জাপানে ২০২৪ অর্থবছরে ১০ হাজার ১৪৪টি দেউলিয়াত্বের আবেদন জমা পড়েছে, যা সর্বশেষ ১১ বছরের মধ্যে সর্বোচ্চ। দেশীর আর্থিক নিয়ন্ত্রক ব্যাংক অব জাপানের সুদহার বাড়ানোর কারণে ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যেই গতকাল এ তথ্য জানিয়েছে গবেষণা সংস্থা টোকিও শোকো রিসার্চ (টিএসআর)। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হচ্ছে, মার্চ পর্যন্ত সর্বশেষ ১২ মাসে যে পরিমাণ দেউলিয়াত্বের আবেদন হয়েছে তা ২০১৩ সালের পর সর্বোচ্চ। ওই বছর ১০ হাজার ৫৩৬টি আবেদন জমা পড়েছিল।
টিএসআরের তথ্যানুসারে, গত অর্থবছরের দেউলিয়াত্বের আবেদন ২০২৩ অর্থবছরের তুলনায় ১২ শতাংশ বেড়েছে। আর্থিক ও পরিবহন খাত ছাড়া জাপানের বেশির ভাগ শিল্পে আগের বছরের তুলনায় এ সংকট তীব্র হয়েছে।
তবে ২০২৪ অর্থবছরে সংকটে পড়া প্রতিষ্ঠানগুলোর মোট দেনার পরিমাণ আগের বছরের তুলনায় কম। গত অর্থবছরে দেউলিয়াত্বের আবেদন করা কোম্পানির মোট ঋণ ছিল ২ লাখ ৩৭ হাজার কোটি ইয়েন, যা আগের বছর ছিল ২ লাখ ৪৬ হাজার ইয়েন। কারণ হিসেবে টিএসআর জানিয়েছে, ২০২৪ অর্থবছরে তুলনামূলকভাবে ছোট ও মাঝারি আকারের সংস্থাগুলো ঋণ সংকটে পড়েছে।
গবেষণা অনুসারে দেউলিয়াত্বের আবেদন তালিকায় বৃহৎ ঋণ সংকটে থাকা প্রতিষ্ঠানের অন্যতম মিৎসুবিশি এয়ারক্রাফট করপোরেশন। বাণিজ্যিক উড়োজাহাজ প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার পর ২০২৪ সালে প্রতিষ্ঠানটির ঋণের পরিমাণ ছিল ৬৪ হাজার ১০০ কোটি ইয়েন। মূলত স্পেসজেট প্রকল্পের ব্যর্থতার কারণে সংকটে পড়েছে কোম্পানিটি।