ভ্রান্ত। ভোগ মনকে আচ্ছন্ন করে, আর অতি দমন শরীর-মনকে দুর্বল করে। কোনোটিই সত্যের দিকে নিয়ে যায় না। তখনই তিনি বেছে নিলেন তৃতীয় এক পথ। মধ্যমার্গ কোনো আপস নয়, কোনো গড়পড়তা পথও নয়। এটি এক সূক্ষ্ম জীবনবোধ। যেখানে অতিরঞ্জিত জীবন ও বঞ্চনা, উভয়কেই অতিক্রম করে এক ভারসাম্যপূর্ণ, সচেতন জীবনযাপন গড়ে ওঠে।
আধুনিক রূপ
বুদ্ধের সময় আর আমাদের সময়ের মধ্যে এক আশ্চর্য মিল আছে। আজকের করপোরেট জীবনও দাঁড়িয়ে আছে দুইদিকের দুই চরম পথের ওপর। একদিকে আছে ভোগের সংস্কৃতি-উচ্চ বেতন, বিলাসিতা, করপোরেট সুবিধা, সাফল্যের উত্তেজনা। অন্যদিকে আছে আধুনিক রূপে আত্ম-নিগ্রহ। যা আমরা আজ ‘হাসল কালচার’ নামে চিনি। দীর্ঘ কর্মঘণ্টা, অবিরাম চাপ, ব্যক্তিগত জীবনের ত্যাগ এগুলো যেন সাফল্যের অপরিহার্য শর্ত। ফলত, একজন কর্মী এই দুই প্রান্তের মধ্যে দোল খেতে থাকে। অতিরিক্ত কাজ করে ক্লান্ত হয়ে পড়ে, আবার সেই ক্লান্তি ঢাকতে ভোগের আশ্রয় নেয়। এই চক্র কখনো ভাঙে না যা জন্ম দেয় বার্নআউটের।
বার্নআউট: ভারসাম্যহীনতার উপসর্গ
আমরা প্রায়ই বলি বার্নআউট মানে অতিরিক্ত কাজের চাপ। কিন্তু আসলে এটি তার চেয়েও গভীর কিছু। বার্নআউট হলো এক ধরনের অসামঞ্জস্যতা। যখন পরিশ্রম অর্থহীন হয়ে পড়ে, উচ্চাকাঙ্ক্ষা একসময় বাধ্যবাধকতায় পরিণত হয়, বিশ্রামকে দুর্বলতা মনে হয় তখনই এই অবস্থার সৃষ্টি হয়। মনস্তাত্ত্বিকভাবে বার্নআউটের লক্ষণ হলো— চরম মানসিক ক্লান্তি, কাজের প্রতি অনাগ্রহ ও অর্জনের অনুভূতির ক্ষয়। বৌদ্ধ দর্শনে এর শিকড় খুঁজে পাওয়া যায় তৃষ্ণা বা আকাঙ্ক্ষার মধ্যে। এই তৃষ্ণাই মানুষকে এমন এক চক্রে আটকে রাখে, যেখানে সন্তুষ্টি সাময়িক, আর পরিশ্রম চিরস্থায়ী।
বীণার তার: এক অনন্য উপমা
বুদ্ধ একবার বলেছিলেন, ‘একটি বীণার তার যদি খুব টানটান করা হয়, তা ছিঁড়ে যায়। আবার যদি খুব ঢিলে রাখা হয়, তাতে কোনো সুর ওঠে না।’ এই উপমা আজকের মানুষের কর্মজীবনের জন্যও যেন এক নিখুঁত প্রতিচ্ছবি। অতিরিক্ত চাপ বার্নআউটের দিকে নিয়ে যায়। অতিরিক্ত শিথিলতা অর্থহীনতার দিকে। মধ্যমার্গ হলো সেই অবস্থান, যেখানে কাজ আছে, কিন্তু তা ধ্বংসাত্মক নয়। উচ্চাকাঙ্ক্ষা আছে, কিন্তু তা গ্রাসকারী নয়।
‘সম্যক প্রচেষ্টা’: ভুল বোঝা ধারণা
আজকের পৃথিবীতে পরিশ্রম মানেই যেন সীমাহীন প্রচেষ্টা। যত বেশি, তত ভালো। কিন্তু বুদ্ধের শিক্ষা ভিন্ন। তিনি বলেন, ‘সঠিক প্রচেষ্টা মানে সচেতনতা, ভারসাম্যপূর্ণ প্রচেষ্টা, উদ্দেশ্যমূলক কাজ।’ এই ধারণা আধুনিক কর্মসংস্কৃতির একটি বড় ভুলকে সামনে আনে, ‘যে বেশি চাপ নিলে, তত বেশি সফল হওয়া যায়।’ মধ্যমার্গ বলে, সাফল্য আসে সঠিক পরিমিতি থেকে, অতিরিক্ততা থেকে নয়।
ভারসাম্য কেন এত কঠিন?
যদি মধ্যমার্গ এত যুক্তিসঙ্গত হয়, তবে তা অনুসরণ করা এত কঠিন কেন? কারণ, আমাদের সমাজ ও কর্মপরিবেশ চরমতাকেই পুরস্কৃত করে। দীর্ঘ কর্মঘণ্টা মানে নিষ্ঠা। বিশ্রাম মানে অলসতা। ‘না’ বলা মানে অনাগ্রহ। এই পরিবেশে ভারসাম্য যেন এক ঝুঁকি। এটি এমন এক বিভ্রম, যেখানে ব্যস্ততাকে মূল্য আর অতি পরিশ্রমকে সাফল্য মনে করা হয়। মধ্যমার্গ আমাদের এই ভুল ধারণাকে প্রশ্ন করতে শেখায়।
এক নীরব বিপ্লব
আজকের এই ক্লান্ত, বিভ্রান্ত, অতিরিক্ত চাপের পৃথিবীতে, মধ্যমার্গ কোনো প্রাচীন দর্শন নয়, এটি প্রয়োজনে রূপ নিয়েছে। যা হয়তো তাৎক্ষণিক সাফল্যের প্রতিশ্রুতি দেয় না। কিন্তু দীর্ঘস্থায়ী স্থিতি দেয়। এই প্রতিযোগিতামূলক পৃথিবী হয়তো তার চরম অবস্থা থেকে সহজে সরে আসবে না। কিন্তু একজন ব্যক্তি তার নিজের অবস্থান বদলাতে পারে। সিদ্ধান্ত নিতে পারে, তার জীবনকে অতিরিক্ত টানটান করে ভেঙে ফেলবে না, আবার ঢিলে করে অর্থহীনও করে তুলবে না। সে বেছে নিতে পারে ভারসাম্যকে। আর সেই বেছে নেওয়ার মধ্যেই লুকিয়ে আছে এক নীরব বিপ্লব। কারণ, বার্নআউট কেবল ব্যক্তিগত ব্যর্থতা নয়—এটি এক সংস্কৃতির ফল, যে সংস্কৃতি ভুলে গেছে তার মৌলিক সত্য।