আল্লামা মুহাম্মদ ইকবালের জন্মতারিখ নিয়ে দীর্ঘদিন ধরে মতভিন্নতা রয়েছে। বিভিন্ন জীবনীকার, গবেষক ও প্রাতিষ্ঠানিক নথিতে তার জন্মসাল হিসেবে ১৮৭৩, ১৮৭৫, ১৮৭৬ ও ১৮৭৭ উল্লেখ করা হয়েছে। ফলে তার জন্মশতবার্ষিকী কোন বছর উদ্যাপন করা হবে, তা নিয়েও বিতর্ক তৈরি হয়। এ বিতর্কের সমাধান দেন গবেষক জগন নাথ আজাদ। তিনি ‘ইকবাল: মাইন্ড অ্যান্ড আর্ট’ বইয়ের প্রথম অধ্যায় ‘ইকবাল’স ডেট অব বার্থ’-এ এ বিতর্কের উৎস, বিভিন্ন তথ্যের নির্ভরযোগ্যতা এবং ইকবালের নিজের দেয়া জন্মতারিখ বিশ্লেষণ করেছেন। সব তথ্য পর্যালোচনা করে আজাদ দেখান, ইকবালের জন্ম ছিল ৯ নভেম্বর ১৮৭৭।
ইকবালের জন্মতারিখ নিয়ে বিতর্কটি বিশেষভাবে সামনে আসে ১৯৭৩ সালে। ওই বছর ২২ ফেব্রুয়ারি ভারতে কয়েকটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন তার জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি নেয়। কারণ, প্রচলিত একটি তথ্যানুযায়ী ইকবালের জন্ম ১৮৭৩ সালের ২২ ফেব্রুয়ারি। এ তারিখের পক্ষে গুরুত্বপূর্ণ সূত্র ছিল লাহোরের উর্দু দৈনিক ইনকিলাবে ১৯৩৮ সালের ৭ মে প্রকাশিত একটি প্রতিবেদন। সেখানে বলা হয়, ইকবালের বড় ভাই শেখ আতা মোহাম্মদের দেয়া ১৮৭৬ সালের তথ্য সঠিক নয়। তাদের অনুসন্ধানে জানা গেছে, ইকবালের জন্ম ১৮৭৩ সালের ২২ ফেব্রুয়ারি। পরবর্তী সময়ে আবদুল মজিদ সালিক তার জিকর-ই-ইকবাল বইয়ে এ তারিখ উল্লেখ করেন। তিনি জানান, শিয়ালকোটের পৌরসভার জন্মনিবন্ধন যাচাই করে তারিখটি নিশ্চিত হওয়া গেছে।
তবে আজাদ এ তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, ইনকিলাবের প্রতিবেদনটি যথেষ্ট যাচাই-বাছাই ছাড়াই প্রকাশিত হয়েছিল। ইকবালের ভাতিজা শেখ ইজাজ আহমদের বক্তব্য অনুযায়ী, তাদের পরিবারে এমন কোনো নথি ছিল না, যেখানে ২২ ফেব্রুয়ারি ১৮৭৩-কে ইকবালের জন্মতারিখ হিসেবে উল্লেখ করা হয়েছে। পৌরসভার যে নথির কথা বলা হয়, তাতে শেখ নাথু নামের এক ব্যক্তির ঘরে ওই তারিখে একটি পুত্রসন্তান জন্মের তথ্য ছিল; কিন্তু শিশুটির নাম লেখা ছিল না। শেখ নাথু ইকবালের বাবা শেখ নূর মোহাম্মদের পরিচিত নাম হলেও শুধু এ তথ্যের ভিত্তিতে শিশুটিকে ইকবাল বলে নিশ্চিত করা যায় না।
জগন নাথ আজাদ
