পণ্য প্রচারের আধুনিক ও সাশ্রয়ী প্রযুক্তি ফ্লেক্সিবল এলইডি ডিসপ্লে

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও ফ্লেক্সিবল এলইডি ডিসপ্লে বেশ লাভজনক। যদিও প্রাথমিকভাবে কিছুটা বিনিয়োগ প্রয়োজন হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর খরচ কম। প্রচলিত বিজ্ঞাপনের ক্ষেত্রে বারবার প্রিন্টিং, ইনস্টলেশন এবং পরিবর্তনের জন্য অতিরিক্ত খরচ হয়, কিন্তু ফ্লেক্সিবল এলইডি ডিসপ্লেতে একবার সেটআপ করার পর কনটেন্ট সহজেই পরিবর্তন করা যায়, যা সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করে।

বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় বিবেচনায় ব্যবসায়ীদের জন্য পণ্য বা সেবার প্রচারণার ক্ষেত্রে কিছুটা সংকোচন করতে হচ্ছে। তবে তাদের প্রচারণা ও বিজ্ঞাপন এখনকার সময়ে ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এসব বিবেচনায় ফ্লেক্সিবল এলইডি একটি বড় সমাধান। যেকোনো প্রচলিত ডিসপ্লের প্রচারগত, ব্যয়গত ও পরিবেশগত সীমাবদ্ধতাকে এ প্রযুক্তি অতিক্রম করতে পেরেছে। তবে এ প্রযুক্তির প্রচলন এখনো দেশে ব্যাপকভাবে শুরু হয়নি। এ ধরনের ডিসপ্লে সচরাচর পিচবোর্ড জাতীয় সাবস্ট্রেট, রাবারাইজড প্যানেল বা বিশেষ পলিমার উপাদান দিয়ে নির্মিত। এজন্য এটি যথেষ্ট নমনীয় হওয়ায় জটিল স্থাপনায় সহজেই যুক্ত করা যায়। এ প্রযুক্তির অভিযোজন ক্ষমতা এর মূল শক্তি। গোটা স্ক্রিনটি সমতল পৃষ্ঠে আবদ্ধ। আবার এটিকে অধিকাংশ পৃষ্ঠে বা ত্রিমাত্রিক নকশাতেও ব্যবহার করা যায়। এজন্য এটিকে শুধু ডিসপ্লে নয় বরং স্থাপত্য ও নকশার অংশ হিসেবেও ব্যবহার করা হচ্ছে।

ফ্লেক্সিবল এলইডির পিক্সেল পিচ বিভিন্ন আকারের হয়। কাছ থেকে বা দূরবর্তী কোনো বস্তু দেখার উপযোগী করে এটিকে তৈরি করা হয়। স্থাপত্য নকশা, ইন্টেরিয়র ডিজাইন এবং সৃজনশীল বিজ্ঞাপন ও বিপণনের ক্ষেত্রে ফ্লেক্সিবল এলইডি ডিসপ্লে বড় উদ্ভাবন। শপিং মল, স্টেজ ব্যাকড্রপ, কনসার্ট, প্রদর্শনী, এয়ারপোর্ট, বড় বড় করপোরেট অফিস, গাড়ির শো-রুম এবং স্মার্ট সিটি ইনস্টলেশনে এ প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। এর অন্যতম কারণ হলো এর উচ্চ উজ্জ্বলতা, প্রাণবন্ত রঙ এবং ডাইনামিক কনটেন্ট প্রদর্শনের ক্ষমতা। প্রচলিত ম্যানুয়াল ব্যানার বা পোস্টারের তুলনায় এটি অনেক বেশি আকর্ষণীয় এবং দর্শকের মনোযোগ দ্রুত কেড়ে নিতে সক্ষম। একইভাবে কম্পিউটারাইজড অ্যানিমেটেড বিজ্ঞাপনের তুলনায় ফ্লেক্সিবল এলইডি বেশি বাস্তবসম্মত ও ইমারসিভ অভিজ্ঞতা তৈরি করতে পারে, বিশেষ করে যখন এটি কার্ভড বা থ্রিডি পৃষ্ঠে প্রদর্শিত হয়। ফলে ব্র্যান্ডগুলো তাদের পণ্যের বার্তা আরো কার্যকরভাবে উপস্থাপন করতে পারে এবং গ্রাহকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে সক্ষম হয়।

