আজ ১৬ অক্টোবর। ১৯৬২ সালের আজকের দিনে কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের সূচনা হয়। এদিন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি-কে জানানো হয়, গোয়েন্দা উড়োজাহাজ তোলা ছবিতে কিউবায় পারমাণবিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটির উপস্থিতি ধরা পড়েছে।
এবার জানুন এদিনের আরো উল্লেখযোগ্য ঘটনা ও বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যু—
যা ঘটেছিল
১৭৯৩: ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানি মারি আঁতোয়ানেতের শিরশ্ছেদ করা হয়।
১৮৫৯: দাসপ্রথা বিলোপের পক্ষে সোচ্চার আন্দোলনকারী জন ব্রাউন তৎকালীন পশ্চিম ভার্জিনিয়ার হার্পার্স ফেরিতে যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে হামলা চালান। এ ঘটনায় ব্রাউনের ১০ সহযোগী নিহত হন এবং পাঁচজন পালিয়ে যান। ব্রাউন ও তার ছয় অনুসারী গ্রেফতার হন। পরে তাদের সবার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
১৯৩৪: চীনের জাতীয়তাবাদী বাহিনীর অবরোধের মুখে দক্ষিণ-পূর্ব চীন থেকে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের উদ্দেশে দীর্ঘ পদযাত্রা শুরু করে কমিউনিস্ট বাহিনী।
১৯৬৪: চীন প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালায়।
১৯৬৮: মেক্সিকো সিটি অলিম্পিকে ২০০ মিটার দৌড়ে স্বর্ণ ও ব্রোঞ্জ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘ব্ল্যাক পাওয়ার’ স্যালুট দিয়ে বিতর্কের জন্ম দেন যুক্তরাষ্ট্রের দুই অ্যাথলেট টমি স্মিথ ও জন কার্লোস।
১৯৭৮: রোমান ক্যাথলিক গির্জার কার্ডিনালদের সভায় নতুন পোপ নির্বাচিত হন কারোল ভইতিওয়া। তিনি দ্বিতীয় জন পল নাম গ্রহণ করেন।
১৯৮৪: দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে অহিংস আন্দোলনে কয়েক দশকের ভূমিকার স্বীকৃতি হিসেবে নোবেল শান্তি পুরস্কার পান অ্যাংলিকান বিশপ ডেসমন্ড টুটু।
১৯৯১: টেক্সাসের কিলিন শহরের লুবিস ক্যাফেটেরিয়ায় এক বন্দুকধারীর গুলিতে ২৩ জন নিহত হন। পরে ওই বন্দুকধারীও আত্মহত্যা করেন।
২০২৪: নাইজেরিয়ার জিগাওয়া অঙ্গরাজ্যে উল্টে যাওয়া একটি পেট্রলবাহী ট্যাংকারে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে গিয়ে শিশুসহ ১৪০ জনের বেশি মানুষ নিহত হন। এ ঘটনায় আহত হন আরো কয়েক ডজন মানুষ।
জন্ম
১৭৫৮: নোয়া ওয়েবস্টার, মার্কিন অভিধানপ্রণেতা।
১৮৫৪: অস্কার ওয়াইল্ড, আইরিশ নাট্যকার, ঔপন্যাসিক ও কবি।
১৮৮৬: ডেভিড বেন-গুরিয়ন, ইসরায়েলের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী।
১৯১৮: লুই আলথুসার, ফরাসি মার্ক্সবাদী দার্শনিক।
১৯২৭: গুন্টার গ্রাস, জার্মান ঔপন্যাসিক ও নোবেলজয়ী সাহিত্যিক।
মৃত্যু
১৭৯৩: মারি আঁতোয়ানেত, ফ্রান্সের সাবেক রানি।
১৯৪৬: হারমান গোরিং, নাৎসি জার্মানির শীর্ষ নেতা।
১৯৫৯: জর্জ মার্শাল, মার্কিন সেনাপ্রধান ও নোবেল শান্তি পুরস্কারজয়ী।
১৯৮১: মোশে দয়ান, ইসরায়েলি সামরিক কর্মকর্তা ও রাজনীতিক।
২০১৭: ড্যাফনে কারুয়ানা গালিজিয়া, মাল্টার অনুসন্ধানী সাংবাদিক।