আজ ১১ এপ্রিল, জাতীয় পোষা প্রাণী দিবস। আমাদের নিঃসঙ্গ জীবনের পরম বন্ধু ও পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠা অবলা প্রাণীদের প্রতি ভালোবাসা জানানোর দিন এটি। বর্তমানে ঘরের ভেতরে বিভিন্ন ধরনের প্রাণী পোষার চল বেড়েছে। আমাদের শহুরে ব্যস্ত জীবনে তারা আমাদের একটুখানি সঙ্গ, যেখানে কথা না বলেও বোঝাপড়া হয়, ক্লান্তি দূর হয় এ প্রাণীদের নিঃশব্দ উপস্থিতিতে।
কুকুরের উচ্ছ্বাস, বিড়ালের নির্লিপ্ত ভালোবাসা কিংবা অ্যাকুয়ারিয়ামের কচ্ছপ বা মাছের নিঃশব্দ চলাফেরা— প্রতিটি প্রাণীর যত্নের ধরন আলাদা, প্রয়োজনও ভিন্ন। সঠিকভাবে পরিচর্যা করতে পারলে ছোট্ট এ সঙ্গীরাই হয়ে উঠতে পারে ঘরের সবচেয়ে আপন সদস্য।
তবে একেক প্রাণীর স্বভাব ও চাহিদার ধরন একেক রকম। বিশেষ এ দিবস উপলক্ষে নিজের প্রিয় সঙ্গীটির জন্য ঘরের পরিবেশ কীভাবে সাজাতে হবে এবং কীভাবে তাদের যত্ন নেয়া যেতে পারে, তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো,
কুকুর
কুকুর পোষা মানেই দায়িত্বশীল একটি সম্পর্ক গড়ে তোলা। ঘরের ভেতরে তাদের জন্য নির্দিষ্ট ঘুমানোর জায়গা, পরিষ্কার পরিবেশ ও পর্যাপ্ত চলাফেরার সুযোগ রাখা জরুরি। প্রতিদিন বাইরে হাঁটানো, সময়মতো খাবার দেয়া ও নিয়মিত ভ্যাক্সিন বা টিকা নিশ্চিত করতে হয়। কুকুর মানুষের সান্নিধ্য পছন্দ করে, তাই তাদের সঙ্গে সময় কাটানো তাদের মানসিক সুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়াও কুকুরের জন্য ঘরের ভেতরে তাদের একটি নিজস্ব সীমানা বা নির্দিষ্ট বিছানা থাকা জরুরি। কুকুর যেহেতু অনুকরণপ্রিয় ও প্রভুভক্ত, তাই তাদের নিয়মিত গ্রুম করাও জরুরি। পরিষ্কার-পরিচ্ছন্নতা, গোসল, নখ কেটে দেয়া, শরীরের পশম ট্রিম করে দেয়াসহ ঘরের ভেতরে তাদের শান্ত রাখতে তাদের জন্য চিবানোর উপযোগী খেলনা দেয়া যেতে পারে।
বিড়াল
বিড়াল নিজের মতো থাকতে ভালোবাসলেও নিরাপদ ও আরামদায়ক পরিবেশ তাদের জন্য জরুরি। ঘরের ভেতরে একটি নির্দিষ্ট লিটার বক্স (মল-মূত্র ত্যাগের স্থান), নরম শোবার জায়গা ও খেলাধুলার কিছু উপকরণ থাকলে তারা বেশ স্বাচ্ছন্দ্যে থাকে। বিড়াল সাধারণত নিজেকে পরিষ্কার রাখে, তবে প্যারেন্টদেরও এ বিষয়ে নিয়মিত নজর রাখা প্রয়োজন।
বিড়াল নখ দিয়ে আসবাবপত্র আঁচড়াতে পছন্দ করে, তাই তাদের জন্য একটি ‘স্ক্র্যাচিং পোস্ট’ কিনে দেয়া যেতে পারে। বিড়ালের লোম পরিষ্কার রাখতে নিয়মিত ব্রাশিং এবং তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা প্রয়োজন। এছাড়া অবশ্যই সময়মতো র্যাবিস ও ফ্লু ভ্যাক্সিন নিশ্চিত করতে হবে।
পাখি
