আজ আন্তর্জাতিক বিড়াল দিবস। ৮ আগস্ট বিশ্বজুড়ে বিড়াল ও মানুষের এই বিশেষ সম্পর্ক উদযাপনের দিনটি পালিত হয়। কিন্তু বিড়ালকে ভালোবাসা শুধু তাকে আদর করা কিংবা পছন্দের খাবার খাওয়ানোর মধ্যে সীমাবদ্ধ নয়। অসুস্থতা বা দুর্ঘটনার সময় দ্রুত সঠিক সিদ্ধান্ত নেয়াও দায়িত্বশীল ক্যাট প্যারেন্টিংয়েরই একটি অংশ।
বিড়ালের হঠাৎ অসুস্থতা বা ছোটখাটো দুর্ঘটনা বলে-কয়ে আসে না। আচমকা কেটে যাওয়া, বিষাক্ত কিছু খেয়ে ফেলা কিংবা হঠাৎ জ্বর ও বমির মতো জরুরি পরিস্থিতিতে চিকিৎসকের কাছে নেয়ার আগেই প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হয়। এজন্য প্রতিটি ক্যাট প্যারেন্টের ঘরে একটি ডেডিকেটেড ‘ফার্স্ট এইড বক্স’ বা প্রাথমিক চিকিৎসা বক্স থাকা খুব জরুরি।
জরুরি মুহূর্তে যেন হাতের কাছেই সব সরঞ্জাম পাওয়া যায়, সেভাবে বিড়ালের ফার্স্ট এউড বক্সটি আগে থেকেই গুছিয়ে রাখা উচিত।
জরুরি ওষুধপত্র
বিড়ালের জ্বর, বমি, গ্যাস ও পেট খারাপের মতো সাধারণ অথচ গুরুতর সমস্যাগুলো যেকোনো সময় দেখা দিতে পারে। তাই ইমার্জেন্সিতে ব্যবহারের জন্য ভেটেরিনারিয়ানের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট কিছু প্রয়োজনীয় মেডিসিন যেমন— অ্যান্টিহিস্টামিন ও অয়েনমেন্ট বক্সে গুছিয়ে রাখা প্রয়োজন। এতে হঠাৎ করে কোনো বিপদ আসলে তাৎক্ষণিকভাবে বিড়ালকে কষ্ট থেকে কিছুটা আরাম দেয়া যায়।
ব্যান্ডেজ ও তুলা
হঠাৎ বিড়ালের পা বা শরীরের কোনো অংশ কেটে গেলে রক্তপাত বন্ধ করতে গজ, তুলার প্যাড ও গজ ব্যান্ডেজ প্রয়োজন হয়। জীবাণুমুক্ত বা গজ টেপ সঙ্গে রাখা জরুরি, যা ব্যান্ডেজকে আটকে রাখতে সাহায্য করবে।
অ্যান্টিসেপটিক দ্রবণ
বিড়ালের ঘা বা ক্ষত পরিষ্কার করতে বেটাডিন বা জীবাণুনাশক দ্রবণ থাকা প্রয়োজন। এগুলো ক্ষতে অ্যালকোহল বা হাইড্রোজেন পারঅক্সাইডের মতো জ্বালাপোড়া তৈরি করে না, তাই ত্বকের যেকোনো ক্ষত দ্রুত পরিষ্কারে নিরাপদ।
ক্লিনিক্যাল থার্মোমিটার
বিড়াল অসুস্থ হলে বা ঝিমিয়ে পড়লে তার শরীরের তাপমাত্রা মাপা দরকার। ডিজিটাল থার্মোমিটার ও সামান্য পেট্রোলিয়াম জেলি ফার্স্ট এইড বক্সে রাখা দরকার, যাতে সহজেই তাপমাত্রা মেপে চিকিৎসকের সঙ্গে কথা বলা যায়।
ওরস্যালাইন ও ডিসপোজেবল সিরিঞ্জ
ডিহাইড্রেশন বা বমির সমস্যায় বিড়ালকে তরল বা স্যালাইন খাওয়াতে সুই ছাড়া ৫ বা ১০ মিলির ডিসপোজেবল সিরিঞ্জ খুব কাজে দেয়। এছাড়া জরুরি প্রয়োজনে ইলেকট্রোলাইট বা স্যালাইন পাউডার বক্সে রাখা দরকার। প্রয়োজনের সময় পরিমান অনুযায়ী পানিতে গুলিয়ে খাওয়াতে হবে।
জরুরি নম্বর ও প্রেসক্রিপশন
