ভাবুন এমন একটা সকাল। দূরে কোনো পাহাড়ের তুষারঢাকা চূড়া রোদে ধীরে ধীরে গোলাপি হয়ে উঠছে, আর আপনি বসে আছেন স্বচ্ছ পাহাড়ি হ্রদের ধারে, হাতে ধোঁয়া ওঠা এক কাপ গরম চা। শহরের কোলাহল নেই, শুধু প্রকৃতি, ইতিহাসের গন্ধ আর পাখিদের মৃদু কোলাহল। চীনের ইউনান প্রদেশের ইউহু গ্রাম ঠিক এমনই এক অভিজ্ঞতার নাম।
লিজিয়াং শহরের কাছেই, দক্ষিণ-পশ্চিম চীনের ইউনান প্রদেশে, ইউলং নাশি স্বায়ত্তশাসিত অঞ্চলের বাইশা টাউনশিপে অবস্থিত 'ইউহু' ভিলেজ। জেড ড্রাগন স্নো মাউন্টেনের পাদদেশে গড়ে ওঠা গ্রামটি এক সময় ছিল সে অঞ্চলের অন্যতম দরিদ্র গ্রাম। দুর্গম পাহাড়,সীমিত কৃষিজমি আর যোগাযোগ ব্যবস্থার অভাব ইউহুর মানুষকে দীর্ঘদিন অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে আটকে রেখেছিল। অথচ আজ এ ইউহু চীনের গ্রামীণ পর্যটন ও সাংস্কৃতিক পুনরুজ্জীবনের এক উজ্জ্বল উদাহরণ।
ইউহু গ্রামের শিকড়ে গাঁথা নাশি জাতিগোষ্ঠীর ইতিহাসে। নাশি জনগোষ্ঠী চীনের অন্যতম প্রাচীন ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জাতিসত্তা, যাদের রয়েছে নিজস্ব ভাষা, সংগীত, ধর্মীয় আচার এবং বিশ্বের বিরলতম লিপিগুলোর একটি, ‘ডংবা’ চিত্রলিপি। ইউহু গ্রামের পাথরের ঘরগুলো এ সংস্কৃতির জীবন্ত দলিল। হিমবাহ থেকে আসা পাথর দিয়ে তৈরি এসব ঘর শীতে উষ্ণ আর গ্রীষ্মে শীতল থাকে, যা শতাব্দীপ্রাচীন স্থানীয় জ্ঞান ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার নিখুঁত উদাহরণ।
গ্রামের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউহু লেক, স্থানীয়ভাবে পরিচিত 'ড্রাগন মেইডেন লেক' নামে। হ্রদটি মূলত প্রাচীন মিং রাজবংশের আগে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল, তখনকার শাসক ‘মুও’ পরিবারের উদ্যোগে। একসময় এটি ছিল রাজকীয় অবকাশকেন্দ্র ও শিকারক্ষেত্র। আজ সেই হ্রদের স্বচ্ছ পানিতে প্রতিফলিত হয় জেড ড্রাগন স্নো মাউন্টেনের তেরোটি শৃঙ্গ, যা সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এক অনন্য আবেশ তৈরি করে।
বিশ্বের কাছে ইউহু গ্রামের পরিচিতি আরো গভীর হয় বিংশ শতাব্দীর শুরুতে, যখন অস্ট্রিয়ান-আমেরিকান উদ্ভিদবিদ ও নৃতত্ত্ববিদ জোসেফ রক এখানে বসবাস শুরু করেন। প্রায় ২৭ বছর ধরে ইউহুতে থেকে তিনি নাশি সংস্কৃতি, ধর্ম, উদ্ভিদজগৎ ও জীবনধারা নিয়ে গবেষণা করেন। তার লেখা ও আলোকচিত্র ন্যাশনাল জিওগ্রাফিকের মাধ্যমে বিশ্ববাসীর সামনে ইউনানের এই অজানা অঞ্চলকে তুলে ধরে। আজও ইউহু গ্রামে সংরক্ষিত জোসেফ রকের বাসভবন পর্যটকদের জন্য এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক আকর্ষণ।
