বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমেছে স্বর্ণের দাম। ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতি আপৎকালীন বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুটির চাহিদা কমিয়েছে। তবে আন্তর্জাতিক স্বর্ণ বাজারে বিনিয়োগকারীদের মনোযোগ এখন মূলত যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির গতিপ্রকৃতির দিকে নিবদ্ধ। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল আউন্সপ্রতি স্বর্ণের দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নেমেছে ৩ হাজার ২৮৮ ডলার ৫৫ সেন্টে। সপ্তাহজুড়ে স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৩ শতাংশ কমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কমোডিটি এক্সচেঞ্জে (কোমেক্স) স্বর্ণের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৩০০ ডলার ৪০ সেন্টে।
অস্ট্রেলিয়াভিত্তিক বহুজাতিক ব্যাংকিং ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এএনজেডের কমোডিটি স্ট্র্যাটেজিস্ট সোনি কুমারী বলেন, ‘মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমন ও যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা নিয়ে আশাবাদ স্বর্ণের দামে নিম্নমুখী চাপ তৈরি করেছে। ব্যবসায়ীদের কাছে বর্তমানে অন্যান্য খাতে বিনিয়োগ চাহিদা বেড়েছে।’
এদিকে হোয়াইট হাউজের এক কর্মকর্তা বৃহস্পতিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে দুর্লভ খনিজ রফতানি ত্বরান্বিত করতে চীনের সঙ্গে সমঝোতায় পৌঁছেেছ ওয়াশিংটন। স্বর্ণের বাজারের বিনিয়োগকারীরা বর্তমানে যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় আছে। কারণ এ তথ্য থেকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল বিজার্ভের (ফেড) সুদহার নীতি নিয়ে সম্ভাব্য সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যাবে। রয়টার্সের জরিপ অনুযায়ী, মাস ভিত্তিতে মূল্যস্ফীতি দশমিক ১ এবং বার্ষিক ভিত্তিতে ২ দশমিক ৬ শতাংশ বাড়ার পূর্বাভাস রয়েছে।
বাজারসংশ্লিষ্টরা ধারণা করছেন, চলতি বছর সেপ্টেম্বর থেকে সুদহার কমানো শুরু হতে পারে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নিয়ন্ত্রিত মূল্যস্ফীতির ইঙ্গিত দেয়, ফেডারেল রিজার্ভের এখনই সুদহার কমানো উচিত। যদিও এখন পর্যন্ত শুধু দুজন ফেড কর্মকর্তা জুলাইয়ে সুদহার কমানোর পক্ষে মত দিয়েছেন।
সম্প্রতি স্বর্ণের রেকর্ড দামের কারণে স্পট মার্কেটে অন্যান্য ধাতুর বিনিয়োগ চাহিদা উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল। এর প্রভাবে প্লাটিনামের দাম পৌঁছেছিল ১১ বছরের সর্বোচ্চে। তবে গতকাল ধাতুটির দাম আগের দিনের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৩৭৮ ডলার ১৮ সেন্টে। এ সময় প্যালাডিয়ামের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি মূল্য পৌঁছেছে ১ হাজার ১৩৫ ডলার ৩৬ সেন্টে, যা ২০২৪ সালের অক্টোবরের পর সর্বোচ্চ। স্পট মার্কেটে অন্যান্য ধাতুর মধ্যে গতকাল রুপার দাম কমেছে দশমিক ৫ শতাংশ। প্রতি আউন্সের মূল্য নেমেছে ৩৬ ডলার ৪৪ সেন্টে।