জুলাই গণ-অভ্যুত্থান ছিল রাষ্ট্র ও জনগণের সম্পর্কের গভীর সংকটের বহিঃপ্রকাশ

ইতিহাসের কিছু দিন কেবল ক্ষমতার পালাবদলের দিন নয়; তারা হয়ে ওঠে একটি রাষ্ট্রের আত্মসমালোচনার মুহূর্ত। বাংলাদেশের জন্য ২০২৪ সালের ৫ আগস্ট তেমনই একটি দিন। দুই বছর পেরিয়ে গেলেও দিনটি নিয়ে বিতর্ক থামেনি। কারো কাছে এটি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, কারো কাছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, আবার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের অনেক নেতার কাছে এটি দেশী-বিদেশী ষড়যন্ত্রের ফল। কিন্তু ইতিহাস সাধারণত একরৈখিক ব্যাখ্যা মেনে নেয় না। রাজনৈতিক পরিবর্তনের পেছনে একাধিক কারণ কাজ করে, আর দৃশ্যমান ঘটনা প্রায়ই দীর্ঘদিনের সংকটের শেষ পরিণতি মাত্র।

রাষ্ট্রবিজ্ঞানের একটি মৌলিক সত্য হলো, কোনো সরকার একদিনে ক্ষমতা হারায় না। পতনের বীজ অনেক আগে থেকেই রোপিত হয়। রাজনৈতিক সিদ্ধান্ত, প্রশাসনিক ব্যর্থতা, জনআস্থার ক্ষয়, অর্থনৈতিক চাপ এবং সামাজিক অসন্তোষ ধীরে ধীরে এমন একটি পরিস্থিতি তৈরি করে, যেখানে একটি নির্দিষ্ট ঘটনা পরিবর্তনের অনুঘটক হয়ে ওঠে। তাই ৫ আগস্টকে কেবল একটি দিনের ঘটনা হিসেবে দেখলে পুরো বাস্তবতা ধরা পড়ে না। এটি ছিল দীর্ঘদিন ধরে জমে ওঠা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংকটের দৃশ্যমান প্রকাশ।

বড় রাজনৈতিক পরিবর্তনের সময় দেশীয় ও আন্তর্জাতিক নানা শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করে। কিন্তু শুধু ষড়যন্ত্র দিয়ে কোনো সরকারকে সরানো যায় না। তা তখনই কার্যকর হয়, যখন রাষ্ট্রের ভেতরে রাজনৈতিক ভুল, জনআস্থার সংকট ও জনঅসন্তোষ তার অনুকূল পরিবেশ তৈরি করে।

২০২৪ সালের আন্দোলনের সূচনাও এ বাস্তবতাকে স্মরণ করিয়ে দেয়। শুরুতে এটি ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। দাবিগুলো ছিল স্পষ্ট, নেতৃত্বও ছিল শিক্ষার্থীদের হাতে। সরকার শুরুতে বিষয়টিকে মূলত বিচারাধীন প্রশ্ন হিসেবে দেখেছিল। কিন্তু সময়ের সঙ্গে আন্দোলনটি আইনি প্রশ্নের গণ্ডি পেরিয়ে বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক সংকটে রূপ নিতে শুরু করে, আন্দোলন দমনে রাষ্ট্রের কঠোর অবস্থান, সংঘাতের বিস্তার, প্রাণহানি এবং দীর্ঘদিনের জমে থাকা জনঅসন্তোষ আন্দোলনের চরিত্র পাল্টে দেয়। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক অসন্তোষের প্রতীকে পরিণত হয়। শিক্ষার্থীদের পাশে দাঁড়ান শিক্ষক, অভিভাবক, পেশাজীবী, সংস্কৃতিকর্মী এবং নানা শ্রেণী-পেশার সাধারণ মানুষ।

শুরু থেকেই আন্দোলনকারীদের আপত্তি মুক্তিযোদ্ধাদের সম্মান বা স্বীকৃতির বিরুদ্ধে ছিল না। তাদের বড় অংশের আশঙ্কা ছিল, উত্তরাধিকারভিত্তিক কোটা দীর্ঘদিন বহাল থাকলে সরকারি চাকরিতে মেধার চেয়ে পরিচয় ও রাজনৈতিক নৈকট্য বেশি গুরুত্ব পেতে পারে। ফলে কোটা ধীরে ধীরে অনেক তরুণের কাছে সমান সুযোগ ও নাগরিক সমতার প্রশ্নের প্রতীকে পরিণত হয়।

