চতুর্থ শিল্প বিপ্লব

বাংলাদেশের রূপান্তরে প্রকৌশল শিক্ষাকে কীভাবে আরো যুগোপযোগী করা যায়

প্রথম শিল্প বিপ্লবের (১৭৬০-১৮৪০) প্রেক্ষাপটে প্রকৌশল শিক্ষার যাত্রা শুরু হয়, যার মূল উদ্দেশ্য ছিল শিল্পায়ন ও সমাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা।

প্রথম শিল্প বিপ্লবের (১৭৬০-১৮৪০) প্রেক্ষাপটে প্রকৌশল শিক্ষার যাত্রা শুরু হয়, যার মূল উদ্দেশ্য ছিল শিল্পায়ন ও সমাজের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করা। সময়ের সঙ্গে সঙ্গে এ শিক্ষা ব্যবস্থা নানা রূপান্তরের মধ্য দিয়ে পরিবর্তিত সামাজিক ও প্রযুক্তিগত বাস্তবতার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে। তবে চতুর্থ শিল্প বিপ্লব আগের সব পর্ব থেকে ভিন্ন—এর দ্রুতগতি, গভীর জটিলতা এবং অনিশ্চয়তা ভবিষ্যৎমুখী ও সাহসী পদক্ষেপের দাবি জানাচ্ছে। এ বাস্তবতায় প্রকৌশল শিক্ষায় কেবল পরিমাণগত নয়, মৌলিক ও গুণগত রূপান্তর এখন সময়ের অপরিহার্য প্রয়োজন।

আজকের প্রকৌশল আর কেবল প্রযুক্তিগত দক্ষতার মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ক্রমে নির্ভর করছে সৃজনশীলতা, সমালোচনামূলক চিন্তাশক্তি, অভিযোজন ক্ষমতা ও আন্তঃবিষয়ক সহযোগিতার ওপর। প্রকৌশলের বিস্তার জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে পৌঁছে গেলেও এর সঙ্গে যুক্ত হয়েছে নানা চ্যালেঞ্জ—প্রযুক্তির দ্রুত পরিবর্তন, পরিবেশগত চাপ ও জটিল সামাজিক চাহিদা। এসব মোকাবেলায় বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো নানা শিক্ষা মডেল প্রণয়ন করছে, ডিজিটাল প্রযুক্তি গ্রহণ করছে, আন্তঃবিষয়ক সহযোগিতা বাড়াচ্ছে এবং আউটকামভিত্তিক শিক্ষায় জোর দিচ্ছে। বর্তমান সমাজ প্রকৌশলীদের কাছ থেকে শুধু যন্ত্র বা অবকাঠামোর নকশা নয়—বরং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণের প্রত্যাশা করছে।

আমাদের এ আন্তঃসংযুক্ত পৃথিবীতে যেখানে ভৌত, ডিজিটাল ও জৈবিক ব্যবস্থা মিলেমিশে যাচ্ছে, সেখানে প্রকৌশলীদের আর কেবল বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ হয়ে কর্মজীবনে টিকে থাকা সম্ভব নয়। জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন কিংবা প্রযুক্তিগত অস্থিরতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের একই সঙ্গে বিশেষজ্ঞ ও সহযোগী হতে হবে। এজন্যই ‘টি-আকৃতির’ প্রকৌশলীর ধারণা গুরুত্ব পাচ্ছে। এর উল্লম্ব অংশ প্রকাশ করে নির্দিষ্ট ক্ষেত্রে গভীর দক্ষতা—যেমন ইলেকট্রিক্যাল সার্কিট, বায়োটেকনোলজি বা কৃত্রিম বুদ্ধিমত্তা, যা জটিল সমস্যার সমাধান নিশ্চিত করে। আর আনুভূমিক অংশ বোঝায় বহুমুখী দক্ষতা: সৃজনশীলতা, যোগাযোগ, সহযোগিতা, অভিযোজন, নৈতিক সচেতনতা ও আন্তঃবিষয়ক সংযোগের ক্ষমতা। এ সংমিশ্রণ প্রকৌশলীকে করে তোলে কেবল বিশেষজ্ঞ নয়, বরং সমস্যা সমাধানকারী, দলগতভাবে কার্যকর এবং সমাজ ও পরিবেশের প্রতি দায়বদ্ধ একজন পেশাজীবী।

