সার্বিক পিএমআই বাড়লেও অপরিবর্তনীয় নির্মাণ খাত

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে স্থবির হয়ে পড়া দেশের অর্থনৈতিক পরিস্থিতি গণ-অভ্যুত্থানের পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করলেও মাঝখানে তার ছন্দপতন ঘটে।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে স্থবির হয়ে পড়া দেশের অর্থনৈতিক পরিস্থিতি গণ-অভ্যুত্থানের পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করলেও মাঝখানে তার ছন্দপতন ঘটে। অর্থনীতির গতিপ্রকৃতি বোঝার অন্যতম সূচক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) সূচকে তার প্রতিফলন মেলে। গণ-অভ্যুত্থানের পর গত জানুয়ারিতে সর্বোচ্চ ৬৫ দশমিক ৭-এ পৌঁছায় পিএমআই। এরপর আবারো কমতে থাকে মান। গত এপ্রিলে পিএমআই ৫২ দশমিক ৯ পয়েন্টে নেমে যাওয়ার পর মে-তে ৫৮ দশমিক ৯ পয়েন্টে পৌঁছায়। তবে সার্বিক পিএমআই মান এ মাসে ৬ পয়েন্ট বাড়লেও অপরিবর্তনীয় রয়েছে নির্মাণ খাত। কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবা—এ চার খাতের তথ্য বিশ্লেষণ করে পিএমআই প্রস্তুত করা হয়।

পৃথিবীর বিভিন্ন দেশে অনেক আগে থেকেই সে দেশের অর্থনৈতিক কিংবা বাজার পরিস্থিতি বোঝার জন্য পিএমআই সূচক প্রকাশ করা হচ্ছে। তবে বাংলাদেশে এ ধারণাটির যাত্রা শুরু হয় গত বছরের ফেব্রুয়ারিতে। দেশের শীর্ষ ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে প্রতি মাসে এ সূচকটি প্রকাশ করে।

১০০-এর মধ্যে পরিমাপ করা এ সূচকটি ৫০-এর নিচে হলে দেশের অর্থনীতি সংকোচন আর ৫০-এর বেশি হলে সম্প্রসারণের ধারায় রয়েছে বলে বোঝানো হয়। সবশেষ গতকাল মে মাসের সূচক প্রকাশ করা হয়।

গত মাসের পিএমআই প্রতিবেদন বলছে, কৃষি খাতে আগের মাসের তুলনায় ৪ দশমিক ৬ পয়েন্ট বেড়ে ৬৭ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে পিএমআই। টানা আট মাস ধরে সম্প্রসারণ ধারায় রয়েছে এ খাতটি। নতুন ব্যবসা, উৎপাদন, কর্মসংস্থান, ইনপুট খরচ ও অর্ডার ব্যাকলগ সূচক প্রবৃদ্ধির দিকেই গেছে।

একই অবস্থা সেবা খাতেও। এ মাসে অর্থনীতির সম্প্রসারণ তুলনামূলকভাবে ধীরগতির হয়েছে। টানা আট মাস ধরে সম্প্রসারণ ধারায় থাকা এ খাতটির পিএমআই মান বেড়েছে ২ দশমিক ৯ পয়েন্ট। ব্যবসায়িক কার্যক্রম ও অর্ডার ব্যাকলগ সূচক আবারো প্রবৃদ্ধির দিকে ফিরেছে, যদিও কর্মসংস্থানের প্রবৃদ্ধি কিছুটা ধীর হয়েছে।

গত মাসে সবচেয়ে উন্নতি হয়েছে উৎপাদন খাতে। টানা নয় মাস ধরে সম্প্রসারণ ধারায় থাকা এ খাতটির পিএমআই পয়েন্ট বেড়েছে ১৫ দশমিক ২।

এদিকে নির্মাণ খাত টানা ছয় মাস সম্প্রসারণের ধারায় থাকলেও এপ্রিলের তুলনায় মে-তে সেখানে কোনো পরিবর্তন হয়নি। কিছু সূচকে ইতিবাচক পরিবর্তন এলেও নতুন ব্যবসা ও কর্মসংস্থানের সূচকে সংকোচন দেখা গেছে।

পিএমআই প্রস্তুতকারক সংস্থা পিইবির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. এম মাসরুর রিয়াজ বলেন, ‘নির্মাণ খাতই একমাত্র খাত যেখানে পিএমআই মানে কোনো অগ্রগতি হয়নি। তবে রফতানিনির্ভর উৎপাদন খাতের গতিশীলতা ও ঈদ উৎসবকে কেন্দ্র করে কৃষি ও এর সরবরাহ চেইনের অগ্রগতির ফলে দেশের সামগ্রিক অর্থনীতি দ্রুত সম্প্রসারণ ধারায় রয়েছে।’

আরও