জরুরি যোগাযোগের জন্য আপনার পরিচিত পশু চিকিৎসকের ফোন নম্বর ও নিকটস্থ পেট ক্লিনিকের ঠিকানা বক্সে দৃশ্যমান জায়গায় লিখে রাখা উচিত। সেই সঙ্গে বিড়ালের যেকোনো পূর্বের মেডিকেল হিস্ট্রি বা ডক্টরের প্রেসক্রিপশন বক্সে সংগ্রহে রাখা ভালো।
তবে যে বিষয়গুলো মনে রাখতে হবে—
ফার্স্ট এইড বক্সে ওষুধ রাখা নিয়ে সবচেয়ে বেশি সতর্ক হতে হবে। ভেটেরিনারিয়ান কোনো নির্দিষ্ট বিড়ালের জন্য আগে থেকে যে ওষুধ, মাত্রা ও ব্যবহারের নিয়ম লিখে দিয়েছেন, শুধু সেগুলোই জরুরি প্রয়োজনে হাতের কাছে রাখা যেতে পারে। যেমন কোনো বিড়ালের আগে থেকে নির্ধারিত বমি নিয়ন্ত্রণের ওষুধ, পেটের সমস্যার চিকিৎসা বা অন্য কোনো জরুরি ওষুধ থাকলে ভেটের পরামর্শ অনুযায়ী তার অতিরিক্ত একটি সরবরাহ রেখে দেয়া যেতে পারে।
জ্বর, বমি, ডায়রিয়া বা পেটের অস্বস্তি দেখা দিলে কারণ ভিন্ন হতে পারে। তাই শুধু লক্ষণ দেখে ওষুধ খাওয়ানো ঠিক নয়। বিশেষ করে কিটেনের বমি বা ডায়রিয়ার সঙ্গে দুর্বলতা, খাবার না খাওয়া কিংবা রক্ত থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ প্রয়োজন।
মানুষের ওষুধ এখানে সবচেয়ে বড় ঝুঁকি। প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন বিড়ালের জন্য বিষাক্ত এবং ব্যবহার করা উচিত নয়। একইভাবে আইবুপ্রোফেনসহ অনেক মানুষের ব্যবহারের যে কোনো ব্যথার ওষুধ বিড়ালের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এমনকি মৃত্যুও ঘটাতে পারে।
তাই ‘জ্বরের ওষুধ’, ‘গ্যাসের ওষুধ’ কিংবা ‘বমির ওষুধ’ বলে মানুষের ব্যবহারের কোনো ওষুধ নিজের মতো করে বক্সে রাখা বা প্রয়োগ করা উচিত নয়। ভেটেরিনারিয়ানের সঙ্গে কথা বলে বিড়ালের জন্য নির্দিষ্ট ওষুধ ও মাত্রা আগে থেকে জেনে তবেই তা জরুরি কিটে রাখা যেতে পারে। এছাড়া একজন সচেতন প্যারেন্ট হিসেবে অনলাইনে সার্টিফায়েড ভেটের সঙ্গেও কনসাল্ট করে নেয়া যেতে পারে।
অসুস্থতায় ফার্স্ট এইডই কি যথেষ্ট?
সব সময় নয়। বিশেষ করে কিটেনের ক্ষেত্রে জ্বর, বমি ও ডায়রিয়া দ্রুত পানিশূন্যতা তৈরি করতে পারে। রক্তযুক্ত পায়খানা, বারবার বমি, প্রচণ্ড দুর্বলতা, খাবার বা পানি না খাওয়া কিংবা সাড়া কমে গেলে এটি জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করা হয়। তাই এক্ষেত্রে চিকিৎসক দেখানো আবশ্যক।
সবশেষে মনে রাখা দরকার, ফার্স্ট এইড বক্স চিকিৎসার বিকল্প নয়। এর কাজ হলো চিকিৎসকের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত বিড়ালকে নিরাপদে সামলানোর মতো প্রাথমিক সহায়তা দেয়া। আন্তর্জাতিক বিড়াল দিবসে আপনার প্রিয় বিড়ালটির প্রতি ভালোবাসার পাশাপাশি তার স্বাস্থ্য সুরক্ষায় এই সামান্য পূর্বপ্রস্তুতি যেকোনো সংকটময় মুহূর্তে বড় কোনো বিপদ থেকে তার জীবন বাঁচাতে সাহায্য করবে।