বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর মধ্যে অন্যতম নোবেল পুরস্কার। প্রতি বছর অক্টোবর মানেই, বিজ্ঞান থেকে সাহিত্য—সব জায়গায় একটাই প্রশ্ন: এবার নোবেল পাচ্ছেন কে? আজ শুরু হচ্ছে চলতি বছরের নোবেল পুরষ্কারপ্রাপ্তদের নাম ঘোষণা। চলুন জেনে নেয়া যাক কবে, কিভাবে, কেনই বা নোবেল পুরষ্কারের যাত্রা শুরু হয়েছিল, আর কোন কোন শাখায় দেয়া হয় এ পুরষ্কার।
কবে, কার হাত ধরে শুরু?
নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের হাত ধরে। ডিনামাইট আবিষ্কার করে বিশাল সম্পদের মালিক হয়েছিলেন তিনি। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে করে যান এক অসাধারণ উইল। এতে তিনি বলেন, তার এ সম্পদ খরচ হবে মানবকল্যাণে কাজ করা মানুষদের পুরস্কৃত করতে। সে অনুযায়ী প্রথমবার নোবেল পুরস্কার দেয়া হয় ১৯০১ সালে।
কোন কোন শাখায় দেয়া হয় এ পুরস্কার
চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি—এ ছয়টি শাখায় অনবদ্য অবদান রাখা ব্যক্তিদের এ পুরস্কারে ভূষিত করা হয়।
তবে প্রথমে অর্থনীতি বাদে বাকি পাঁচ শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হতো। আলফ্রেড নোবেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের ৩০০তম বার্ষিকীতে অর্থনীতিতে নোবেল পুরস্কার চালু করে ১৯৬৮ সালে।
কে দেয় কোন পুরস্কার
আলফ্রেড নোবেল নিজেই ঠিক করেছিলেন কোন শাখার পুরস্কার কে ঘোষণা করবে। সে অনুযায়ী, পদার্থবিদ্যা ও রসায়নে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস, চিকিৎসায় সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউট, সাহিত্যে সুইডিশ অ্যাকাডেমি, শান্তিতে নরওয়ের সংসদ এবং সবশেষে চালু হওয়া অর্থনীতিতে নোবেল পুরষ্কার ঘোষণা করা হয় সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেসের মাধ্যমে।
কীভাবে নির্বাচিত হন নোবেলজয়ীরা
নোবেল পুরষ্কারের মনোনয়ন তালিকা ও নির্বাচনের আলোচনা-পর্যালোচনা অত্যন্ত গোপনীয়, ফলে ৫০ বছর পর্যন্ত তা গোপন রাখা হয়। নোবেল কমিটি কখনোই মনোনীত প্রার্থীদের নাম গণমাধ্যমে এমনকি প্রার্থীদের কাছেও প্রকাশ করে না। তবে নির্বাচন প্রক্রিয়ার ধাপ উল্লেখ করা থাকে নোবেল প্রাইজ-এর অফিশিয়াল ওয়েবসাইটে। সে অনুযায়ী, ফেব্রুয়ারির ১ তারিখের আগে মনোনয়ন জমা দিতে হয়, ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত শর্টলিস্ট করা হয়, মার্চ থেকে আগস্ট পর্যন্ত সময় বরাদ্দ থাকে উপদেষ্টাদের রিভিউর জন্য, অক্টোবরে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। আর নোবেল প্রাইজ অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠিত হয় ডিসেম্বরে।
তবে অনেক সময় গণমাধ্যমে কিছু নাম প্রকাশ পায়—কখনো তা নিছক অনুমানভিত্তিক, আবার কখনো এমনও হয় যে মনোনয়নের তথ্য মনোনয়নদাতারাই নিজেরা জানিয়ে দেন।
পুরষ্কার হিসেবে কী পান বিজয়ীরা
প্রতিটি বিভাগে পুরস্কার হিসেবে ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনর, যা প্রায় ১২ লাখ ডলার বা প্রায় ১৪ কোটি বাংলাদেশী টাকা দেয়া হয়। এছাড়া একটি ১৮ ক্যারেটের স্বর্ণপদক ও একটি সম্মাননাপত্রও দেয়া হয়।
একক ও যৌথ উভয় ক্ষেত্রেই এ পুরষ্কার প্রদান করা হয়। প্রতিটি শাখায় সর্বোচ্চ তিনজনকে যৌথভাবে পুরস্কৃত করা যেতে পারে।
এই বছরের পুরষ্কার
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মোট ৩৩৮ জন প্রার্থী, যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি প্রতিষ্ঠান।
স্টকহোমের কারোলিনস্কা ইনস্টিটিউটে চিকিৎসাশাস্ত্রে বিজয়ীদের নাম ঘোষণার মধ্য দিয়ে শুরু হলো এবারের নোবেল পুরস্কার প্রদানের প্রক্রিয়া। পদার্থবিদ্যা মঙ্গলবার, রসায়ন বুধবার, সাহিত্য বৃহস্পতিবার এবং শুক্রবার শান্তিতে নোবেল। অর্থনীতিতে বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১৩ অক্টোবর। ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠিত হবে পুরস্কার প্রদান অনুষ্ঠান।