ইউরোপের বৃহত্তম ও সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা আবারো মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের অবতারণা করেছে। জ্বলন্ত লাভার আভায় সিসিলির রাতের আকাশ রক্তিম হয়ে ওঠে। আর আগ্নেয়গিরি থেকে উজ্জ্বল লাল লাভার ঝলকানি আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। সেই নজরকাড়া দৃশ্য তুলে ধরেছে রয়টার্স।
ইতালির ন্যাশনাল ইন্সটিটিউট অব জিওফিজিক্স এন্ড ভলকানোলজির তথ্য অনুযায়ী, প্রায় ৯ হাজার ৮০০ ফুট উচ্চতায় আগ্নেয়গিরিটি থেকে সম্প্রতি অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আশপাশের জনপদ বা আকাশপথে চলাচলে প্রভাব ফেলতে পারে এমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে কিনা, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তারা।
চলমান এ অগ্ন্যুৎপাত এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করেছে। গলিত লাভার স্রোত এবং অগ্নিগর্ভ বিস্ফোরণের ঝলক আগ্নেয়গিরিটির চূড়াকে আলোকিত করে তুলেছে।
ঘন ঘন অগ্ন্যুৎপাতের কারণে দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের বিশেষ নজরে রয়েছে এটি। যদিও এর বেশির ভাগ অগ্ন্যুৎপাত তুলনামূলকভাবে মাঝারি মাত্রার, তবুও সেগুলো থেকে সৃষ্টি হওয়া উজ্জ্বল লাভার স্রোত অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্যের জন্ম দেয়।