বিশ্বের দামি ফল: বিলাস, শিল্প আর মর্যাদার প্রতীক

বিশ্বের নানা প্রান্তে এমন কিছু ফল আছে, যেগুলো শুধু খাবার নয়—বিলাস, শিল্প আর মর্যাদার প্রতীক। এসব ফলের পেছনে থাকে দীর্ঘদিনের গবেষণা, পরম যত্ন, সীমিত উৎপাদন আর নিটোলভাবে উপস্থানের দীর্ঘ একাগ্রতা।

মিরাকল বেরি (পশ্চিম আফ্রিকা)

দেখতে সাধারণ লাল বেরির মতো হলেও মিরাকল বেরির ক্ষমতা জাদুকরী। এটি খাওয়ার পর মানুষের জিহ্বার স্বাদগ্রহণ ক্ষমতা সাময়িকভাবে বদলে যায়—লেবু বা ভিনেগারের মতো টক জিনিসও তখন মিষ্টি লাগে। পশ্চিম আফ্রিকায় উৎপাদিত ফলটি বর্তমান সময়ে ‘ফ্লেভার-এক্সপেরিমেন্ট’ ও ডায়েট সংস্কৃতির কারণে জনপ্রিয় হয়েছে। তাজা অবস্থায় সংরক্ষণ করা কঠিন হওয়ায় ফ্রিজ-ড্রাই অবস্থায় রফতানি করা হয়। আর এতে দাম বেড়ে একটি ছোট্ট বেরির মূল্যই দাঁড়ায় প্রায় ৫ ডলার।

গোকুসেন কলা (ফিলিপাইন)

এ কলাগুলো জন্মায় ফিলিপাইনের পাহাড়ি অঞ্চলে। উচ্চতা ও আবহাওয়ার কারণে স্বাভাবিক কলার চেয়ে গোকুসেন অনেক বেশি মিষ্টি। জাপানে বিলাসী ফলের বাজারে এগুলোকে একেকটি শিল্পকর্মের মতো উপস্থাপন করা হয়। প্রতিটি কলা আলাদা করে মোড়ানো হয়, দাগ বা সামান্য ত্রুটিও গ্রহণযোগ্য নয়। এখানে কলা খাওয়ার চেয়ে উপহার দেয়াই বড় ব্যাপার। এক ছড়ি কলার দাম প্রায় ২৫০ ডলার, আর প্রতিটি কলা বিক্রি হয় ৬ ডলারে।

বুদ্ধ-আকৃতির নাশপাতি (চীন)

এ নাশপাতির বিশেষত্ব স্বাদে নয়, আকারে। ছোট অবস্থায় ফলের চারপাশে বসানো হয় বিশেষ ছাঁচ, যাতে বড় হয়ে এটি ধ্যানরত বুদ্ধের মতো আকৃতি নেয়। চীনা সংস্কৃতিতে বুদ্ধ সৌভাগ্য, শান্তি ও দীর্ঘায়ুর প্রতীক। তাই এসব নাশপাতি উৎসব, নববর্ষ কিংবা ব্যবসায়িক শুভেচ্ছা উপহার হিসেবে অত্যন্ত জনপ্রিয়। প্রতি নাশপাতি দাম পড়ে প্রায় ১০ ডলার।

ডেকোপন সাইট্রাস (জাপান)

ম্যান্ডারিন ও কমলার সংকর এই ফল অত্যন্ত মিষ্টি, রসালো ও প্রায় বীজহীন। বাজারজাতের আগে ডেকোপন সাইট্রাসকে কঠোর মান পরীক্ষার ভেতর দিয়ে যেতে হয়। অম্লতা নির্দিষ্ট মাত্রার বেশি হলে তা বাতিল হয়। ফল হিসেবে এটি যেমন জনপ্রিয়, তেমনি শীতকালে দামি উপহার হিসেবেও এর কদর তুঙ্গে। ছয়টি ফলের একটি প্যাকের দাম ১৮০ ডলার।

আলফোনসো আম (ভারত)

ভারতের রত্নাগিরি ও কোঙ্কন অঞ্চলে উৎপাদিত আলফোনসো আমকে বলা হয় আমের রাজা। এর ঘ্রাণ এতটাই তীব্র ও স্বতন্ত্র যে দূর থেকেই চেনা যায়। আঁশবিহীন, মসৃণ ও মাখনের মতো শাঁস একে বিশ্ববিখ্যাত করেছে। সীমিত উৎপাদন, জলবায়ুর ওপর নির্ভরতা ও আকাশপথে রফতানির কারণে এর দামও আকাশছোঁয়া। প্রতিটি আলফোনসো আমের দাম প্রায় ১৫ ডলার।

