ঝুঁকি ব্যবস্থাপনা কেন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা

আধুনিক বিশ্বে নিশ্চিত বলে কিছু নেই। প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকে অনিশ্চয়তার ছায়া। চাকরি, ব্যবসা, বিনিয়োগ, প্রযুক্তি কিংবা জলবায়ু—সব ক্ষেত্রেই অনিশ্চয়তা যেন স্থায়ী বাস্তবতা হয়ে উঠেছে। একটি নতুন উদ্যোগ শুরু করা হোক বা একটি প্রতিষ্ঠানের বড় সিদ্ধান্ত—প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে থাকে সম্ভাব্য ঝুঁকি। কিন্তু ঝুঁকি কি কেবল ভয় আর ক্ষতির নাম? নাকি ঝুঁকির মধ্যেই লুকিয়ে আছে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ?

আধুনিক ব্যবস্থাপনা চিন্তাধারা বলছে, ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমত্তা নয়; বরং ঝুঁকিকে চিনে নেয়া, বিশ্লেষণ করা এবং নিয়ন্ত্রণে আনাই হলো দূরদর্শী সিদ্ধান্তের ভিত্তি। এ দর্শনের নামই ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্ট, যা আজ কেবল করপোরেট জগতের শব্দ নয়, বরং ব্যক্তি, পরিবার, সমাজ ও রাজনীতির জন্যও এক অপরিহার্য দক্ষতা হিসেবে বিবেচিত হচ্ছে।

একজন ক্ষুদ্র উদ্যোক্তা যখন ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন, একজন মধ্যবিত্ত পরিবার যখন সন্তানের উচ্চশিক্ষার পরিকল্পনা করেন, একজন তরুণ যখন ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন, কিংবা কেউ যখন জনসেবায় ব্রতী হয়ে রাজনীতিতে নাম লেখাতে চান—সব ক্ষেত্রেই ঝুঁকি ব্যবস্থাপনা অঘোষিতভাবে কাজ করে। সুতরাং ঝুঁকি ব্যবস্থাপনা জীবনের জন‍্য এক কঠিন বাস্তবতা।

ঝুঁকি ব্যবস্থাপনা মূলত এমন একটি কাঠামোবদ্ধ প্রক্রিয়া, যা অনিশ্চয়তাকে অন্ধকার নয়, বরং আলোচনার টেবিলে নিয়ে আসে। আধুনিক ব্যবস্থাপনা তত্ত্ব অনুযায়ী, এ প্রক্রিয়া সাধারণত পাঁচটি ধাপে সম্পন্ন হয় যেগুলো নিয়েই আজকের আলোচনা—

ঝুঁকি শনাক্তকরণ—সমস্যা চেনাই প্রথম সমাধান

আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার প্রথম ধাপ ঝুঁকি শনাক্তকরণ। কারণ ঝুঁকি ব্যবস্থাপনার শুরুটাই হয় সঠিক প্রশ্ন দিয়ে—কী কী ভুল হতে পারে? যে ঝুঁকিকে আমরা চিনতেই পারিনি, তার মোকাবেলা করার সুযোগও আমাদের থাকে না। তাই যেকোনো পরিকল্পনা বা উদ্যোগের আগে সম্ভাব্য সমস্যাগুলো চিহ্নিত করা অত্যন্ত জরুরি।

এ ঝুঁকি হতে পারে আর্থিক, যেমন নগদ আর্থিক প্রবাহে সংকট; প্রযুক্তিগত, যেমন সিস্টেম বিকল হওয়া; মানবসম্পদজনিত, যেমন দক্ষ জনবলের অভাব; কিংবা প্রাকৃতিক বিপর্যয়, যেমন বন্যা বা ঘূর্ণিঝড়। বাস্তবতা হলো, অনেক বড় বিপর্যয়ের শুরু হয় ছোট ছোট অবহেলা থেকে। অথচ শুরুতেই ঝুঁকির একটি স্পষ্ট তালিকা তৈরি করতে পারলে অর্ধেক পথ পেরোনো হয়ে যায় অনায়াসেই।

সম্ভাবনা ও প্রভাব—সব ঝুঁকি সমান নয়

ঝুঁকি শনাক্ত করার পর দ্বিতীয় ধাপে প্রশ্ন আসে—এ ঝুঁকিটি কতটা বাস্তব? সব ঝুঁকি সমান গুরুত্ব বহন করে না। কোনো ঝুঁকি প্রতিদিন ঘটতে পারে, কিন্তু তার ক্ষতি সামান্য। আবার কোনো ঝুঁকি খুব কম ঘটে, কিন্তু ঘটলে পুরো ব্যবস্থাকে অচল করে দিতে পারে।

এখানেই প্রয়োজন পড়ে সম্ভাবনা ও প্রভাব বিশ্লেষণের। এ ঝুঁকি বাস্তবে রূপ নেয়ার সম্ভাবনা কতটা? আর ঘটলে তার প্রভাব হবে কতটা গভীর? এ দুইয়ের সমন্বয়েই ঝুঁকির প্রকৃত গুরুত্ব নির্ধারিত হয়। অনেক প্রতিষ্ঠান এ বিশ্লেষণের জন্য ঝুঁকি ম্যাট্রিক্স ব্যবহার করে, যা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরো কার্যকর ও বাস্তবসম্মত করে তোলে।

অগ্রাধিকার নির্ধারণ—বাস্তবতার সঙ্গে সমঝোতা

বাস্তব জীবনে সম্পদ সীমিত—সময়, অর্থ, জনবল সবকিছুরই সীমা আছে। ফলে সব ঝুঁকিকে একসঙ্গে সমান গুরুত্ব দেয়া সম্ভব নয়। তাই তৃতীয় ধাপে এসে ঝুঁকিগুলোর মধ্যে অগ্রাধিকার নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

