সম্প্রতি বাজার বিশ্লেষণে দেখা যায়, গত বছরের জুনের পর থেকে কানাডার উন্নত মানের গমের দাম এখন সর্বোচ্চ। মূলত যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের এক নেতিবাচক প্রতিবেদনে গমের মজুদ কমে যাওয়ার পূর্বাভাস পাওয়ায় আন্তর্জাতিক বাজারে এ মূল্যবৃদ্ধি ঘটেছে। খবর হেলেনিক শিপিং নিউজ।
এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটসের (প্ল্যাটস) তথ্য অনুযায়ী, কানাডিয়ান ওয়েস্টার্ন রেড স্প্রিং (সিডব্লিউআরএস) গমের দাম টনপ্রতি ২৮৯ ডলার ৫৪ সেন্টে দাঁড়িয়েছে। মাত্র একদিনের ব্যবধানে গমের দাম টনে ১০ ডলারের বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে গমের আগাম মূল্যে বড় ধরনের উল্লম্ফন হওয়ায় এর প্রভাব পড়েছে ভ্যানকুভারের বাজারেও।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মৌসুমে গমের উৎপাদন ও মজুদ উভয়ই আশঙ্কার চেয়ে কম হতে পারে। এর সঙ্গে যোগ হয়েছে বিরূপ আবহাওয়া। তীব্র খরা ও প্রতিকূল পরিস্থিতির কারণে শীতকালীন গমের প্রায় ৪০ শতাংশ এখন বেশ নাজুক অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে গমের সরবরাহ সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
বাজারে এ অস্থিরতার ফলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দ্রুত দাম বাড়তে থাকায় আন্তর্জাতিক ব্যবসায়ীরা কিছুটা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকে কানাডার কৃষকরা এ সুযোগে মজুদ করা গম বিক্রি করতে শুরু করেছেন। বাজারসংশ্লিষ্টদের মতে, গমের বিশ্ব সরবরাহ ও ব্যবহার কমে আসার যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে সামনের দিনগুলোয়ও খাদ্যশস্যের বাজার অস্থিতিশীল থাকতে পারে।