রাত গভীর হলে আজকাল জানালা দিয়ে বেরিয়ে আসে মৃদু আলো। মোবাইলের স্ক্রিণে উঠতে থাকে নোটিফিকেশনের ঝড়। মুখোমুখি কথার চেয়ে অন্তর্জালের সম্পর্কগুলোই জীবনে জায়গা করে নিচ্ছে বেশি। তবুও কোথাও যেন এক অদৃশ্য শূন্যতা জমতে থাকে। এ নীরবতা বাইরের নয়, ভেতরের।
মানবসভ্যতার ইতিহাসে আমরা এমন এক সময়ে এসে দাঁড়িয়েছি, যেখানে যোগাযোগের সব বাধা প্রায় ভেঙে গেছে। প্রযুক্তি আমাদের হাতে তুলে দিয়েছে তাৎক্ষণিক সংযোগের অভূতপূর্ব ক্ষমতা। তবু সাম্প্রতিক মনস্তাত্ত্বিক ও সমাজবৈজ্ঞানিক গবেষণাগুলো এক গভীর সত্যের দিকে ইঙ্গিত করছে। এ অতিরিক্ত সংযোগের যুগেই মানুষ ক্রমশ একা হয়ে পড়ছে।
এ বৈপরীত্যকে বোঝার জন্য প্রথমেই আমাদের স্বীকার করতে হবে সংযোগ এবং সম্পর্ক এক নয়। আধুনিক মানুষ আগের যেকোনো সময়ের তুলনায় বেশি 'সংযুক্ত', কিন্তু সে সংযোগের অধিকাংশই ক্ষণস্থায়ী এবং আবেগগতভাবে অসম্পূর্ণ। এ অবস্থাকে অনেক গবেষক ‘এক্সটেন্ডেড লোনলিনেস’ বলে আখ্যায়িত করেছেন, এক ধরনের নিঃসঙ্গতা, যেখানে বিচ্ছিন্নতা নয়, বরং সংযোগই মূল সমস্যা।
হাইপার-সংযোগের ধারণাটি এ বাস্তবতাকে আরো স্পষ্ট করে। আধুনিক জীবনে আমরা প্রায় সর্বক্ষণ অনলাইনে উপস্থিত। মেসেজিং অ্যাপ, সামাজিক যোগাযোগমাধ্যম, ভিডিও কল, নানান ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবসময় 'রিচেবল'। কিন্তু এ সহজলভ্যতা আসলে উপস্থিতির সমার্থক নয়। একটি বার্তা পাঠানো, একটি প্রতিক্রিয়া দেয়া, কিংবা একটি ছবি শেয়ার করা, এসব যোগাযোগের অংশ, কিন্তু এগুলো সবসময় অনুভূতির বিনিময় ঘটায় না। ফলে যোগাযোগের পরিমাণ বাড়লেও, তার গভীরতা প্রায়শই কমে যায়।
এ ধরনের সম্পর্ক সহজে তৈরি হয়, আবার সহজে ভেঙেও যায়। এর সঙ্গে যুক্ত হয় সামাজিক তুলনার প্রবণতা, অন্যের জীবনের নির্বাচিত, সাজানো অংশগুলো দেখে নিজের বাস্তব জীবনের সঙ্গে তার তুলনা করা।
নিঃসঙ্গতার এ অভিজ্ঞতা কেবল আবেগগত নয়, এটি স্নায়ুবিজ্ঞানের দৃষ্টিতেও গুরুত্বপূর্ণ। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দীর্ঘমেয়াদি নিঃসঙ্গতা মানুষের মস্তিষ্কের সামাজিক তথ্য প্রক্রিয়াকরণের ধরনকে প্রভাবিত করতে পারে। এতে ব্যক্তি প্রায়ই নিজেকে অন্যদের থেকে বিচ্ছিন্ন বা অসামঞ্জস্যপূর্ণ বলে অনুভব করে। ফলে বাস্তব কিংবা ভার্চুয়াল, কোনো ক্ষেত্রেই সে পুরোপুরি সংযুক্ত হতে পারে না।
এ সমস্যার শিকড় শুধু ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ নয়। এটি আমাদের সময়ের সামাজিক কাঠামোর সঙ্গেও গভীরভাবে জড়িত। আধুনিক সমাজে স্বাধীনতা, আত্মনির্ভরতা, ব্যক্তিগত সাফল্যর ওপর যে গুরুত্ব দেয়া হয়েছে- তা একদিকে মানুষের সক্ষমতা বাড়ালেও, অন্যদিকে সামাজিক বন্ধনকে দুর্বল করে দিয়েছে।
এর সঙ্গে যুক্ত হয়েছে দ্রুততার সংস্কৃতি। আমরা দ্রুত কথা বলি, দ্রুত প্রতিক্রিয়া জানাই, দ্রুত এগিয়ে যাই। কিন্তু মানবিক সম্পর্কের প্রকৃতি ভিন্ন। তা সময় চায়, মনোযোগ চায় এবং সবচেয়ে বড় কথা, তা চায় উপস্থিতি। এ উপস্থিতি কেবল শারীরিক নয়, মানসিক ও আবেগগতও। অথচ ডিজিটাল যোগাযোগের দ্রুততা প্রায়শই সেই গভীর উপস্থিতির সুযোগকে সংকুচিত করে দেয়।
এছাড়া আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যে অর্থনৈতিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে, তা মূলত মানুষের মনোযোগকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এ প্ল্যাটফর্মগুলোর উদ্দেশ্য ব্যবহারকারীর সময়কে ধরে রাখা তাকে দীর্ঘক্ষণ সক্রিয় রাখা। ফলে এখানে গুরুত্ব পায় দ্রুত, আকর্ষণীয় এবং বারবার ফিরে আসার মতো কন্টেন্ট। কিন্তু গভীর, ধীর এবং অর্থবহ কথোপকথনের জন্য যে পরিবেশ প্রয়োজন, তা প্রায়ই অনুপস্থিত থাকে।
এই প্রেক্ষাপটে 'সবসময় সংযুক্ত' থাকার অভিজ্ঞতাও এক ধরনের মানসিক চাপ তৈরি করে। প্রতিনিয়ত সাড়া দেওয়ার প্রয়োজন, আপডেট থাকার চাপ, সামাজিকভাবে দৃশ্যমান থাকার আকাঙ্ক্ষা, সব মিলিয়ে মানুষের আবেগগত শক্তি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এ ক্লান্তি তাকে আরো বেশি পৃষ্ঠতলীয় করে তোলে, ফলে গভীর সংযোগের সক্ষমতা আরো কমে যায়।
সবশেষে একটি মৌলিক সত্য সামনে আসে। প্রযুক্তি আমাদের যোগাযোগের পরিধি বাড়াতে পারে, কিন্তু মানবিক ঘনিষ্ঠতা তৈরি করতে পারে না।
এর সমাধান প্রযুক্তিকে সম্পূর্ণভাবে পরিত্যাগ করা নয়। বরং তার ভেতরেই মানবিকতার পুনঃস্থাপন। সংযোগের সংখ্যাকে নয়, তার গভীরতাকে গুরুত্ব দেয়া। দ্রুততার ভেতরেও কিছু মুহূর্ত ধীর করে নেয়া; এবং সবচেয়ে বড় কথা, আরেকজন মানুষের পাশে সত্যিকারের উপস্থিত থাকা। হয়তো এ ছোট ছোট চেষ্টাগুলোর মধ্যেই লুকিয়ে আছে আধুনিক নিঃসঙ্গতার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।