পাকিস্তানের শিয়ালকোটের মারে কলেজের একটি তথ্যও এ বিতর্কে ব্যবহৃত হয়েছিল। কলেজের ভর্তি নিবন্ধনে ইকবালের জন্মতারিখ হিসেবে ২২ ফেব্রুয়ারি ১৮৭৩ উল্লেখ করার কথা বলা হয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষের ১৯৬৩ সালের ২০ এপ্রিলের একটি চিঠিতে জানানো হয়, ইকবাল ১৮৯৩ সালের ৫ মে কলেজে ভর্তি হয়েছিলেন এবং ভর্তি নিবন্ধনে তার বয়স লেখা ছিল ১৮ বছর। সেখানে জন্মের নির্দিষ্ট তারিখ উল্লেখ ছিল না। আজাদের মতে, কলেজের অধ্যক্ষ পরবর্তী সময়ে ইনকিলাবের প্রতিবেদন অনুসরণ করে যে মন্তব্য লিখেছিলেন, সেটিকে মূল নথির তথ্য হিসেবে বিবেচনা করা ঠিক নয়।
জন্মসাল নিয়ে অন্যান্য গবেষকের বক্তব্যেও পরিবর্তন দেখা যায়। মুনশি মোহাম্মদ উদ্দিন ফৌক ১৯৩০ সালে ইকবালের জন্মসাল ১৮৭৫ উল্লেখ করেছিলেন। কিন্তু ১৯৩২ সালে তিনি নিজের বক্তব্য সংশোধন করে ১৮৭৬ সালকে সঠিক বলে জানান। ইকবালের বড় ভাই শেখ আতা মোহাম্মদও ১৮৭৬ সালের কথা বলেছিলেন। স্যার পার্সিভ্যাল স্পিয়ার ইকবালের জন্মসাল ১৮৭৬ উল্লেখ করেন। এমনকি ইকবালের পাসপোর্টেও ১৮৭৬ সাল লেখা ছিল। তবে আজাদ মনে করেন, এসব তথ্যের চেয়ে ইকবালের নিজের দেয়া হিজরি তারিখ অধিক গুরুত্বপূর্ণ।
ইকবাল ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি আলোচনা করতে আগ্রহী ছিলেন না। তার ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ শফির স্মৃতিচারণ অনুযায়ী, একবার জন্মতারিখ নিয়ে আলোচনা উঠলে ইকবাল বলেছিলেন, কখন জন্মেছেন বা কোথায় পড়াশোনা করেছেন, এর চেয়ে তার চিন্তার বিকাশ নিয়ে গবেষণা করা বেশি গুরুত্বপূর্ণ। তবু জন্মতারিখ নির্ধারণের ক্ষেত্রে তার নিজের বক্তব্যই আজাদের অনুসন্ধানের কেন্দ্রীয় সূত্র হয়ে ওঠে।
ইকবালের বোনের দেয়া পারিবারিক স্মৃতিও এখানে গুরুত্বপূর্ণ। শেখ ইজাজ আহমদের কাছে তার ফুফু জানিয়েছিলেন, ইকবালের জন্ম হয়েছিল শুক্রবার ভোর চারটায়। আজাদ ১৮৭২ থেকে ১৮৭৭ সালের মধ্যে ২২ ফেব্রুয়ারির বার যাচাই করে দেখান, ওই তারিখ কোনো বছরই শুক্রবার ছিল না। অন্যদিকে ১২৯৪ হিজরির ৩ জিলকদ ছিল শুক্রবার। এ হিজরি তারিখের সঙ্গে খ্রিস্টীয় বর্ষপঞ্জির হিসাব মিলিয়ে তিনি ৯ নভেম্বর ১৮৭৭-কে ইকবালের জন্মদিন হিসেবে চিহ্নিত করেন।
এ তারিখের রূপান্তর নিয়েও মতভেদ ছিল। উসমান নালিয়াওয়ালা ৩ জিলকদ ১২৯৪-কে ইকবালের জন্মতারিখ হিসেবে মেনে নিলেও এর খ্রিস্টীয় তারিখ ১৪ নভেম্বর ১৮৭৭ বলে মত দেন। আজাদ এ হিসাবের সঙ্গে একমত নন। এ এস মুফতি ও শামসুল হক আনসারির বর্ষপঞ্জি-সংক্রান্ত হিসাব উল্লেখ করে তিনি দেখান, ৯ নভেম্বর ১৮৭৭ ছিল শুক্রবার; ১৪ নভেম্বর ছিল বুধবার। করাচির সরদার আলী সাবরির সংরক্ষিত বিভিন্ন বর্ষপঞ্জির তথ্যেও ৯ নভেম্বর ১৮৭৭-এর সঙ্গে ৩ জিলকদ ১২৯৪-এর মিল পাওয়া যায়।
