রাজনীতিতে এআই লিখিত বক্তৃতার জোয়ার

রাজনৈতিক বক্তৃতার মূল্য শুধু তথ্য বা সুন্দর ভাষায় নয়; একজন রাজনীতিকের নিজস্ব কণ্ঠ, অভিজ্ঞতা, আবেগ ও দায়বদ্ধতার মধ্যেও এর গুরুত্ব নিহিত।

রাজনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিস্তার একটি মৌলিক প্রশ্নের মুখোমুখি করছে—প্রযুক্তি কি মানুষের সেবা করছে, নাকি মানুষ ও সমাজ ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানির স্বার্থ অনুযায়ী নিজেদের বদলে নিচ্ছে? এখন রাজনীতিকদের বক্তৃতা, বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট তৈরিতে এআই ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এতে সময় ও শ্রম কমছে, কিন্তু রাজনীতির ভাষা ও জনসম্পৃক্ততার প্রকৃতি নিয়েও প্রশ্ন তৈরি হচ্ছে।

রাজনৈতিক বক্তৃতার মূল্য শুধু তথ্য বা সুন্দর ভাষায় নয়; একজন রাজনীতিকের নিজস্ব কণ্ঠ, অভিজ্ঞতা, আবেগ ও দায়বদ্ধতার মধ্যেও এর গুরুত্ব নিহিত। এআই যদি সেই ব্যক্তিগত কণ্ঠকে প্রতিস্থাপন করে, তাহলে বক্তৃতা হয়তো আরো পরিশীলিত হবে, কিন্তু তা রাজনীতিক ও জনগণের মধ্যকার প্রত্যক্ষ সম্পর্ককে দুর্বল করতে পারে।

আরো বড় উদ্বেগ হলো, এআই-নির্ভর রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে একই ধরনের ভাষা ও বার্তা দ্রুত বিপুল মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এতে রাজনৈতিক বিতর্কের বৈচিত্র্য কমে গিয়ে জনমতকে প্রভাবিত করার নতুন সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে এআই-উৎপাদিত বক্তব্যে ভুল তথ্য বা এমন দাবি ঢুকে পড়ার ঝুঁকিও রয়েছে, যার দায় শেষ পর্যন্ত কে নেবে, সেটিও স্পষ্ট নয়।

তবে এক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বন্ধ করতে হবে তা নয়, বরং রাজনৈতিক যোগাযোগে এআই ব্যবহারের ক্ষেত্রে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও মানবিক তদারকি নিশ্চিত করা জরুরি। প্রযুক্তি যেন রাজনীতিকে আরো কার্যকর করে, রাজনীতিকদের মানুষের কাছ থেকে আরো দূরে সরিয়ে না দেয়—এটাই মূল প্রশ্ন।

[দি ইকোনমিস্ট প্রকাশিত এক নিবন্ধে]

আরও