ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতা বাড়াতে তুরস্কের উদ্যোগ

ইরাকের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক।

ইরাকের সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে চায় তুরস্ক। এর অংশ হিসেবে দীর্ঘদিন বন্ধ থাকা কিরকুক–জেইহান জ্বালানি তেল পাইপলাইন পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে দেশটি। খবর আনাদোলু।

তুরস্কের উপজ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আহমেত বেরাত কনকার বাগদাদ ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামে বলেন, ‘‌গত শতকের সত্তরের দশক থেকে চালু এ পাইপলাইন দুই দেশের জ্বালানি বাণিজ্যের মূল ভিত্তি। বর্তমানে আন্তর্জাতিক জ্বালানি তেল কোম্পানি, কুর্দি আঞ্চলিক প্রশাসন (কেআরজি) ও বাগদাদ সরকারের মধ্যে আলোচনার অগ্রগতি হয়েছে। সবকিছু চূড়ান্ত হলে পাইপলাইন পূর্ণ সক্ষমতায় আবার চালু হবে।’

তিনি জানান, শুধু জ্বালানি তেল নয়, প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ খাতেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ডেভেলপমেন্ট রোড প্রকল্পকে জ্বালানি করিডর হিসেবে কাজে লাগানোর আলোচনা চলছে।

কনকারের মতে, আগের তুলনায় এখন ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতার সুযোগ অনেক বেশি। এজন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণকাজ এগিয়ে নেয়া হচ্ছে। এর মধ্যে নতুন পাইপলাইন, বিদ্যুৎ সংযোগ ও গ্যাস পরিবহন ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকতে পারে।

তুরস্ক মনে করছে, ইরাকের সঙ্গে বিস্তৃত জ্বালানি সহযোগিতা শুধু দুই দেশের অর্থনীতির জন্য নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্যও গুরুত্বপূর্ণ। কনকার বলেন, ‘আমরা জ্বালানি রূপান্তরের পাশাপাশি ইরাকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে নতুন মাত্রায় নিতে চাই।’

আরও