রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম উবারে যাত্রী ও চালকদের নিরাপত্তার বিষয়টি দীর্ঘদিনের উদ্বেগের কারণ। বিশেষ করে নারী যাত্রীদের যৌন হয়রানি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হওয়ার অসংখ্য অভিযোগের পর এবার বড় ধরনের সমাধানে নামল প্রতিষ্ঠানটি। নারী যাত্রী ও চালকদের জন্য উবার নিয়ে এসেছে ‘উইমেন প্রেফারেন্স’ নামের নতুন ফিচার, যার মাধ্যমে এখন থেকে নারীরা কেবল নারী চালক বা যাত্রীদের সঙ্গেই রাইড শেয়ার করার সুযোগ পাবেন।
ফিচারটি কীভাবে কাজ করবে?
উবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাটি যাত্রী ও চালক উভয়ের জন্যই সমানভাবে কার্যকর হবে।
- যাত্রীদের জন্য: উবার অ্যাপে রাইড রিকোয়েস্ট করার সময় এখন থেকে ‘উবারএক্স’-এর মতো সাধারণ অপশনগুলোর পাশাপাশি ‘উমেন ড্রাইভারস’ নামক একটি নতুন অপশন দেখা যাবে। এটি নির্বাচন করলে অ্যাপটি কাছাকাছি থাকা নারী চালকদের সঙ্গে যাত্রীকে যুক্ত করে দেবে। তবে নারী চালক পেতে দেরি হলে যাত্রী চাইলে অন্য সাধারণ রাইডও বেছে নিতে পারবেন।
- চালকদের জন্য: নারী চালকরা তাদের অ্যাপের ‘প্রেফারেন্স’ সেটিংসে গিয়ে ‘উইমেন রাইডার প্রেফারেন্স’ চালু করতে পারবেন। এর ফলে তারা শুধুমাত্র নারী যাত্রীদের কাছ থেকেই রাইড রিকোয়েস্ট পাবেন।
উবারের তথ্যমতে, বিশ্বের ৪০টিরও বেশি দেশে নারী চালকরা সুবিধাটি ব্যবহার করতে পারছেন। তবে যাত্রীদের জন্য ফিচারটি বর্তমানে যুক্তরাষ্ট্র, জার্মানি, ফ্রান্স, সৌদি আরব, পর্তুগাল, ব্রাজিল ও স্পেন—এ সাতটি দেশে চালু করা হয়েছে। পর্যায়ক্রমে এটি আরো বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে উবারের।
কেন এ উদ্যোগ?
মূলত ২০১৯ সালে সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর অনুমতি মেলার পর প্রথম এ ধারণার ওপর কাজ শুরু করে উবার। তবে সাম্প্রতিক বছরগুলোয় নিরাপত্তার বিষয়টিই প্রধান হয়ে দাঁড়িয়েছে। তথ্যানুযায়ী, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে কেবল যুক্তরাষ্ট্রেই প্রতি আট মিনিটে গড়ে একটি করে যৌন হয়রানি বা অসদাচরণের অভিযোগ নথিভুক্ত হয়েছে উবারে।
আইনি লড়াই ও বৈষম্যের অভিযোগ
নতুন এই ফিচারটি যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি এটি আইনি চ্যালেঞ্জের মুখেও পড়েছে। গত নভেম্বরে দুই উবার চালক এই ফিচারের বিরুদ্ধে একটি ক্লাস-অ্যাকশন মামলা দায়ের করেছেন। তাদের অভিযোগ:
- ফিচারটি পুরুষদের প্রতি বৈষম্যমূলক।
- এটি পুরুষদের ‘বিপজ্জনক’ হিসেবে উপস্থাপনের একটি জেন্ডার স্টেরিওটাইপকে উস্কে দিচ্ছে।
- নারী চালকরা সব ধরনের যাত্রী (নারী ও পুরুষ) পাওয়ার সুযোগ পেলেও পুরুষ চালকদের বাজার সংকুচিত হয়ে যাচ্ছে।
তবে অভিযোগ প্রত্যাখ্যান করে আদালতে উবার জানিয়েছে, যাত্রী ও চালকদের নিরাপত্তা নিশ্চিত করা একটি স্বীকৃত জনস্বার্থমূলক কাজ। ফিচারটি মূলত দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই চালু করা হয়েছে।
প্রযুক্তির উৎকর্ষের সাথে নিরাপত্তার সমন্বয় করা রাইড শেয়ারিং অ্যাপগুলোর জন্য এখন বড় চ্যালেঞ্জ। উবারের এ পদক্ষেপটি নারী চালকদের উপার্জনে আরো আত্মবিশ্বাসী করার পাশাপাশি যাত্রীদের সুরক্ষা দেবে বলে ধারণা করা হচ্ছে। তবে আইনি লড়াইয়ের ফলাফল কী হয়, তার ওপর নির্ভর করবে ফিচারের ভবিষ্যৎ।