ওয়িশিই ‘স্পেশাল ওমাকাসে’ স্ট্রবেরি (যুক্তরাষ্ট্র-জাপান)

নিউ জার্সিতে জাপানি কৃষি প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত এ স্ট্রবেরিগুলো চাষ হয় সম্পূর্ণ নিয়ন্ত্রিত পরিবেশে। আলো, পানি, পুষ্টি—সবকিছু মাপা হয় মিলিমিটার আর সেকেন্ড ধরে। প্রতিটি স্ট্রবেরি হাতে তুলে ধরে গয়নার বাক্সের মতো প্যাকেট করা হয়, যেন মানুষ এটি খাওয়ার আগে দেখেই মুগ্ধ হয়। এক ডজন স্ট্রবেরির দাম ২৪০ ডলার।

ডেল মন্টে পিংকগ্লো আনারস

গোলাপি রঙের এ আনারস দেখতে এতটাই আলাদা যে অনেকেই প্রথমে একে ফল বলে বিশ্বাস করতে চান না। স্বাদে এটি সাধারণ আনারসের চেয়ে কম টক ও বেশি মোলায়েম। সীমিত উৎপাদন আর প্রতিটি ফলের সঙ্গে থাকা সার্টিফিকেট এটিকে সংগ্রহযোগ্য বিলাসপণ্যে পরিণত করেছে। প্রতিটির দাম ৫০ ডলার।

সিট্রন (চীন)

আঙুলের মতো দেখতে এ ফল সাধারণত খাওয়া হয় না। এটি মূলত মনোরম সুবাস ও ধর্মীয় গুরুত্বের জন্য পরিচিত। চীনা ও জাপানি সংস্কৃতিতে এটি মন্দির, বাড়ি ও উৎসবে শুভ শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। নিখুঁত আকারের ফল পাওয়া কঠিন হওয়ায় দাম অনেক বেশি। প্রতিটির দাম ৫০ থেকে ১০০ ডলারের মধ্যে।

সেম্বিকিয়া কুইন স্ট্রবেরি

টোকিওর সেম্বিকিয়া ফলের দোকান মানে প্রায় জুয়েলারির দোকানে হীরার মতো প্রদর্শন। প্রতিটি স্ট্রবেরি আলোতে ঘুরিয়ে আকার, রঙ, উজ্জ্বলতা ও স্বাদ পরীক্ষা করা হয়। এক ডজন স্ট্রবেরির দাম ৮৫০ ডলার আর তাই একটি স্ট্রবেরি কিনে অনেকেই সেটি ভাগ করে খায়।

ব্ল্যাক ডায়মন্ড আপেল

তিব্বতের উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মানো এ আপেল অনেকটাই রহস্যময়। তীব্র সূর্যালোক ও ঠান্ডা আবহাওয়া এর খোসাকে গাঢ় বেগুনি-কালো রঙ দেয়। দেখতে এতটাই আলাদা যে অনেকেই একে জেনেটিক্যালি পরিবর্তিত মনে করেন। সীমিত ফলন একে বিরল ও দামি করে তুলেছে। প্রতিটির দাম ১০০ ডলার।

সেকাই ইচি আপেল

আপেলের জগতে ‘বিশ্বের সেরা’ হিসেবে পরিচিত এ ফলগুলো হাতে হাতে পরাগায়িত হয়, প্রতিটি ফল আলাদা করে ধোয়া হয় মধুতে, যেন ত্বক হয় নিখুঁত। একটি আপেলের ওজন কখনো কখনো এক কেজিরও বেশি হয়। কঠোর মাননিয়ন্ত্রিত প্রতিটি সেকাই ইচি আপেলের দাম ২০০ ডলার।

জাপানি ক্রাউন মেলন

শিজুকওয়ায় উৎপাদিত এ মেলন বিলাসী ফলের জগতে রাজকীয়। ফলকে পুষ্ট করতে প্রতিটি গাছে রাখা হয় মাত্র একটি ফল। কৃষকরা ফলকে হাত দিয়ে ম্যাসাজ করেন, গায়ের জালাকৃতি নকশা নিখুঁত হচ্ছে কি না তা তীক্ষ্ণভাবে নজর রাখা হয়। কঠোর মাননিয়ন্ত্রিত ফলটি বিয়ে, ব্যবসায়িক চুক্তি বা সম্মানসূচক অনুষ্ঠানে উপহার হিসেবে দেয়া হয়। দাম পড়ে ২০০-১০০০ ডলার পর্যন্ত।

আরও