জন্মসাল ১৮৭৭ হওয়ার পক্ষে আজাদ আরো কয়েকটি পারিবারিক ও প্রাতিষ্ঠানিক তথ্য তুলে ধরেছেন। ইকবালের বড় ভাই শেখ আতা মোহাম্মদ নিজের জন্মসাল ১৮৫৯। ইকবালের চেয়ে ১৮ বছরের বড় ছিলেন বলে দাবি করেন তিনি—এ হিসাবও ইকবালের জন্মসাল ১৮৭৭ হওয়ার পক্ষে যায়। ইকবালের ছেলে আফতাব ইকবাল জানান, ১৮৯৮ সালে তার জন্মের সময় তার বাবার বয়স ছিল ২১ বছর। ইকবালের শিক্ষাজীবনের তথ্যও একই সিদ্ধান্তকে সমর্থন করে।
মুহাম্মদ ইকবাল
ইকবালের সমাধিফলকে লেখা ১২৯২ হিজরি জন্মসাল নিয়েও প্রশ্ন তুলেছেন আজাদ। তিনি জানান, এ তারিখের পক্ষে ইকবালের নিজের কোনো লেখা বা নির্ভরযোগ্য পারিবারিক নথি পাওয়া যায় না। ১৯৬২ সালে পাকিস্তান সফরের সময় তিনি বিষয়টি নিয়ে ইকবাল মাজার কমিটির কাছে জানতে চেয়েছিলেন। কিন্তু কমিটির তৎকালীন সচিব খাজা আবদুর রহিমও তারিখটির ভিত্তি জানাতে পারেননি। ফলে সমাধিফলকের তথ্যকে নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে গ্রহণের সুযোগ নেই।
জন্মতারিখের বিতর্কের সঙ্গে জড়িয়ে পড়ে ১৯৭৩ সালে জন্মশতবার্ষিকী উদযাপনের প্রশ্নও। ভারতে ১৯৭৩ সালে শতবার্ষিকী উদযাপনের প্রস্তুতি শুরু হলেও পরে গবেষণার ভিত্তিতে ১৯৭৭ সালকে উপযুক্ত বছর হিসেবে নির্ধারণ করা হয়। আলিগড়ের একটি সেমিনারে আলী সরদার জাফরি ১৯৭৭ সালে জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তাব দেন। অধ্যাপক আলে আহমদ সুরুর সমর্থনে প্রস্তাবটি গৃহীত হয়। পরে ভারত ও পাকিস্তানের সংশ্লিষ্ট কমিটিগুলোও ১৯৭৭ সালে শতবার্ষিকী উদযাপনের সিদ্ধান্ত নেয়।
ইকবালের দেয়া তথ্যও সংশোধন করেছেন বলেও দাবি করেন জগন নাথ আজাদ। পিএইচডি থিসিসের পরিচিতিমূলক অংশে ইকবাল লিখেছিলেন, তিনি ১২৯৪ হিজরির ৩ জিলকদ শিয়ালকোটে জন্মগ্রহণ করেছেন। ১৯৩১ সালে পাসপোর্টের আবেদনেও জন্মসাল ১৮৭৬ লেখা হয়েছিল। এ জায়গায় আজাদের ব্যাখ্যা হলো, ইকবাল হিজরি তারিখটি সঠিকভাবে মনে রেখেছিলেন, কিন্তু খ্রিস্টীয় বর্ষপঞ্জিতে রূপান্তরের সময় এক বছরের ভুল করেছিলেন। তার মৃত্যুর পর সিভিল অ্যান্ড মিলিটারি গেজেটে প্রকাশিত শোকসংবাদেও জন্মতারিখ ৯ নভেম্বর ১৮৭৭ উল্লেখ করা হয়েছিল।
আজাদ দেখিয়েছেন, একটি ভুল তথ্য সংবাদপত্র, জীবনীগ্রন্থ ও প্রাতিষ্ঠানিক নথির পুনরাবৃত্তির মাধ্যমে কীভাবে প্রতিষ্ঠিত সত্যের রূপ নিতে পারে। তাই জীবনী রচনায় উৎস, প্রেক্ষাপট ও নির্ভরযোগ্যতা যাচাই করাই জরুরি।
তথ্যসূত্র: জগন নাথ আজাদ, Iqbal: Mind and Art, “Iqbal’s Date of Birth”