যেসব ঝুঁকি সরাসরি প্রতিষ্ঠানের মূল লক্ষ্য, সুনাম বা অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, সেগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অনেক সময় ঝুঁকিগুলোকে উচ্চ, মাঝারি ও নিম্ন—এ তিন স্তরে ভাগ করে নেয়া হয়। এতে কোন ঝুঁকির পেছনে আগে সম্পদ ব্যয় করতে হবে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়।

ঝুঁকি মোকাবেলা—সিদ্ধান্তের বাস্তব প্রয়োগ

ঝুঁকি চিহ্নিত ও বিশ্লেষণ করার পর আসে সবচেয়ে কঠিন ধাপ। অর্থাৎ যথাযথ সিদ্ধান্ত নেয়া বা অ্যাকশন নেয়ার পালা। এ ক্ষেত্রে সাধারণভাবে ঝুঁকি মোকাবেলায় চারটি কৌশল ব্যবহৃত হয়।

এক. ঝুঁকি এড়িয়ে চলা—ঝুঁকি যদি গ্রহণযোগ্য মাত্রার বাইরে চলে যায়, তবে সেই পরিকল্পনা বাতিল করা। দুই. ঝুঁকি কমানো—প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে ক্ষতির সম্ভাবনা বা মাত্রা কমানো, অগ্নিকাণ্ডের ঝুঁকি কমাতে ফায়ার এক্সটিংগুইশার রাখা)। তিন. ঝুঁকি হস্তান্তর—বীমা বা তৃতীয় পক্ষের মাধ্যমে ঝুঁকির দায় অন্যের ওপর হস্তান্তর করা। চার. ঝুঁকি গ্রহণ—ঝুঁকিটি প্রতিষ্ঠানের জন্য তুলনামূলক কম ক্ষতির কারণ হলে তা মেনে নিয়ে এগিয়ে যাওয়া। তবে কোন কৌশলটি বেছে নেয়া হবে, তা নির্ভর করে ঝুঁকির প্রকৃতি, প্রতিষ্ঠানের সক্ষমতা এবং দীর্ঘমেয়াদি ও স্থায়িত্বশীল লক্ষ্য অনুযায়ী।

পর্যবেক্ষণ ও অভিযোজন—ঝুঁকি কখনো স্থির থাকে না

ঝুঁকি ব্যবস্থাপনা কোনো এককালীন সিদ্ধান্ত নয়। বাজার বদলায়, প্রযুক্তি বদলায়, সমাজ বদলায়, রাজনীতি বদলায়—আর সেই সঙ্গে বদলায় ঝুঁকির ধরনও। তাই ঝুঁকি ব্যবস্থাপনার সর্বশেষ ধাপে এসে গৃহীত কৌশলগুলো নিয়মিত পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন করাই হলো কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার মূল শক্তি। আধুনিক ব্যবস্থাপনায় একে বলা হয় অ্যাডাপটিভ ম্যানেজমেন্ট—অর্থাৎ বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে নিজেকে বদলে নেয়ার সক্ষমতা।

প্রযুক্তি ও ঝুঁকি ব্যবস্থাপনা এখন সাফল্যের হাতিয়ার

২০২৬ সালের বাস্তবতায় ঝুঁকি ব্যবস্থাপনা আর কেবল অভিজ্ঞতার ওপর নির্ভরশীল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা, ডাটা অ্যানালিটিকস ও প্রেডিক্টিভ মডেল ঝুঁকি পূর্বাভাসকে করেছে আরো নির্ভুল। বিশ্বজুড়ে ৭০০ কোটি মানুষ মোবাইল ফোন ব‍্যবহার করছে যাদের মধ্যে প্রায় ৫২২ কোটি মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী, বাংলাদেশেও মোট জনসংখ্যার ৮১ শতাংশ—অর্থাৎ ১৩.৬৯ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন যাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ১২ কোটির বেশি।

এ বিপুল ডাটা বিশ্লেষণ করে আর্থিক জালিয়াতি, সাইবার আক্রমণ কিংবা জলবায়ুজনিত ঝুঁকি আগেভাগেই শনাক্ত করা সম্ভব হচ্ছে। ফলে ঝুঁকি ব্যবস্থাপনা এখন আর আগের মতো নেই, এটি ক্রমেই হয়ে উঠছে পূর্বপ্রস্তুতিমূলক।

পরিশেষে ঝুঁকি মানেই ভয় নয়। ঝুঁকি মানেই সচেতন হওয়ার সুযোগ। যারা ঝুঁকিকে এড়িয়ে চলে, তারা হয়তো সাময়িক নিরাপদ থাকে; কিন্তু যারা ঝুঁকিকে বোঝে ও নিয়ন্ত্রণ করতে শেখে, তারাই দীর্ঘমেয়াদে এগিয়ে যায়।

একটি জাহাজ বন্দরে থাকলে নিরাপদ—কিন্তু জাহাজ তো বন্দরে থাকার জন্য তৈরি হয়নি। তাকে সাগরে নামতেই হয়, ঢেউয়ের মুখোমুখি হতেই হয়। আর সেই উত্তাল সাগরে দিকনির্দেশনা দেয়ার সবচেয়ে নির্ভরযোগ্য কম্পাসই হলো ঝুঁকি ব্যবস্থাপনা।

এমএম মাহবুব হাসান: ব্যাংকার, উন্নয়ন গবেষক ও লেখক

আরও