চতুর্থ শিল্প বিপ্লবের আগে বিষয়নির্ভর জ্ঞান ও দক্ষতার প্রয়োজন হতো। কাজভিত্তিক বা বিষয়নির্ভর দক্ষতা হচ্ছে, নির্দিষ্ট কোনো কাজ সঠিকভাবে সম্পাদনের জন্য যে প্রযুক্তিগত সক্ষমতা প্রয়োজন। স্নাতকদের জন্য এগুলোর এখনো প্রয়োজন আছে। তবে চতুর্থ শিল্প বিপ্লবে শুধু প্রযুক্তিগত দক্ষতাই আর যথেষ্ট নয়।

দিন দিন যে দক্ষতাগুলো বেশি গুরুত্ব পাচ্ছে, সেগুলো হলো অভিযোজনমূলক দক্ষতা। এর মাধ্যমে একজন মানুষ নতুন দক্ষতা শিখতে পারে, বিদ্যমান জ্ঞানকে অপরিচিত পরিস্থিতিতে কাজে লাগাতে পারে এবং পরিবর্তনের সঙ্গে কার্যকরভাবে খাপ খাইয়ে নিতে সক্ষম হয়। এ সাধারণ ও সর্বজনীন সক্ষমতাগুলো মানুষকে বিভিন্ন শাখার সঙ্গে যৌথভাবে কাজ করতে, জটিল ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে, প্রতিষ্ঠানের পরিবর্তনশীল চাহিদা পূরণ করতে এবং আগে কখনো না দেখা পরিবেশেও কার্যকরভাবে কাজ করতে সক্ষম করে। অনিশ্চয়তায় ভরা এ বিশ্বে অভিযোজনক্ষমতা শুধু কর্মসংস্থানের যোগ্যতাই নয়, দীর্ঘমেয়াদে প্রাসঙ্গিকতা বজায় রাখার ক্ষমতাও নির্ধারণ করে।

আধুনিক ব্যবস্থা আর সহজ বা পূর্বানুমানযোগ্য নয়। এগুলো জটিল এবং প্রায়ই তিনটি বৈশিষ্ট্যে সংজ্ঞায়িত হয়: সমগ্রবাদ—যেখানে সামগ্রিকতা ব্যতীত অংশগুলো ব্যাখ্যা করা যায় না; বিপর্যয়মূলক অস্থিতিশীলতা—যেখানে সামান্য পরিবর্তন বড়, অনিশ্চিত ফলাফল করতে পারে এবং অধিবিষয়কতা (সাবজেক্টিভিটি)—যেখানে কিছু উপাদানকে সম্পূর্ণভাবে বস্তুনিষ্ঠভাবে বর্ণনা করা যায় না। এমন জটিলতার জন্য প্রকৌশলীদের প্রস্তুত করতে হলে স্নাতক পাঠ্যক্রমকে হতে হবে সমগ্রবাদী—যেখানে অস্পষ্টতা ও অনিশ্চয়তাকে গ্রহণ করা শেখানো হয়। অর্থাৎ পুরনো ‘খণ্ডিত’ দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে জ্ঞানকে একীভূত করে কার্যকর ও আন্তঃসংযুক্ত সমাধান তৈরির শিক্ষা দিতে হবে।

আমাদের মনে রাখতে হবে, আজকের প্রকৌশল শিক্ষার্থীরাই আগামী দিনের প্রকৌশল পেশাজীবী। তাদের সামনে এমন সব চ্যালেঞ্জ ও দ্বিধা আসবে, যা শিক্ষাজীবনে দেখা সমস্যা বা কাজের ধরন থেকে অনেকটাই ভিন্ন। এসব চ্যালেঞ্জ হবে খোলা, অস্পষ্ট ও পূর্বানুমান করা কঠিন; যেখানে পুরো ব্যবস্থার জটিলতা বুঝে নতুন ও উদ্ভাবনী সমাধান দিতে হবে। কিন্তু যদি শিক্ষাজীবনে তারা এমন সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার চ্যালেঞ্জের মুখোমুখি না হয়, তবে পেশাগত জীবনে এসব বাস্তব সমস্যার মোকাবেলার জন্য তারা যথাযথভাবে প্রস্তুত হতে পারবে না।

