সংযোগ ও ডিজিটাল সেবা দিতে বাংলাদেশ পুলিশের সঙ্গে ১০ বছরের কৌশলগত অংশীদারত্ব করেছে গ্রামীণফোন। চুক্তির আওতায় বাংলাদেশ পুলিশের অফিশিয়াল মোবাইল নম্বর সিরিজ (০১৩২০০০০০০০-০১৩২০২৯৯৯৯৯) এবং অফিশিয়াল ও সলিউশনভিত্তিক নম্বরগুলোর জন্য প্রয়োজনীয় সংযোগ সেবা দেবে অপারেটরটি। এছাড়া অনলাইন জিডি ও ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) মতো প্রধান ডিজিটাল প্লাটফর্মের জন্য সংযোগ ও সংশ্লিষ্ট সহায়তাও এ চুক্তির আওতাভুক্ত। গ্রামীণফোনের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি ঢাকায় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (হেডকোয়ার্টার্স) মোহাম্মদ শরীফ উদ্দিন এবং গ্রামীণফোনের হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বিজনেস হেলাল উদ্দিন আহমেদ। এ সময় বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান উপস্থিত ছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশীদ, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার সৈয়দা তাহিয়া হোসেন এবং বাংলাদেশ পুলিশ ও গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, ‘জনগণের সেবা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও কল্যাণে কাজ করছে বাংলাদেশ পুলিশ। পুলিশিং কার্যক্রম ও জনগণকে সেবা দেয়ার ধরন পরিবর্তনের সঙ্গে নির্ভরযোগ্য সংযোগ ও প্রযুক্তির গুরুত্বও বাড়ছে। গ্রামীণফোনের সঙ্গে এ অংশীদারত্ব পুলিশের যোগাযোগ ও ডিজিটাল সেবার চাহিদা পূরণে সহায়ক হবে।’
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘বাংলাদেশ পুলিশের পরিবর্তিত চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শক্তিশালী ও নির্ভরযোগ্য সংযোগ এবং প্রয়োজনীয় ডিজিটাল সক্ষমতা দিতে এ অংশীদারত্ব করা হয়েছে। ভবিষ্যতে উদীয়মান প্রযুক্তিগুলোকে আরো সমন্বিত ও দক্ষভাবে ব্যবহারের সুযোগ তৈরি করবে এ চুক্তি।’