শহীদ বুদ্ধিজীবী দিবস

স্মরি তাদের পরম শ্রদ্ধায়ঃ একাত্তরের ১৪ ডিসেম্বর পরিকল্পিত হত্যাকাণ্ডের পরিপূর্ণ বিচার কি পেয়েছি

চুয়ান্ন বছর আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমরা হারিয়েছি বাংলাদেশের সূর্যসন্তানদের-শ্রদ্ধাভাজন শিক্ষকদের, গুণী শিল্পীদের, খ্যাতনামা সাংবাদিকদের, প্রথিতযশা কবি-লেখকদের।

চুয়ান্ন বছর আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আমরা হারিয়েছি বাংলাদেশের সূর্যসন্তানদের-শ্রদ্ধাভাজন শিক্ষকদের, গুণী শিল্পীদের, খ্যাতনামা সাংবাদিকদের, প্রথিতযশা কবি-লেখকদের। এদের হত্যা করার নীলনকশা তৈরি করেছিল পাকিস্তানি শাসকরা আর তার বাস্তবায়ন ঘটিয়েছিল তাদের দোসর সহযোগীরা। আজ ১৪ ডিসেম্বর—শহীদ বুদ্ধিজীবী দিবস।

বিজয়ের একেবারে অন্তিম সীমায় বাড়ি বাড়ি গিয়ে যারা এদের তুলে নিয়ে এসেছিল, তারা কিন্তু ভিনদেশী সৈনিক নয়, এ দেশেরই মানুষ কিংবা মানুষরূপী পশু। তাদের হাত কাঁপেনি এসব সোনার মানুষকে চোখ বেঁধে দিতে, ঠোঁট কাঁপেনি সেই মিথ্যা আশ্বাস দিতে, ‘আবার ফিরিয়ে দিয়ে যাব’, বুক কাঁপেনি এসব নরম মনের মানুষকে আঘাত করতে। না, তারা ফেরেননি সেদিনও না, কোনো দিন না আজ তক্। বধ্যভূমিই হয়েছে তাদের শেষশয‍্যা।

শহীদ বুদ্ধিজীবী দিবসে আমার তিন দল মানুষের কথা বড় মনে হয়। যাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের কথা—বড় বেদনার সঙ্গে। সেই সব শহীদের সন্তানদের, যাদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ আমার হয়েছে, তাদের কথা—বড় মমতার সঙ্গে এবং সেই সব হন্তার কথা, তীব্র ঘৃণার সঙ্গে, যারা এমন পাশবিক কাজ করে আজও বহাল তবিয়তে আছে।

আমার প্রায়ই মনে হয়, ১৪ ডিসেম্বর আমি নির্মমভাবে বঞ্চিত হয়ে পড়েছি। ভাবতেই পারি না যে আমার প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়ের হীরন্ময় কিছু মানুষকে আর কোনোদিন দেখতে পাব না, বহু প্রিয় লেখকের নতুন লেখা আর পড়তে পাব না, অনেক সংগীতশিল্পীর কণ্ঠ আর সামনাসামনি শুনতে পাব না। আমরা অনেকেই এসব স্বপ্নদ্রষ্টা মানুষকে ঠিক চিনতে পারিনি, পাকিস্তানিরা কিন্তু ঠিকই পেরেছিল। বাংলাদেশের সৃষ্টিশীলতা আর সৃজনশীলতার ভিত্তি গুঁড়িয়ে দিতে, আমাদের দেশের শিক্ষা ও শিল্প-সাহিত্যকে নিশ্চিহ্ন করার জন্যই তারা বেছে নিয়েছিল এসব অনন্য সাধারণ মানুষকে। মানুষ চিনতে ওরা ভুল করেনি।

অনেকেই জিজ্ঞাসা করেন, লাখ লাখ নিহত মানুষের মধ্যে কেন বারবার শুধু শহীদ বুদ্ধিজীবীদের কথা উঠে আসে। আমার মনে হয়, এর উত্তর দুটি। একটি প্রত্যক্ষ আর অন্যটি পরোক্ষ। প্রত্যক্ষ কারণটি হচ্ছে, এ মানুষগুলো আমাদের বুদ্ধিবৃত্তির জগতের অনন্য কিছু মানুষ ছিলেন—যাদের স্বপ্নদৃষ্টি, দিকদর্শন, চিন্তাভাবনা, শিক্ষা ও পরামর্শ আমাদের অনুপ্রাণিত করছে প্রতিনিয়ত। তাই আমাদের হৃদয়ে তাদের জন্য বিশেষ স্থান আছে। পরোক্ষ কারণটি হচ্ছে, আমাদের মতো সাধারণ মানুষ বহু শহীদের স্মৃতি একসঙ্গে হৃদয়ে ধারণ করতে পারে না। তখন আমরা প্রতীক খুঁজে নিই। ১৪ ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবীরা আমাদের সেই প্রতীক। এ প্রতীকের মাঝখান দিয়েই আমরা পৌঁছে যাই অন্য সব জানা-অজানা শহীদদের কাছে।

