একই সঙ্গে জাহাজ পুনর্ব্যবহার শিল্পে বিনিয়োগ সম্ভাবনা নিয়েও বিশ্বের অন্যতম শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠানটির সঙ্গে আলোচনা হয়েছে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে গতকাল এক বৈঠকে এ বিষয় উঠে আসে। বাণিজ্যমন্ত্রীর বাসভবনে আয়োজিত এ বৈঠকে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এবং এপি মোলার সিঙ্গাপুর পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেনে পিল পেডারসেন।
বৈঠকে ডেনমার্কের রাষ্ট্রদূত জানান, মায়ের্স্ক লাইন বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে সরাসরি বিনিয়োগ করতে আগ্রহী। এ সময় বাণিজ্যমন্ত্রী জাহাজ নির্মাণের পাশাপাশি পুনর্ব্যবহার শিল্পেও প্রতিষ্ঠানটিকে বিনিয়োগ সম্প্রসারণের আহ্বান জানান।
বৈঠকে বলা হয়, জাহাজ নির্মাণ ও পুনর্ব্যবহার—দুই খাতেই বাংলাদেশের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সম্ভাবনা রয়েছে। এ খাতে আন্তর্জাতিক মানের বড় বিনিয়োগ আকৃষ্ট করা গেলে দেশের শিল্পায়নের পাশাপাশি ব্লু-ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগানোর সুযোগ আরো বাড়বে।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (এফটিএ) মো. ফিরোজ উদ্দিন, যুগ্ম সচিব (এফটিএ ২) মাহবুবা খাতুন মিনু এবং শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খায়রুজ্জামান উপস্থিত ছিলেন। এছাড়া আরো ছিলেন এপি মোলার মায়ের্স্ক গ্রুপের ভারত, বাংলাদেশ ও শ্রীলংকার ব্যবসা উন্নয়ন, পাবলিক পলিসি ও রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান বিবেক শর্মা; মায়ের্স্ক বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর (পাবলিক অ্যাফেয়ার্স) খালিদ মুস্তাফিজ গাফফার এবং রয়েল ড্যানিশ দূতাবাসের বাণিজ্য, বিনিয়োগ ও ডানিডা বিজনেসবিষয়ক সিনিয়র উপদেষ্টা সামিনা আহসান শাহরুখ।