নস্টালজিয়া: বর্তমান মার্কেটিংয়ের নতুন ট্রেন্ড

নস্টালজিয়ার সবচেয়ে বড় শক্তি হলো—এটি ভোক্তাকে কিছু বুঝিয়ে বলতে হয় না। বরং পুরনো কোনো জিঙ্গেল, পরিচিত প্যাকেট বা বহুদিন পর দেখা কোনো চরিত্র নিজেই পুরো গল্পকে ফুটিয়ে তোলে। সেই গল্পের সঙ্গে যুক্ত থাকে ব্যক্তিগত অভিজ্ঞতা, পরিবার, বন্ধুত্ব, শৈশব কিংবা জীবনের কোনো নির্দিষ্ট সময়। এ কারণেই নস্টালজিয়া সরাসরি পণ্যের বৈশিষ্ট্য নিয়ে কথা না বলেও ভোক্তার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে।

অতীত মানেই যেন সোনালি সময়ের হাতছানি। যে দিনগুলো পেরিয়ে গেছে, যাদের কাছে ফিরে যাওয়ার কোনো পথ নেই, সেসব সময়ের প্রতি মানুষের টান সবচেয়ে বেশি। ফেলে আসা বিকাল, পুরনো গানের সুর, হাতের লেখা চিঠি, পোস্টকার্ডের ডাকটিকিট কিংবা ছবির ফিকে রঙ—সামান্য কিছু স্মৃতিচিহ্নও মুহূর্তে খুলে দিতে পারে সেই হারানো সময়ের দরজা। বাজার এখন এ অনুভূতির শক্তিটাই নতুন করে বুঝছে। তাই বিজ্ঞাপনে ফিরে আসছে পুরনো লোগো, নব্বইয়ের দশকের রঙ, হারানো দিনের গান, শৈশবের খেলনা কিংবা এক সময়ের জনপ্রিয় চরিত্র। এটাই মূলত 'নস্টালজিয়া মার্কেটিং', যার লক্ষ্য অতীতের সঙ্গে মানুষের আবেগের সম্পর্ককে ব্যবহার করে বর্তমানের পণ্যের প্রতি আকর্ষণ তৈরি করা।

নস্টালজিয়া শব্দটির উৎস গ্রিক শব্দ নস্টোস (nostos), যার অর্থ ফিরে যাওয়া এবং অ্যালগোস (algos), যার অর্থ ব্যথা। অর্থাৎ ফিরে যেতে না পারার এক ধরনের বেদনা। এক সময় এটি চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে যুক্ত একটি ধারণা ছিল। পরে তা মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান হয়ে জায়গা করে নিয়েছে ভোক্তা আচরণ ও বিপণনে। এখন ব্যবসার কাছে অতীত শুধু স্মৃতি নয়, সম্ভাব্য বাজারও বটে।

পণ্য নয়, বিক্রি হচ্ছে অনুভূতি

নস্টালজিয়ার সবচেয়ে বড় শক্তি হলো—এটি ভোক্তাকে কিছু বুঝিয়ে বলতে হয় না। বরং পুরনো কোনো জিঙ্গেল, পরিচিত প্যাকেট বা বহুদিন পর দেখা কোনো চরিত্র নিজেই পুরো গল্পকে ফুটিয়ে তোলে। সেই গল্পের সঙ্গে যুক্ত থাকে ব্যক্তিগত অভিজ্ঞতা, পরিবার, বন্ধুত্ব, শৈশব কিংবা জীবনের কোনো নির্দিষ্ট সময়। এ কারণেই নস্টালজিয়া সরাসরি পণ্যের বৈশিষ্ট্য নিয়ে কথা না বলেও ভোক্তার সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে। বিজ্ঞাপন তখন বলে না, ‘এই পণ্য ভালো; বরং মনে করিয়ে দেয়, এই অনুভূতিটা তুমি চেনো।

ব্যবসার জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পূর্ব পরিচিতি মানুষের মনে এক ধরনের মানসিক স্বস্তি তৈরি করে। অচেনা কিছুর তুলনায় পরিচিত কোনো নাম, ছবি বা গল্পের প্রতি মানুষের প্রতিক্রিয়া দ্রুত তৈরি হয়। ফলে নস্টালজিয়া হয়ে ওঠে মনোযোগ পাওয়ার এক ধরনের শর্টকাট।

অতীতের দরজা, বর্তমানের পণ্য

অ্যামাজন অ্যাডসের (Amazon Ads) ভোক্তা আচরণবিষয়ক বিশ্লেষণেও নস্টালজিয়ার এ আবেগীয় ভূমিকার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। একইভাবে হার্ভার্ড বিজনেস রিভিউসহ বিভিন্ন ব্যবসায়িক বিশ্লেষণে দেখা গেছে, নস্টালজিয়া মানুষের ইতিবাচক অনুভূতি, সামাজিক সংযোগ ও অর্থবোধের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে। অর্থাৎ এটি শুধু ‘পুরনো দিনের কথা মনে করানো’ নয়; সঠিকভাবে ব্যবহার করা হলে এটি ব্র্যান্ডের সঙ্গে ভোক্তার সম্পর্ককে আরো ব্যক্তিগত করে তুলতে পারে।

সফল নস্টালজিয়া মার্কেটিং অতীতকে হুবহু কপি করে না; বরং অতীতের সঙ্গে বর্তমানের একটি সেতু তৈরি করে। এটি পুরনো স্মৃতিকে সামনে আনে এবং পণ্যটিকে বর্তমানের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বা প্রাসঙ্গিক করে তোলে। ফলে ভোক্তা একই সঙ্গে পরিচিতির আরাম এবং নতুনত্বের আকর্ষণ—দুটিই পায়।

পরিশেষে বলা যায়, নস্টালজিয়া মার্কেটিং কেবল এক ঝলক স্মৃতিকাতরতা নয়; বরং এটি অতীত ও বর্তমানের এক চমৎকার মেলবন্ধন। প্রযুক্তির এ দ্রুতগতির ও যান্ত্রিক বিশ্বে মানুষ যখন প্রতিনিয়ত মানসিক শান্তি ও পরিচিতির আশ্রয় খোঁজে, নস্টালজিয়া তখন তাকে পৌঁছে দেয় এক নিরাপদ ও চেনা অনুভূতির জগতে। আর ব্যবসা যখন কেবল পণ্য বিক্রির গণ্ডি পেরিয়ে মানুষের হৃদয়ের এই চেনা অনুভূতিকে ছুঁতে পারে, তখনই তৈরি হয় ব্র্যান্ডের প্রতি আজীবন ভালোবাসা ও বিশ্বাস।

আরও