গুটি গুটি পায়ে নেমে আসছে শীত। উত্তরের পৃথিবীর বরফময় ভূমি যখন স্তব্ধ হয়ে যায়, তখন আকাশে শুরু হয় এক বিস্ময়কর আলোড়ন। হাজার হাজার ডানা একসঙ্গে বাতাস চিরে উড়ে চলে, সাইবেরিয়ার তুন্দ্রা, মঙ্গোলিয়ার হ্রদ, মধ্য এশিয়ার পর্বতমালা থেকে তারা যাত্রা শুরু করে দক্ষিণের দিকে। তাদের গন্তব্য , উষ্ণ, সবুজ, যার মধ্যে অন্যতম বাংলাদেশ।
শীতের এই পাখিদের পরিযানের পেছনে রয়েছে খাদ্য, আবহাওয়া ও প্রজননের চমকপ্রদ কৌশল। শীতপ্রধান বা মেরু অঞ্চলে খাবার ফুরিয়ে গেলে পাখিরা উষ্ণ ও খাদ্যে-সমৃদ্ধ অঞ্চলে পাড়ি জমায়। বসন্ত ও গ্রীষ্মে তারা উচ্চ অক্ষাংশে ফিরে যায় দীর্ঘ দিনের আলো আর নিরাপদ প্রজননের সুযোগের জন্য।
বাংলাদেশ তাদের এই পরিযান পথের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। নদী, হাওর, বিল, বাওর, উপকূল ও দ্বীপমালা পরিযায়ী পাখিদের জন্য এক অনন্য আশ্রয়স্থল। প্রতি বছর হাজার হাজার পাখি পূর্ব সাইবেরিয়া, রাশিয়া ও মধ্য এশিয়া থেকে আসে। টাঙ্গুয়ার হাওরে এক সমীক্ষায় রেকর্ড করা হয়েছে ৫১,০০০-এর বেশি পাখি, অন্তত ৩৫ প্রজাতির। পুরো বাংলাদেশে সাম্প্রতিক গণনায় দেখা গেছে, পাঁচটি অঞ্চলে মোট ২ লাখ ৪৬ হাজারেরও বেশি পরিযায়ী পাখি আসে। কমন কুট, পিনটেল ডাক, রেড-ক্রেস্টেড পচার্ড, বিপন্ন স্পুন-বিল্ড স্যান্ডপাইপার, এসবই বাংলাদেশের শীতকালীন আকাশ ও হাওর ভরিয়ে রাখে।
তাদের পথচলা শুধু দীর্ঘ নয়, বরং অবাক দিকনির্দেশনায় কৌশলপূর্ণ। সূর্যের আলো, তারার অবস্থান, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, এমনকি মেরুকৃত আলোও তাদের পথ নির্দেশ করে। বিজ্ঞানীরা স্যাটেলাইট ট্র্যাকিং ও রিং ব্যবহার করে এই অদৃশ্য যাত্রার রহস্য উদঘাটন করেছেন, যা একসময় অসম্ভব মনে হতো।
শীতের অতিথি পাখিদের মধ্যে রয়েছে বিস্ময় আর রহস্যে মোড়া অসংখ্য প্রজাতি। কেউ আসে হাজার মাইল দূর থেকে, কেউ আবার উড়ে আসে মহাসাগর চলুন জেনে নিই এই পরিযায়ী পাখিদের কিছু চমৎকার গল্প—
বার-টেইলড গডউইট
ভাবুন তো, একটি ছোট্ট পাখি আলাস্কার বরফে ঢাকা তুন্দ্রা থেকে সরাসরি উড়ে যাচ্ছে নিউজিল্যান্ডে—মাঝে একবারও না থেমে, না খেয়ে, না ঘুমিয়ে! প্রায় ১১,০০০ কিলোমিটার দূরত্ব, টানা ৮ থেকে ১০ দিন ধরে। ২০০৭ সালে বিজ্ঞানীরা স্যাটেলাইটে “E7” নামের এক গডউইটকে অনুসরণ করে দেখেন, এ পৃথিবীতে অন্য কোনো প্রাণী একটানা এত দূর উড়তে পারেনি।
আমুর ফ্যালকন
ছোট্ট এই বাজপাখিদের ঝাঁক আকাশে উঠলে মনে হয় মেঘ জমেছে। তারা সাইবেরিয়া ও চীন থেকে উড়ে আসে, থামে নাগাল্যান্ড ও বাংলাদেশের আকাশে—কিছুক্ষণের বিশ্রাম আর খাবারের পর আবার যাত্রা শুরু। একটানা ৩,০০০ কিলোমিটার সমুদ্র পেরিয়ে তারা পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকায়, একবারও বিরতি নেয় না।
হুপার সোয়ান
আকাশে তাদের উড়ান যেন সাদা সুরের ঢেউ। পরিবার বা দলে উড়ে চলে তারা ইংরেজি V-আকৃতিতে। বরফাচ্ছন্ন উত্তর দেশ থেকে এসে নামে বাংলাদেশের হাকালুকি আর টাঙ্গুয়ার হাওরে। শীতের সকালের কুয়াশায় তাদের শান্ত উপস্থিতি প্রকৃতিকে করে তোলে আরও মোহনীয়।
গ্রেটার ফ্লেমিংগো
চাঁদের আলোয় যখন তারা উড়ে, মনে হয় গোলাপি রাজহাঁসেরা চাঁদের ডানায় চেপে চলেছে। চাঁদের দিক নির্দেশনা অনুযায়ীই তারা গন্তব্যের দিকে এগোয়। ইরান ও আফ্রিকা থেকে আসা এই রাজসিক পাখিরা আসে ভারতের উপকূল ঘুরে কক্সবাজার বা নিঝুম দ্বীপে। চাঁদের আলোয় জলে প্রতিফলিত তাদের দেহ যেন প্রকৃতির রঙতুলি ছোঁয়া এক স্বপ্ন।
এই অতিথি পাখিরা আমাদের শীতের সবচেয়ে কোমল উপহার। কিন্তু অনেকেই তাদের শিকার করে—যা আইনত দণ্ডনীয় অপরাধ। তাদের আঘাত না করে, বরং আমাদের দেশকে যদি তাদের নিরাপদ আশ্রয়ে পরিণত করতে পারি, তবেই প্রকৃতির এই বিস্ময় টিকে থাকবে আগামী প্রজন্মের জন্য।