এ প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অনেক বিশ্ববিদ্যালয় এরই মধ্যে প্রচলিত লেকচারনির্ভর শিক্ষার জায়গা নিচ্ছে—অথবা অন্তত সম্পূরক হচ্ছে—প্রজেক্টভিত্তিক শিক্ষা, সমস্যাভিত্তিক শিক্ষা, ফ্লিপড ক্লাসরুম ও অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার (এক্সপেরিমেন্টাল লার্নিং) মতো পদ্ধতিতে। এসব উদ্যোগ স্বীকার করে নিচ্ছে যে পুরনো ‘চক-ডাস্টার’-নির্ভর শিক্ষা আর যথেষ্ট নয়। সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তার ধারণা দিতে নানা ধরনের প্রজেক্ট ছাত্ররা অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে করছে।

বাংলাদেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দেশের অর্থনীতি এখনো মূলত তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভরশীল, কিন্তু বহুমুখী ও জ্ঞাননির্ভর অর্থনীতি গড়ার আকাঙ্ক্ষা ক্রমে বাড়ছে। সেই লক্ষ্য পূরণে প্রকৌশল শিক্ষাকে এমন দক্ষ জনশক্তি তৈরি করতে হবে যারা কেবল ডিগ্রিধারী নয়, বরং বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম। বাস্তবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো এখনো মুখস্থনির্ভর শিক্ষা, অনমনীয় পাঠ্যক্রম ও প্রচলিত মূল্যায়নের ওপর নির্ভর করছে—যেখানে সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সুযোগ সীমিত।

আগামী প্রজন্মের প্রকৌশলীদের চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করতে হলে বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বব্যাপী ব্যাপকভাবে গৃহীত আউটকামভিত্তিক শিক্ষা (ওবিই) বাস্তবায়ন করতে হবে, আন্তঃবিষয়ক সহযোগিতা উৎসাহিত করতে হবে এবং আধুনিক শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। প্রজেক্টভিত্তিক শিক্ষা, শিল্প-শিক্ষা অংশীদারত্ব, ইন্টার্নশিপ ও ইনোভেশন হাব গড়ে তুলতে হবে, যাতে তত্ত্ব ও বাস্তবের ব্যবধান দূর হয়। শিক্ষার্থীদের এমন বাস্তব সমস্যা সমাধানে যুক্ত করতে হবে—যেমন নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট কৃষি, সাশ্রয়ী চিকিৎসা প্রযুক্তি বা জলবায়ু সহনশীল সমাধান—যাতে তাদের শিক্ষা সরাসরি জাতীয় অগ্রাধিকারে অবদান রাখে।

বাংলাদেশী প্রকৌশলীরা এরই মধ্যে বৈশ্বিক পরিসরে নিজেদের দক্ষতার প্রমাণ রেখেছেন। কিন্তু উচ্চশিক্ষায় সংস্কার ছাড়া দেশ বৈশ্বিক জ্ঞান প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। প্রকৌশল শিক্ষা কেবল শিল্পের জন্য জনশক্তি সরবরাহ নয়, বরং এমন উদ্ভাবক, গবেষক ও নেতৃত্ব তৈরি করবে যারা সমাজকে টেকসই ও ন্যায়সংগত ভবিষ্যতের পথে এগিয়ে নেবে। এ রূপান্তর সহজ নয়, তবে জরুরি ও অনিবার্য।

ভবিষ্যতের পথ স্পষ্ট। বাংলাদেশ যদি চতুর্থ শিল্প বিপ্লবে সফল হতে চায়, তবে প্রকৌশল শিক্ষাকে নতুনভাবে কল্পনা করতে হবে। মুখস্থনির্ভরতা, চক-ডাস্টারের গণ্ডি আর সংকীর্ণ বিশেষায়ণের বাইরে গিয়ে এমন প্রজন্ম তৈরি করতে হবে যারা অভিযোজ্য, নৈতিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণে সক্ষম।

এমএম শহিদুল হাসান: ডিস্টিংগুইশড প্রফেসর, ইস্টার্ন ইউনিভার্সিটি ও অধ্যাপক (অব.), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)

আরও