নানা রঙের পাখি ঘরের সৌন্দর্য ও সজীবতা বহুগুণ বাড়িয়ে দেয়। পাখির খাঁচাটি ঘরের এমন জায়গায় রাখা উচিত যেখানে পর্যাপ্ত আলো ও বাতাস চলাচল করে, কিন্তু সরাসরি কড়া রোদ বা এসির বাতাস যেন না লাগে।
পাখি পোষার ক্ষেত্রে খাঁচার আকার ও পরিবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রশস্ত, আলো-বাতাস চলাচল করে এমন খাঁচা তাদের জন্য উপযোগী। প্রতিদিন পরিষ্কার পানি ও খাবার দিতে হয়। মাঝে মাঝে খাঁচা থেকে বের করে দিলে পাখিরা ডানা মেলে উড়তে পারে, যা তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ভালো।
খরগোশ
খরগোশ খুব শান্ত ও ভীরু স্বভাবের হয়। ঘরের ভেতর তাদের ছেড়ে পাললে বৈদ্যুতিক তার বা বিষাক্ত গাছপালা থেকে সাবধানে রাখতে হবে, কারণ তারা সবকিছু কামড়াতে পছন্দ করে। এদের থাকার জন্য একটি অন্ধকার ও আরামদায়ক বক্স বা খাঁচা থাকা দরকার যেখানে তারা ভয় পেলে লুকিয়ে থাকতে পারে।
নরম বিছানা দেয়া খাঁচা বা ঘরের একটি কোণ খরগোশের জন্য উপযুক্ত হতে পারে। এদের তাজা ঘাস, শাকসবজি ও পরিষ্কার পানি নিয়মিত দিতে হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখলে তারা দ্রুত অসুস্থ হয়ে পড়তে পারে।
মাছ ও কচ্ছপ
অল্প জায়গায় যারা শৌখিনতা পছন্দ করেন তাদের জন্য একুরিয়ামের রঙিন মাছ বা কচ্ছপ সেরা। মাছের একুরিয়ামে পর্যাপ্ত অক্সিজেন ও ফিল্টার ব্যবহার করা জরুরি যাতে পানি দ্রুত দূষিত না হয়। কচ্ছপের জন্য খেয়াল রাখতে হবে যেন জলের পাশাপাশি তারা শুকনো বা ডাঙা জায়গাও পায়। কচ্ছপকে প্রতিদিন কিছু সময় প্রাকৃতিক সূর্যের আলোতে রাখা তাদের হাড় ও খোলস মজবুত করতে সাহায্য করে।
তবে পানির গুণগত মান খারাপ হলে মাছ দ্রুত অসুস্থ হয়ে যেতে পারে, তাই নির্দিষ্ট সময় পরপর পানি পরিবর্তন করা প্রয়োজন।
ইঁদুর বা হ্যামস্টার
বিদেশের মতো বর্তমানে আমাদের দেশেও ছোট আকারের হ্যামস্টার বা সাদা ইঁদুর পোষার চল শুরু হয়েছে। এদের জন্য ছোট কিন্তু বাতাস চলাচলের সুবিধাযুক্ত খাঁচা প্রয়োজন। খাঁচার ভেতরে দৌড়ানোর জন্য একটি চাকা বা হুইল রাখা আবশ্যক। কারণ এরা শরীরচর্চা করতে খুব ভালোবাসে। এদের খাঁচায় কাঠের গুঁড়ো বা নরম কাগজ বিছিয়ে দিলে তারা গর্ত খুঁড়ে নিশ্চিন্তে ঘুমাতে পারে।
এরা সাধারণত রাতে বেশি সক্রিয় থাকে। তাই খাবার ও পানি সবসময় সহজলভ্য রাখতে হয়। নিয়মিত খাঁচা পরিষ্কার রাখলে তারা সুস্থ ও প্রাণবন্ত থাকে।
পোষা প্রাণী শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং দায়িত্ব ও ভালোবাসার একটি সম্পর্ক। সঠিক যত্ন ও মনোযোগ পেলে এই ছোট্ট প্রাণীরাই হয়ে উঠতে পারে ঘরের সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী।