ফিউচার মার্কেটে বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম

ফিউচার মার্কেটে গতকাল বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম।

ফিউচার মার্কেটে গতকাল বেড়েছে মালয়েশীয় পাম অয়েলের দাম। এছাড়া টানা দুই সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে ভোজ্যতেলটির বাজার। পাম অয়েলের মজুদ বাড়লেও রিঙ্গিতের বিনিময় হারে পতন ও অন্যান্য ভোজ্যতেলের মূল্যবৃদ্ধির কারণে এর ঊর্ধ্বমুখিতায় ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের চুক্তিতে গতকাল পাম অয়েলের দাম বেড়েছে টনে ৩৭ রিঙ্গিত বা দশমিক ৮৯ শতাংশ। এতে টনপ্রতি মূল্য স্থির হয়েছে ৪ হাজার ১৮৩ রিঙ্গিতে (৯৯৩ ডলার ৪২ সেন্ট)। সপ্তাহজুড়ে পণ্যটির মূল্যবৃদ্ধির হার ২ দশমিক ৯৮ শতাংশ।

কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘‌ডালিয়ানে পরিশোধিত পাম অয়েলের দাম বাড়ায় মালয়েশীয় বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।’

এ সময় ডালিয়ানে সয়াবিন তেলের দাম বেড়েছে দশমিক ৬৩ শতাংশ এবং পাম অয়েলের দশমিক ৮৬ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের দাম কমেছে দশমিক ৩৬ শতাংশ।

মালয়েশিয়ার শিল্প নিয়ন্ত্রক সংস্থার তথ্যমতে, জুন শেষে দেশটিতে পাম অয়েলের মজুদ বেড়ে হয়েছে ২০ লাখ ৩০ হাজার টন, যা ১৮ মাসে সর্বোচ্চ। তবে জুলাইয়ের প্রথম ১০ দিনে রফতানি বেড়েছে ৫ দশমিক ৩ থেকে ১২ শতাংশ।

রিঙ্গিতের বিনিময় হার ডলারের বিপরীতে দশমিক ২৪ শতাংশ দুর্বল হয়েছে। এতে বিদেশী ক্রেতাদের জন্য পাম অয়েল কিছুটা সস্তা হয়েছে।

আরও