থাইল্যান্ডের এক ব্যক্তি সদ্য কেনা আইসক্রিম বার খোলার পর ভীষণভাবে চমকে ওঠেন। কারণ প্যাকেট খুলে যা দেখেছেন, তা তার কল্পনায়ও ছিল না। আইসক্রিমের ভেতর বরফে জমে আছে সাপ।
দ্য স্টেইটস টাইমসের প্রতিবেদন অনুসারে, চমকে উঠলেও আতঙ্কিত না হয়ে ফেসবুক টাইমলাইনে পোস্ট করেন আইসক্রিমের ছবি। যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, আইসক্রিমের ভেতরে আস্ত সাপ।
গত ৪ মার্চ ছবিটি আপলোড করার পর ভাইরাল হতে সময় নেয়নি। পরদিন সন্ধ্যার মধ্যে নয় হাজারের বেশির ভাগ শেয়ার করেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।
ছবিগুলোতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, কালো-হলুদ রঙের সাপের মাথা বেরিয়ে আছে। ক্যাপশনে ওই ব্যক্তি জানান, ভ্রাম্যমাণ কার্ট থেকে আইসক্রিমটি কিনেছিলেন।
পোস্টের কমেন্টে অনেকে ঘটনাটি নিয়ে মজা করেছেন। কারো কারো প্রশ্ন, গরম আবহাওয়ায় সাপটি পুনরায় জীবিত হবে কি না। আবার কেউ বলছেন, এটি ‘প্রোটিন বুস্টিং’ আইসক্রিম। স্বভাবতই এ অপ্রত্যাশিত ঘটনায় অনেকে আতঙ্ক প্রকাশ করেছেন।
অনেকেই ধারণা করেছেন, এটি গোল্ডেন ট্রি স্নেক। থাই ন্যাশনাল পার্কস ওয়েবসাইট অনুসারে, গোল্ডেন ট্রি স্নেক বিষাক্ত এবং এটি ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পাওয়া যায়।