প্রযুক্তিগত দিক থেকে ফ্লেক্সিবল এলইডি ডিসপ্লে অত্যন্ত উন্নত। এতে ব্যবহৃত হয় ক্ষুদ্রাকৃতির এলইডি চিপ, যা নমনীয় সার্কিট বোর্ডে বসানো থাকে। এই সার্কিটগুলো এমনভাবে ডিজাইন করা হয় যাতে বারবার বাঁকানো বা নড়াচড়া করার পরও এর কার্যক্ষমতা অক্ষুণ্ণ থাকে। এছাড়া এতে আধুনিক কন্ট্রোল সিস্টেম থাকে যা কম্পিউটার বা মিডিয়া সার্ভারের মাধ্যমে কনটেন্ট নিয়ন্ত্রণে সাহায্য করে। অনেক ক্ষেত্রে ওয়্যারলেস কন্ট্রোল সিস্টেমও ব্যবহার করা হয়, যা দূর থেকে সহজেই কনটেন্ট আপডেট করতে সক্ষম। পাশাপাশি পাওয়ার কনজাম্পশন তুলনামূলক কম হওয়ায় এটি শক্তিসাশ্রয়ীও বটে। ইনস্টলেশন প্রক্রিয়াও তুলনামূলক সহজ, কারণ এটি হালকা ওজনের এবং বিভিন্ন সারফেসে সহজেই ফিট করা যায়। এর প্রস্তুত প্রক্রিয়াও তুলনামূলকভাবে উন্নত ও সহজ। প্রথমে একটি নমনীয় সাবস্ট্রেট নির্বাচন করা হয়, যা সাধারণত পলিইমাইড বা সিলিকন-ভিত্তিক উপাদান দিয়ে তৈরি। এরপর সার্কিট ডিজাইন করে ক্ষুদ্র এলইডি চিপগুলোকে সারফেস মাউন্ট টেকনোলজি (এসএমটি) পদ্ধতিতে বসানো হয়। প্রতিটি মডিউলকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে তা সহজে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা যায় এবং বিভিন্ন আকারে সাজানো যায়। পরবর্তী ধাপে কন্ট্রোল সিস্টেম ও ড্রাইভার আইসি যুক্ত করা হয়, যা কম্পিউটার বা মিডিয়া প্লেয়ার থেকে প্রাপ্ত সিগন্যাল অনুযায়ী ডিসপ্লেতে ছবি বা ভিডিও প্রদর্শন করে। শেষে পুরো ইউনিটকে একটি সুরক্ষামূলক স্তর দিয়ে কোটিং করা হয়, যাতে ধুলো, আর্দ্রতা ও তাপমাত্রার প্রভাব থেকে এটি রক্ষা পায়।

অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও ফ্লেক্সিবল এলইডি ডিসপ্লে বেশ লাভজনক। যদিও প্রাথমিকভাবে কিছুটা বিনিয়োগ প্রয়োজন হতে পারে, তবে দীর্ঘমেয়াদে এর খরচ কম। প্রচলিত বিজ্ঞাপনের ক্ষেত্রে বারবার প্রিন্টিং, ইনস্টলেশন এবং পরিবর্তনের জন্য অতিরিক্ত খরচ হয়, কিন্তু ফ্লেক্সিবল এলইডি ডিসপ্লেতে একবার সেটআপ করার পর কনটেন্ট সহজেই পরিবর্তন করা যায়, যা সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করে। এছাড়া এর টেকসই গঠন ও দীর্ঘস্থায়ী কার্যক্ষমতার কারণে রক্ষণাবেক্ষণ খরচও কম। বাংলাদেশে ফ্লেক্সিবল এলইডি ডিসপ্লের মূল্য মূলত পিক্সেল পিচ রেজল্যুশন ও আকারের ওপর নির্ভর করে। ২০২৬ সালের তথ্য অনুযায়ী, ছোট আকারের ফ্লেক্সিবল এলইডি ম্যাট্রিক্স প্যানেল প্রায় ২ থেকে ৫ হাজার টাকায় পাওয়া যায়। তবে প্রফেশনাল বা কাস্টমাইজড ফ্লেক্সিবল এলইডি ডিসপ্লে সাধারণত প্রতি বর্গফুট প্রায় ৭ হাজার ৫০০ থেকে ১০ হাজার টাকার ওপরে হয়ে থাকে। ব্যবসায়ীরা প্যানেলটিকে বর্তমানে একটি কার্যকর বিনিয়োগ হিসেবে বিবেচনা করছেন, বিশেষ করে যেখানে নিয়মিত কনটেন্ট আপডেটের প্রয়োজন হয়। সেজন্য বাজার চাহিদার দিক থেকে ফ্লেক্সিবল এলইডি ডিসপ্লে বর্তমানে একটি দ্রুত বর্ধনশীল সেক্টর। ডিজিটাল বিজ্ঞাপনের প্রসার, স্মার্ট সিটি প্রকল্প এবং ব্র্যান্ডিংয়ের নতুন কৌশল এ চাহিদাকে আরো বাড়িয়ে তুলেছে। বিশেষ করে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের উন্নয়নশীল শহরগুলোতে এর ব্যবহার ব্যাপকভাবে বাড়ছে। বাংলাদেশেও বড় শপিং মল, করপোরেট অফিস এবং ইভেন্ট ম্যানেজমেন্ট খাতে ধীরে ধীরে এর ব্যবহার শুরু হয়েছে।

