মানুষ কেন গল্পখেকো?

গল্পের আরেকটি বড় শক্তি হলো, তা সহজে মনে থাকে। কারণ গল্পের ভেতরে থাকে চরিত্র, আবেগ, দ্বন্দ্ব আর সমাধান। এ উপাদানগুলো মানুষের মস্তিষ্কে শক্তিশালী স্মৃতি তৈরি করে। এ কারণেই শিক্ষক, বক্তা কিংবা লেখক, অনেকে জটিল ধারণা বোঝাতে গল্পের আশ্রয় নেন।

সিনেমার পর্দা কিংবা বইয়ের পাতা আবিষ্কারের বহু আগে মানুষ গল্প বলতে শুরু করেছিল। ইউরোপের বিভিন্ন প্রাগৈতিহাসিক গুহায় পাওয়া যায় মানুষের আঁকা ছবি, হরিণ শিকার, বন্য পশুর আক্রমণ, অদ্ভুত প্রতীক আর প্রকৃতির নানা দৃশ্য। প্রত্নতাত্ত্বিকদের মতে, এগুলো শুধু আঁকিবুঁকি ছিল না। এগুলো ছিল মানুষের প্রথম গল্প, অভিজ্ঞতা ভাগ করে নেয়ার, বিপদের কথা জানিয়ে দেয়ার এবং চারপাশের পৃথিবীকে বোঝার চেষ্টা। সেই অর্থে, গল্প বলা সম্ভবত মানুষের সবচেয়ে প্রাচীন প্রবৃত্তিগুলোর একটি। অনেক গবেষকই বলেন, মানুষ আসলে এক ধরনের ‘গল্পভোগী’ প্রাণী। মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই যেকোনো ঘটনাকে গল্পের মতো করে সাজাতে চায়। একগাদা তথ্য বা তারিখ খুব দ্রুত ভুলে যাওয়া যায়। কিন্তু একটি ভালো গল্প বছরের পর বছর মানুষের মনে থেকে যায়। কারণ গল্প তথ্যকে অর্থ দেয়, ঘটনাকে রূপ দেয়, আর অনুভূতিকে জীবন্ত করে তোলে।

বেঁচে থাকার উপায়

প্রাগৈতিহাসিক মানুষের জন্য গল্প শুধু বিনোদন ছিল না, তা ছিল বেঁচে থাকার কৌশল। রাতে আগুনের পাশে বসে মানুষ একে অন্যকে বলত,কোথায় বিপজ্জনক পশু দেখা গেছে, কোন শিকার কীভাবে সফল হলো, কিংবা কোন পথে গেলে বিপদ এড়ানো যায়। এভাবে গল্পের মাধ্যমে অভিজ্ঞতা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ত। ফলে একই ভুল বা একই বিপদের মুখোমুখি সবাইকে নতুন করে হতে হতো না। কিছু বিবর্তনবিদ তাই বলেন, গল্প আসলে মানুষের মস্তিষ্কের জন্য এক ধরনের ‘ফ্লাইট সিমুলেটর’—যেখানে মানুষ বাস্তব ঝুঁকি না নিয়েই কল্পনার ভেতর দিয়ে নানা পরিস্থিতির অভিজ্ঞতা অর্জন করতে পারে।

মস্তিষ্কের খোড়াক

আধুনিক স্নায়ুবিজ্ঞানও দেখিয়েছে, গল্প শোনার সময় মানুষের মস্তিষ্কে শুধু ভাষা বোঝার অংশ সক্রিয় হয় না। বরং আবেগ, স্মৃতি এবং অন্য মানুষের অনুভূতি বোঝার সঙ্গে যুক্ত একাধিক অংশ একসঙ্গে কাজ করতে শুরু করে।

বিজ্ঞানীরা এটিকে বলেন ‘মেন্টালাইজিং নেটওয়ার্ক’-যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি অন্য কেউ কী ভাবছে বা কী অনুভব করছে। তাই একটি উপন্যাস পড়তে পড়তে বা একটি সিনেমা দেখতে দেখতে আমরা এমন চরিত্রের সঙ্গেও আবেগগতভাবে যুক্ত হয়ে পড়ি, যারা বাস্তবে কখনোই ছিল না।

গল্পের আরেকটি বড় শক্তি হলো, তা সহজে মনে থাকে। কারণ গল্পের ভেতরে থাকে চরিত্র, আবেগ, দ্বন্দ্ব আর সমাধান। এ উপাদানগুলো মানুষের মস্তিষ্কে শক্তিশালী স্মৃতি তৈরি করে। এ কারণেই শিক্ষক, বক্তা কিংবা লেখক, অনেকে জটিল ধারণা বোঝাতে গল্পের আশ্রয় নেন।

গল্প আমাদের শরীরেও প্রভাব ফেলে

একটি শক্তিশালী গল্প শুধু মনেই প্রভাব ফেলে না, শরীরেও প্রতিক্রিয়া তৈরি করে। গবেষণা বলছে, ভালো গল্প মানুষের শরীরে কিছু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থের নিঃসরণ ঘটাতে পারে। যেমন—ডোপামিন, যা উত্তেজনা ও প্রত্যাশার অনুভূতির সঙ্গে জড়িত। আবার অক্সিটোসিন, যা সহমর্মিতা ও বিশ্বাসের অনুভূতি বাড়ায়।

এ কারণেই কোনো সিনেমার দৃশ্যে আমরা হেসে উঠি, আবার কখনো অকারণেই চোখে পানি চলে আসে। ভালো গল্পের ভেতরে ডুবে গেলে মানুষের মস্তিষ্ক অনেক সময় সেটিকে প্রায় বাস্তব অভিজ্ঞতার মতোই অনুভব করে।

মাধ্যম বদলায়, গল্পের তৃষ্ণা বদলায় না

হাজার হাজার বছরে গল্প বলার মাধ্যম অনেক বদলেছে। একসময় মানুষ আগুনের পাশে বসে গল্প শুনত। তারপর এসেছে মহাকাব্য, নাটক, বই, সিনেমা, টেলিভিশন।

আজকের যুগে সে গল্পই পৌঁছে যাচ্ছে ডিজিটাল পর্দায়,স্ট্রিমিং প্ল্যাটফর্ম, সিরিজ কিংবা অনলাইন ভিডিওর মাধ্যমে। কিন্তু মাধ্যম বদলালেও মানুষের ভেতরের গল্পের তৃষ্ণা একই রয়ে গেছে। গুহার দেওয়ালে আঁকা ছবি থেকে শুরু করে আজকের স্ট্রিমিং স্ক্রিন,মানুষ সব সময়ই গল্পের ভেতর দিয়ে পৃথিবীকে বুঝতে চেয়েছে।

আরও