পরিস্থিতি আরো বদলে যায় ১৫ জুলাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের সংঘর্ষের পর। তখন আন্দোলন আর শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ থাকেনি; এটি শিক্ষার্থীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা এবং রাষ্ট্রের আচরণের প্রশ্নে রূপ নেয়। পরে সুপ্রিম কোর্ট অধিকাংশ কোটা বাতিল করলেও তত দিনে হতাহত, গ্রেফতার, কারফিউ, ইন্টারনেট বন্ধ এবং বলপ্রয়োগের অভিযোগ সামনে চলে আসে। ফলে একটি নীতিগত দাবি ধীরে ধীরে রাষ্ট্রের প্রতি আস্থা ও জবাবদিহির বৃহত্তর প্রশ্নে পরিণত হয়।

আন্দোলনের পর বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তি প্রকাশ্যে দাবি করতে শুরু করেন যে এ আন্দোলনের নেপথ্যে তাদেরও ভূমিকা ছিল। কেউ সাংগঠনিক সহায়তার কথা বলেন, কেউ সমন্বয়ের, কেউ আবার রাজনৈতিক কৃতিত্ব দাবি করেন। ইতিহাসের বিচারে এটি অস্বাভাবিক নয়। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলন কিংবা বিশ্বের অন্যান্য গণ-আন্দোলনের ইতিহাসেও দেখা যায়, পরিবর্তনের পর বিভিন্ন শক্তি নিজেদের অবদান সামনে নিয়ে আসে। কিন্তু পরবর্তী সময়ে কে কতটা কৃতিত্ব দাবি করল, তা দিয়ে কোনো আন্দোলনের মূল চরিত্র নির্ধারণ করা যায় না।

তাই বলা যায়, আন্দোলনের সূচনা হয়েছিল শিক্ষার্থীদের হাত ধরে, কিন্তু পরে তা বৃহত্তর গণ-আন্দোলনে রূপ নেয়। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোও সেই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করেছে। তবে সেই সুযোগ সৃষ্টি হয়েছিল সরকারের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত ও জনআস্থার সংকট থেকে।

গত এক বছরে আওয়ামী লীগের অনেক নেতা দাবি করেছেন যে সবকিছুই ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। এ ব্যাখ্যার রাজনৈতিক গুরুত্ব থাকতে পারে, কিন্তু বিশ্লেষণগত সীমাবদ্ধতাও রয়েছে। কারণ এটি ধরে নেয় যে সরকারের পতনের প্রধান কারণ বাইরের শক্তি। অথচ ইতিহাস বারবার দেখিয়েছে, জনসমর্থন অটুট থাকলে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকলে শুধু ষড়যন্ত্র দিয়ে কোনো সরকারকে সরিয়ে দেয়া সহজ নয়। বিপরীতে, যখন জনগণের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ জমে, তখন ছোট একটি ঘটনাও বড় রাজনৈতিক পরিবর্তনের সূচনা করতে পারে।

এ কারণে ৫ আগস্টকে বুঝতে হলে এটিকে কেবল সরকার ও বিরোধী দলের সংঘাত হিসেবে দেখলে চলবে না। এটি ছিল রাষ্ট্র ও জনগণের সম্পর্কের গভীর সংকটের বহিঃপ্রকাশ। এখানেই আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় শিক্ষা নিহিত। শেষ পর্যন্ত একটি সরকারের সবচেয়ে বড় প্রতিপক্ষ সবসময় বিরোধী দল নয়; অনেক সময় তার নিজের সিদ্ধান্ত, আত্মতুষ্টি এবং জনগণের মনোভাব বুঝতে ব্যর্থ হওয়ার প্রবণতাই সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকিতে পরিণত হয়।

দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সরকারের একটি সাধারণ ঝুঁকি হলো, তারা ধীরে ধীরে রাষ্ট্র ও সরকারকে একাকার করে দেখতে শুরু করে। তখন সমালোচনা অস্বস্তিকর হয়ে ওঠে, আত্মসমালোচনার পরিসর সংকুচিত হয় এবং জনমনের পরিবর্তন অনেক সময় চোখ এড়িয়ে যায়। বাংলাদেশের ক্ষেত্রেও প্রশ্ন থেকে যায়—সরকার কি সময়মতো জনগণের অসন্তোষ বুঝতে পেরেছিল? ইতিহাস হয়তো ভবিষ্যতে এর উত্তর দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, কোনো সরকার শুধু বিরোধী দলের কারণে ক্ষমতা হারায় না; জনগণের আস্থা ক্ষয়ে গেলে পতনের ভিত্তি অনেক আগেই তৈরি হয়ে যায়।

আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় বৈপরীত্য সম্ভবত এখানেই। যে দল স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ সংগ্রাম করেছে, সেই দলই দীর্ঘ সময় ক্ষমতায় থেকে এমন এক বাস্তবতার মুখোমুখি হয়েছে, যেখানে জনগণের একটি উল্লেখযোগ্য অংশের সঙ্গে তাদের দূরত্ব বাড়তে থাকে। এটি শুধু একটি দলের নয়; দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রায় সব রাজনৈতিক দলের ইতিহাসেই এমন প্রবণতা দেখা যায়।

কোনো সরকার ক্ষমতায় এলে প্রথমদিকে তার সবচেয়ে বড় শক্তি থাকে জনসমর্থন। পরে সেই জায়গা দখল করে প্রশাসনিক সক্ষমতা। কিন্তু দীর্ঘ সময় পর অনেক সরকার ভুল করে ধরে নেয় যে প্রশাসনিক নিয়ন্ত্রণই রাজনৈতিক সমর্থনের বিকল্প। এখানেই সবচেয়ে বড় ভুলটি ঘটে। প্রশাসনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা যায়, কিন্তু সেই শাসনের বৈধতা আসে জনগণের আস্থা থেকে।

বাংলাদেশের উন্নয়নযাত্রায় গত দেড় দশকের অবকাঠামোগত অগ্রগতি গুরুত্বপূর্ণ। তবে রাজনৈতিক বৈধতার ভিত্তি শুধু উন্নয়ন নয়; নাগরিকের দৈনন্দিন অভিজ্ঞতাও সমান গুরুত্বপূর্ণ। তাই অর্থনৈতিক চাপ, কর্মসংস্থান, প্রশাসনের আচরণ ও মতপ্রকাশের পরিবেশ—সব মিলিয়েই মানুষের রাজনৈতিক মূল্যায়ন গড়ে ওঠে।

২০২৩ ও ২০২৪ সালে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনে উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছিল। মধ্যবিত্তের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, নিম্ন আয়ের মানুষের কষ্ট আরো গভীর হয়েছে। বৈদেশিক মুদ্রার সংকট, ডলারের মূল্যবৃদ্ধি এবং আমদানি ব্যয়ের চাপ মানুষের দৈনন্দিন জীবনকে সরাসরি প্রভাবিত করে। অর্থনীতির বিচারে এগুলো হয়তো সাময়িক সংকট হিসেবে বিবেচিত হতে পারে, কিন্তু রাজনীতির ভাষায় এগুলো মানুষের মনোভাব এবং সরকারের প্রতি আস্থাকে গভীরভাবে প্রভাবিত করে।

এর সঙ্গে যুক্ত হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়—জনআস্থা। এটি কোনো সরকারি প্রচার বা বিজ্ঞপ্তির মাধ্যমে তৈরি হয় না; ধীরে ধীরে অর্জিত হয়, আবার ধীরে ধীরে হারিয়েও যায়। মানুষ যখন মনে করে রাষ্ট্র তাদের কথা শুনছে, তখন কঠিন অর্থনৈতিক পরিস্থিতিও অনেক সময় রাজনৈতিক সংকটে রূপ নেয় না। কিন্তু সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ সীমিত হচ্ছে, সমালোচনার পরিসর সংকুচিত হচ্ছে বা রাজনৈতিক প্রতিযোগিতা অর্থবহ থাকছে না—এমন ধারণা তৈরি হলে অর্থনৈতিক অসন্তোষ দ্রুত রাজনৈতিক অসন্তোষে পরিণত হয়।