যেহেতু এই ডিসপ্লেগুলো আকর্ষণীয়, গতিশীল এবং কাস্টমাইজেবল, তাই ব্যবসায়ীরা তাদের পণ্যের প্রচারের জন্য এগুলোকে কার্যকর মাধ্যম হিসেবে বিবেচনা করছেন। এর প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে এর নমনীয়তা, হালকা ওজন, সহজ ইনস্টলেশন এবং উচ্চ ভিজ্যুয়াল ইমপ্যাক্ট। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এটি বাঁকানো, ভাঁজ করা, এমনকি সিলিন্ডার বা জটিল জ্যামিতিক আকারে স্থাপন করা যায়। এটি সহজে পরিবহনযোগ্য এবং বিভিন্ন স্থানে দ্রুত স্থাপন করা যায়। এছাড়া কম বিদ্যুৎ খরচে দীর্ঘ সময় ব্যবহার করা যায়, যা এটিকে অর্থনৈতিকভাবে লাভজনক করে তোলে। তবে কিছু অসুবিধাও রয়েছে, যেমন উন্নত প্রযুক্তির কারণে প্রাথমিক সেটআপ খরচ কিছুটা বেশি হতে পারে এবং রক্ষণাবেক্ষণে দক্ষ প্রযুক্তিবিদের প্রয়োজন হয়। তাছাড়া অতিরিক্ত বাঁকানো বা ভুল ব্যবহারে ডিসপ্লের ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকে। কারণ অত্যধিক বাঁকানো বা অনিয়মিত ব্যবহারের ফলে কিছু ক্ষেত্রে পিক্সেল ড্যামেজ হতে পারে। এছাড়া নিম্নমানের উপাদান ব্যবহার করলে এর স্থায়িত্ব কমে যেতে পারে। পরিবেশগত দিক থেকেও কিছু প্রশ্ন রয়েছে। তবে সঠিক মানের পণ্য নির্বাচন, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং দক্ষ ইনস্টলেশনের মাধ্যমে এসব সমস্যা অনেকাংশে কমানো সম্ভব। তবুও এটি আধুনিক বিজ্ঞাপন ও ডিজিটাল প্রদর্শনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। এটি শুধু তথ্য প্রদর্শনের মাধ্যম নয়, বরং সৃজনশীলতা প্রকাশের একটি শক্তিশালী প্লাটফর্ম। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এর উৎপাদন খরচ কমবে এবং ব্যবহার আরো সহজলভ্য হবে বলে আশা করা যায়। ভবিষ্যতে স্মার্ট বিলবোর্ড, ভার্চুয়াল রিয়েলিটি ইন্টিগ্রেশন এবং ইন্টারেক্টিভ ডিসপ্লের সঙ্গে এর সমন্বয় ঘটিয়ে আরো উন্নত ও আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করা সম্ভব হবে। তাই প্রযুক্তিনির্ভর বিশ্বে ফ্লেক্সিবল এলইডি ডিসপ্লে একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় উদ্ভাবন হিসেবে বিবেচিত হচ্ছে।

. এম মেসবাহউদ্দিন সরকার: অধ্যাপক, তথ্য ও প্রযুক্তি ইনস্টিটিউট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আরও