যুক্তরাষ্ট্রে রেকর্ড ভুট্টা উৎপাদনের পূর্বাভাস

চলতি শরতে যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ ভুট্টা উৎপাদনের পূর্বাভাস দিয়েছে দেশটির কৃষি বিভাগ (ইউএসডিএ)।

চলতি শরতে যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ ভুট্টা উৎপাদনের পূর্বাভাস দিয়েছে দেশটির কৃষি বিভাগ (ইউএসডিএ)। ১৯৩৩ সালের পর এ বছর সবচেয়ে বেশি জমি থেকে ফসল কাটা হবে। ফলে দেশটির ভুট্টা উৎপাদন দুই বছর আগের রেকর্ডও ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে সরকারি বিভাগটি। খবর রয়টার্স।

ইউএসডিএর মাসিক সরবরাহ ও চাহিদাসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড উৎপাদনের কারণে যুক্তরাষ্ট্রে ভুট্টার মজুদ ৫৯ শতাংশ বেড়ে সাত বছরের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে। যদিও একই সময়ে রফতানিও রেকর্ড পরিমাণে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, অতিরিক্ত সরবরাহ যুক্তরাষ্ট্রের কৃষি খাতকে চাপের মুখে ফেলতে পারে। কৃষকরা এরই মধ্যে কম দামের ফসল ও সার-বীজের মতো উপকরণের বাড়তি খরচের মুখোমুখি হয়েছেন। মূল্যস্ফীতি সমন্বয় করলে দেখা যায়, নগদ ফসল বিক্রি থেকে তাদের আয় ২০০৭ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নামতে পারে। তবে এ পরিস্থিতি প্রাণিসম্পদ খাত ও ইথানল উৎপাদনকারীদের জন্য লাভজনক হবে। কারণ তারা ভুট্টাকে প্রধান খাদ্য ও কাঁচামাল হিসেবে ব্যবহার করেন।

ইউএসডিএ শুক্রবার ভুট্টার একরপ্রতি ফলনের পূর্বাভাস কিছুটা কমিয়েছে। তবে ফসল কাটার জমির হিসাব বাড়ানোয় মোট উৎপাদন বেড়েছে। গত আগস্টে প্রকাশিত প্রতিবেদনে অপ্রত্যাশিতভাবে জমির পরিমাণও বাড়িয়েছিল ইউএসএ।

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান নো বুল এগ্রিকালচারের প্রতিষ্ঠাতা সুসান স্ট্রাউড বলেন, ‘ইউএসডিএ ভুট্টার ফলনের পূর্বাভাস কমালেও জমির পরিমাণ বাড়ায় মোট উৎপাদনে এর কোনো প্রভাব পড়েনি।’

শিকাগো বোর্ড অব ট্রেডে ভুট্টার ভবিষ্যৎ মূল্য তেমন পরিবর্তন হয়নি। ব্যবসায়ীরা ধারণা করছেন, আগামী প্রতিবেদনে ইউএসডিএ হয়তো খাদ্যশস্যটির উৎপাদন পূর্বাভাস কমাতে পারে।

ইউএসডিএর তথ্যানুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ভুট্টার মোট উৎপাদন রেকর্ড ১ হাজার ৬৮১ কোটি বুশেল (প্রতি বুশেলে ৬০ পাউন্ড) হতে পারে। একরপ্রতি গড় ফলন ধরা হয়েছে ১৮৬ দশমিক ৭ বুশেল। এটি আগস্টের পূর্বাভাস ১৮৮ দশমিক ৮ বুশেলের চেয়ে কম হলেও বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে বেশি।

বিশ্লেষকদের মতে, অনুকূল আবহাওয়ায় গ্রীষ্মকালজুড়ে ফলনের সম্ভাবনা বাড়লেও মৌসুমের শেষভাগে রোগবালাই ও শুষ্ক আবহাওয়ায় উৎপাদন কিছুটা ব্যাহত হতে পারে।

ইউএসডিএ জানিয়েছে, ২০২৫-২৬ বিপণন বর্ষ শেষে ভুট্টার মজুদ দাঁড়াতে পারে ২১১ কোটি বুশেলে, যা আগের মাসের তুলনায় সামান্য কম হলেও ২০১৮-১৯ মৌসুমের পর সর্বোচ্চ।

সয়াবিনের ক্ষেত্রে একরপ্রতি ফলনের পূর্বাভাস রাখা হয়েছে ৫৩ দশমিক ৫ বুশেল, যা আগের মাসের ৫৩ দশমিক ৬ বুশেলের কাছাকাছি। উৎপাদন বাড়িয়ে ধরা হয়েছে ৪ দশমিক ৩০১ বিলিয়ন বুশেল। তবে রফতানি কমে যাওয়ায় সয়াবিনের মজুদ এক কোটি বুশেল বেড়ে গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক বিরোধের কারণে এ প্রবণতা দেখা দিয়েছে।

আরও