এখানেই নির্বাচনের প্রশ্নটি গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন শুধু সরকার গঠনের প্রক্রিয়া নয়; এটি রাষ্ট্র ও জনগণের মধ্যে রাজনৈতিক আস্থার পুনর্নবীকরণ। পরপর কয়েকটি নির্বাচনকে ঘিরে অংশগ্রহণ, প্রতিযোগিতা ও গ্রহণযোগ্যতা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা দীর্ঘমেয়াদে সরকারের প্রতি জনআস্থাকে প্রভাবিত করেছে বলে মনে করা অযৌক্তিক নয়। ক্ষমতার ধারাবাহিকতা বজায় রাখার এ রাজনৈতিক বাস্তবতাও জনমনে প্রশ্ন তৈরি করেছিল।

ক্ষমতার দীর্ঘায়নের মনস্তত্ত্বও এখানে প্রাসঙ্গিক। দীর্ঘ সময় ক্ষমতায় থাকা অনেক সরকারই ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে রাষ্ট্রের বাস্তবতা তারাই সবচেয়ে ভালো বোঝে। তখন ভিন্নমতকে বিরোধিতা হিসেবে দেখা হয়, আত্মসমালোচনার জায়গা সংকুচিত হয় এবং আত্মবিশ্বাস ধীরে ধীরে আত্মতুষ্টিতে পরিণত হয়।

এ অভিজ্ঞতা শুধু বাংলাদেশের নয়; আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও ইউরোপে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা বহু সরকারের ইতিহাসেও একই প্রবণতা দেখা যায়। ক্ষমতার সবচেয়ে বড় ঝুঁকি হলো, এটি বাস্তবতা উপলব্ধির ক্ষমতাকে প্রভাবিত করে। প্রশাসনিক নিয়ন্ত্রণকে রাজনৈতিক সমর্থনের বিকল্প মনে করলে জনমনের পরিবর্তন চোখ এড়িয়ে যেতে পারে।

আওয়ামী লীগের ক্ষেত্রেও বড় চ্যালেঞ্জ ছিল এখানেই। বিরোধী দলের চেয়ে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত, সাংগঠনিক সংস্কৃতি এবং জনগণের সঙ্গে বাড়তে থাকা দূরত্বই বড় প্রতিপক্ষ হয়ে ওঠে।

রাজনীতিতে বলা হয়, কোনো সরকারকে বিরোধী দলের চেয়ে বেশি দুর্বল করে জনগণের নীরবতা। মানুষ যখন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেয় বা মনে করে তাদের কণ্ঠের মূল্য নেই, তখন সেই নীরবতার ভেতরেই বড় পরিবর্তনের ভিত্তি তৈরি হয়। অনেক বিশ্লেষকের কাছে ২০২৪ সালের ঘটনাপ্রবাহ ছিল সেই দীর্ঘ নীরবতারই আকস্মিক বিস্ফোরণ।

তাই ৫ আগস্টকে কেবল বিরোধী রাজনৈতিক শক্তির সাফল্য কিংবা আওয়ামী লীগের ব্যর্থতার গল্প হিসেবে দেখলে পুরো বাস্তবতা ধরা পড়ে না। এটি ছিল রাষ্ট্র, সরকার, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম এবং পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতার পারস্পরিক প্রভাবের ফল।

বিশেষ করে বাংলাদেশের নতুন প্রজন্ম রাষ্ট্র সম্পর্কে ভিন্ন ধরনের প্রত্যাশা নিয়ে বড় হয়েছে। তারা স্বাধীনতার ইতিহাস জানে এবং উন্নয়নকে মূল্যায়ন করে, কিন্তু একই সঙ্গে তারা অংশগ্রহণমূলক রাষ্ট্র, স্বচ্ছতা, জবাবদিহি এবং মর্যাদাপূর্ণ নাগরিকত্বও প্রত্যাশা করে। তাদের কাছে উন্নয়ন গুরুত্বপূর্ণ, কিন্তু সেটিই একমাত্র রাজনৈতিক ভাষা নয়। তারা অবকাঠামোর পাশাপাশি সুযোগ, সম্মান এবং ভবিষ্যতের নিশ্চয়তাও চায়।