দীর্ঘদিন ধরে কৃষি ও পশুপালনের ওপর নির্ভরশীল ইউহু গ্রামের ভাগ্য বদলাতে শুরু করে ২০০৪ সালের পর। স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে শুরু হয় কমিউনিটি-ভিত্তিক পর্যটন উদ্যোগ। লক্ষ্য ছিল প্রকৃতি ও সংস্কৃতি সংরক্ষণ করেই আয় বাড়ানো। ধীরে ধীরে গ্রামবাসীরা নিজেদের বাড়িকে রূপান্তরিত করেন অতিথিশালায়, খোলেন ছোট ক্যাফে, লোকজ সংস্কৃতির জাদুঘর, শুরু করেন ঘোড়ায় চড়ে পাহাড় ভ্রমণের মতো অভিজ্ঞতা।
এ পরিবর্তনের ফল স্পষ্ট হয়ে ওঠে কয়েক বছরের মধ্যেই। ২০১৯ সালের পর থেকে গ্রামের গড় আয় প্রায় তিন গুণ বেড়ে যায়। ২০২৫ সালে ইউহু গ্রামে পর্যটকের সংখ্যা পৌঁছায় প্রায় ১২ লাখে। পর্যটন থেকে অর্জিত আয় স্থানীয় অর্থনীতিকে শুধু শক্তিশালীই করেনি, বরং বহু মানুষকে শহর ছেড়ে আবার গ্রামে ফিরিয়ে এনেছে। যারা একসময় কাজের খোঁজে লিজিয়াং বা বড় শহরে চলে গিয়েছিলেন, তারা ফিরে এসে এখন নিজস্ব ব্যবসা গড়ে তুলছেন।
ইউহুতে থাকার অভিজ্ঞতাও এ গ্রামের গল্পেরই অংশ। এখানে বিলাসবহুল হোটেলের বদলে রয়েছে নাশি ঐতিহ্যবাহী পাথরের বাড়িতে তৈরি আরামদায়ক বুটিক হোমস্টে। সকালে ঘুম ভাঙে পাহাড়ি আলোয়, বারান্দায় বসে চা খেতে খেতে দেখা যায় মেঘে ঢাকা তুষারশৃঙ্গ। অনেক হোমস্টেতে অতিথিদের জন্য রান্না করা হয় স্থানীয় খাবার, হালকা মশলার পাহাড়ি সবজি, শুকনো শূকর মাংস দিয়ে তৈরি হটপট, কিংবা নাশি সংস্কৃতির অংশ বাটার টি, যা ঠাণ্ডা আবহাওয়ায় শরীর ও মন দুটোই উষ্ণ করে।
ইউহু গ্রামে ভ্রমণ মানে শুধু দর্শনীয় স্থান দেখা নয়, এটি ধীরগতির জীবনকে অনুভব করা। পাথরের গলি ধরে হাঁটা, স্থানীয় কারিগরের হাতে ‘ডংবা’ লিপি আঁকা দেখা, উৎসবের সময় নাশি নৃত্য ও সংগীত উপভোগ করা,সব মিলিয়ে ইউহু এক জীবন্ত অভিজ্ঞতা।
আজ ইউহু গ্রাম শুধু একটি পর্যটন গন্তব্য নয়, বরং এটি দেখিয়ে দেয় কীভাবে সংস্কৃতি ও প্রকৃতিকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন সম্ভব। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই গ্রাম প্রমাণ করেছে, ঠিক দৃষ্টিভঙ্গি ও সম্মিলিত উদ্যোগ থাকলে ইতিহাস, মানুষ ও প্রকৃতি একসঙ্গে সমৃদ্ধ হতে পারে।