রঙিন প্রেমময় জীবনের অধিকারী এক পেঙ্গুইন ‘বিশ্বসেরা পেঙ্গুইন’ হওয়ার দৌড়ে অংশ নিচ্ছে।
হুল্লে দ্য ডিপে অবস্থিত জেন্টু কলোনির সবচেয়ে বয়স্ক পেঙ্গুইন ১৫ বছর বয়সী ব্রায়ান গ্লোবাল মার্চ অব দ্য পেঙ্গুইন ম্যাডনেস প্রতিযোগিতার জন্য মনোনীত হয়েছে। খবর বিবিসি
বিশ্বের বিভিন্ন চিড়িয়াখানা, অ্যাকুয়ারিয়াম ও জাদুঘর থেকে মনোনীত ৪৮টি পাখি এ প্রতিযোগিতায় অংশ নিবে। প্রতিযোগিতাটি পেঙ্গুইনস ইন্টারন্যাশনাল নামক একটি সংস্থা আয়োজন করে থাকে।
ভোটাভুটির মাধ্যমে প্রতিযোগিতার রাউন্ডগুলো অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ব্রায়ান মুখোমুখি হবে আউবাকের্কি, নিউ মেক্সিকোতে অবস্থিত এ বি কিউ বায়োপার্ক চিড়িয়াখানার আইকের সঙ্গে।
দ্য ডিপের কর্মীরা জানান, ব্রায়ান দর্শকদের পছন্দের পেঙ্গুইন এবং কলোনির একমাত্র পেঙ্গুইন যাকে তার ভক্তরা জন্মদিনের কার্ড পাঠিয়েছে।
তারা আরো জানান, ব্রায়ানের রয়েছে বিশাল ব্যক্তিত্ব, খাবারের প্রতি খুব বিশেষ স্বাদ এবং একটি রঙিন প্রেমময় জীবন। কলোনির সবচেয়ে বয়স্ক সদস্য হওয়া সত্ত্বেও, ব্রায়ান সত্যিই তার প্রজাতির একজন চমৎকার ও গুরুত্বপূর্ণ প্রতিনিধি।
প্রথম রাউন্ডের ভোটাভুটি এখনো চলমান রয়েছে। সেখানে জনসাধারণ পেঙ্গুইন ইন্টারন্যাশনালের ওয়েবসাইট বা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ভোট দিতে পারবে।
ভোটাভুটি ততক্ষণ চলবে, যতক্ষণ না একটি পেঙ্গুইনকে পেং উইন চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করা হয়।
গত বছর ৮ লাখেরও বেশি মানুষ তাদের প্রিয় পেঙ্গুইনকে ভোট দিয়েছিল। সেবার বিরল পোলিশ অ্যালবিনো পেঙ্গুইন কোকোসানকা জয়ী হয়েছিল।
পেঙ্গুইনস ইন্টারন্যাশনালের প্রধান পরিচালন কর্মকর্তা কেটি প্রপ বলেন, ‘এ প্রতিযোগিতার উদ্দেশ্য হলো চিড়িয়াখানা এবং অ্যাকোয়ারিয়ামে থাকা পেঙ্গুইনদের বিশ্বের কাছে তুলে ধরা, যারা তাদের প্রজাতির প্রতিনিধি হিসেবে কাজ করে।'
তিনি বলেন, 'বন্য পেঙ্গুইনরা এখনো অনেক হুমকির সম্মুখীন হচ্ছে। উদাহরণস্বরূপ গত অক্টোবর মাসে আফ্রিকার পেঙ্গুইনদের সংকটাপন্ন থেকে গুরুতর সংকটাপন্ন শ্রেণীতে স্থানান্তরিত করা হয়েছে।’
চিড়িয়াখানা এবং অ্যাকুয়ারিয়ামের পেঙ্গুইন প্রতিনিধিরা দশর্কদেরকে অনুপ্রাণিত করে তাদের বন্য প্রজাতিকে রক্ষার্থে। আর সেজন্যই সচেতনতা বৃদ্ধিতে এ প্রতিযোগিতাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান কেটি প্রপ।