এ প্রেক্ষাপটে ৫ আগস্ট বাংলাদেশের সামনে একটি মৌলিক প্রশ্ন রেখে গেছে—রাষ্ট্র কি সরকারের চেয়ে বড়, নাকি সরকারই ধীরে ধীরে রাষ্ট্রের সমার্থক হয়ে উঠেছিল? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকার আসে ও যায়, কিন্তু রাষ্ট্র টিকে থাকে তার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের স্বাধীনতা এবং জনগণের আস্থাই রাষ্ট্রের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার ভিত্তি।

এ কারণেই ৫ আগস্টের শিক্ষা শুধু আওয়ামী লীগের জন্য নয়; বর্তমান ও ভবিষ্যতের সব সরকারের জন্যও সমান গুরুত্বপূর্ণ। ইতিহাস দেখায়, ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠানই একটি স্থিতিশীল গণতন্ত্রের ভিত্তি। মতপ্রকাশের স্বাধীনতা, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক ভারসাম্য রক্ষা করতে না পারলে কোনো সরকারের জনপ্রিয়তাই দীর্ঘস্থায়ী হয় না।

আরেকটি শিক্ষা হলো, রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ অবকাঠামো নয়, জনগণের আস্থা। উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি কিংবা বড় প্রকল্প গুরুত্বপূর্ণ; কিন্তু নাগরিক যদি মনে করেন রাষ্ট্র তার কথা শুনছে না, তাহলে সেই উন্নয়ন দীর্ঘমেয়াদে রাজনৈতিক স্থিতিশীলতার নিশ্চয়তা দিতে পারে না।

আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতা সংগ্রাম, রাষ্ট্র নির্মাণ ও উন্নয়নযাত্রায় দলটির অবদান যেমন ইতিহাসের অংশ হয়ে থাকবে, তেমনি ২০২৪ সালের রাজনৈতিক সংকট ও ক্ষমতা হারানোর কারণগুলোও ইতিহাসের বিচারের বিষয় হবে। ইতিহাস সাধারণত কাউকে সম্পূর্ণ নায়ক বা খলনায়ক হিসেবে দেখে না; বরং সাফল্য ও ব্যর্থতা, উভয়কেই একই পরিসরে মূল্যায়ন করে।

শেষ পর্যন্ত ৫ আগস্টের সবচেয়ে বড় শিক্ষা সম্ভবত একটি মৌলিক সত্যের মধ্যেই নিহিত। জনগণের আস্থা কখনো স্থায়ী সম্পদ নয়; প্রতিদিন তা অর্জন করতে হয়। উন্নয়নকে জবাবদিহির বিকল্প ভাবা যায় না। রাষ্ট্রকে কোনো রাজনৈতিক দলের সমার্থক করে তোলা যায় না। সমালোচনাকে শত্রুতা নয়, বরং সংশোধনের সুযোগ হিসেবে গ্রহণ করতে হয়। আর সবচেয়ে বড় কথা, গণতন্ত্রে ক্ষমতার উৎস জনগণ—এ সত্য ভুলে গেলে কোনো সরকারই দীর্ঘদিন স্থায়ী রাজনৈতিক ভিত্তি ধরে রাখতে পারে না।

হয়তো ভবিষ্যতে ৫ আগস্টকে বিভিন্ন রাজনৈতিক শক্তি ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করবে। কেউ একে বিজয়ের দিন বলবে, কেউ পরাজয়ের, কেউ ষড়যন্ত্রের। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে দিনটি আমাদের আরেকটি সহজ অথচ গভীর সত্য মনে করিয়ে দেয়—কোনো সরকার অপরাজেয় নয়, কোনো রাজনৈতিক শক্তি চিরস্থায়ী নয়। জনগণের আস্থা ক্ষয়ে গেলে সবচেয়ে শক্তিশালী ক্ষমতার ভিত্তিও একসময় দুর্বল হয়ে পড়ে।

তাই ৫ আগস্টের সবচেয়ে বড় শিক্ষা কোনো একক ব্যক্তি বা দলের জন্য নয়; এটি বাংলাদেশের রাষ্ট্রের জন্য। সেই শিক্ষা যদি গ্রহণ করা যায়, তাহলে এই দিনটি শুধু একটি সরকারের পতনের স্মৃতি হয়ে থাকবে না; বরং আরো অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ স্মারক হয়ে উঠতে পারে।

কাজী মো. আবু সাইদ: সামুদ্রিক প্রকৌশলী, গবেষক (ম্যারিটাইম, জিওপলিটিকস)

আরও