একাত্তর-উত্তর সময়ে শিক্ষক হিসেবে আমার সুবর্ণ সুযোগ ঘটেছিল উপর্যুক্ত শহীদদের অনেকেরই সন্তানদের সঙ্গে—বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে। আশির দশকের মাঝামাঝি সময়ে অর্থনীতি বিভাগে পড়াতে গিয়ে দেখি যে শ্রেণীকক্ষে শিক্ষার্থী হিসেবে বসে আছে মিতি (শহীদ চিকিৎসক ডা. মর্তুজার কন্যা), শোভন ও সুমন (শহীদ অধ্যাপক মোফাজ্জেল হায়দার চৌধুরীর পুত্র), তৌহীদ (শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের পুত্র)।

শিক্ষার্থী হিসেবে নয়, কিন্তু অন্যভাবেও কাছে পেয়েছি অন্য শহীদ সন্তানদের। বৈবাহিক সূত্রে আত্মীয়তার বৃহত্তর অঙ্গনে কাছাকাছি এসেছি ভাষণ, প্রয়াত মিশুক আর তন্ময়ের সঙ্গে—শহীদ মুনীর চৌধুরীর সন্তানদের সঙ্গে। অবয়ব পত্রের মাধ্যমে পরিচিত হয়েছি মাহমুদার সঙ্গে (শহীদ অধ্যাপক সিরাজুল হক খানের সন্তান)। জেনেছি মাহমুদকে—শহীদ অধ্যাপক রাশীদুল হাসানের পুত্র সে।

সেই সঙ্গে এটাও মনে হয়েছে, সেদিনের যে শিশু, কিশোর-কিশোরীরা পশুশক্তির কাছে তাদের বাবাকে হারিয়েছে, তারা আজ পরিণত বয়সের মানুষ। তাদের মনে পিতৃ হারানোর বেদনা আমরা কেউ বুঝব না। কারণ সব দুঃখই তো মানুষের ব্যক্তিগত, সব বেদনাই তো তার নিজস্ব। কিন্তু এটা তো বুঝি যে তাদের পিতার হন্তাদের ‘বিচারের দাবি তাদের মনে নিভৃতে কাঁদে’ অহর্নিশ।

যারা আমাদের সূর্যসন্তানদের হত্যা করেছিল ১৯৭১-এর ১৪ ডিসেম্বর, সেই সব খুনি আজও বহাল তবিয়তে আছে পৃথিবীর নানা জায়গায়—ঘুরে বেড়াচ্ছে স্বাধীন মানুষ হিসেবে। এ লজ্জা, এ ক্ষোভ কোথায় রাখি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জার্মানির ছয় লাখ ইহুদি হন্তা পলাতক আইকম্যানকে যদি প্রায় সাত দশক আগে আর্জেন্টিনা থেকে ধরে ইসরায়েলে নিয়ে তার বিচার করা যায়, তাহলে আজকের আধুনিক জগতে আমাদের শহীদ বুদ্ধিজীবী খুনিদের কেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ধরে এনে বাংলাদেশের মাটিতে বিচার করা যাবে না।

শহীদ বুদ্ধিজীবীদের হত্যাকারীদের বিচার ভিন্ন কোনো পথ নেই—শুধু ন্যায্যতার কারণে নয়, শুধু মানবিকতার কারণেও নয়, শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তির জন্য, শহীদ সন্তানদের অন্তরের বিচারের দাবি মেটানোর জন্য, জাতি হিসেবে আমাদের দায়মুক্তির জন্য। সে দায় রাষ্ট্র, সমাজ ও ব্যক্তি মানুষের।

সেলিম জাহান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ও ভূতপূর্ব পরিচালক, মানব উন্নয়ন প্রতিবেদন দপ্তর এবং দারিদ্র্য দূরীকরণ বিভাগ, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র

আরও