গত বুধবার লেনদেনে রকেট নির্মাতা প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেস ও রকেট ল্যাবের স্টক শেয়ারদর বেড়েছে ১০ শতাংশের বেশি। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ইনফরমেশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
স্পেসএক্স কয়েক দিনের মধ্যেই প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) দাখিল করতে পারে বলে জোরালো গুঞ্জন রয়েছে। বাজারসংশ্লিষ্টদের ধারণা, চলতি বছরেই প্রায় ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলার মূল্যায়ন নিয়ে প্রতিষ্ঠানটি শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে পারে। এ প্রক্রিয়ায় ৭ হাজার ৫০০ কোটি ডলারের বেশি মূলধন সংগ্রহের সম্ভাবনা রয়েছে, বাস্তবায়িত হলে তা হবে ইতিহাসের অন্যতম বৃহৎ স্টক মার্কেট ডেব্যুউ।
এ খবরের পর ইনটুইটিভ মেশিনসের শেয়ারদর বেড়েছে প্রায় ১৫ শতাংশ। এছাড়া আর্থ-ইমেজিং কোম্পানি প্ল্যানেট ল্যাবস ১০ শতাংশ, স্যাটেলাইট নির্মাতা সিডাস স্পেস প্রায় ১৯ শতাংশ এবং এএসটি স্পেসমোবাইলের শেয়ারদর ১০ শতাংশ বেড়েছে।
রকেট তৈরি ও উৎক্ষেপণ করে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় স্পেসএক্স। উল্লেখ্য, ইলোন মাস্ক বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাতা টেসলা, সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম এক্স ও নিউরালিংকের মতো প্রতিষ্ঠানেরও মালিক।