বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসির আয় চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির আয় হয়েছে ৯৪৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮১০ কোটি টাকা। কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে প্যারামাউন্ট টেক্সটাইলের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯৬ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৭ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১০ শতাংশের বেশি। চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৬৪ পয়সা।
এদিকে চলতি ২০২৪-২৫ হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে প্যারামাউন্ট টেক্সটাইলের আয় হয়েছে ৩৫৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০৪ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে ১৬ শতাংশ। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৫০ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৫ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ৪৩ শতাংশ। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৭ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২ টাকা ৬২ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৭ টাকা ৫১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৪১ টাকা ৭২ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৬৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ১০ পয়সায়।
প্যারামাউন্ট টেক্সটাইলের ঋণমান দীর্ঘমেয়াদে ‘ডাবল এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-১’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং গত বছরের ৬ নভেম্বর পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।
২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলের অনুমোদিত মূলধন ৫০০ কোটি ও পরিশোধিত মূলধন ১৭৯ কোটি ১১ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৪৬ কোটি ১৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৭ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৮৮৬। এর মধ্যে ৬০ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ১২ দশমিক ২৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৪ দশমিক ৩৩ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ২২ দশমিক ৪৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার সর্বশেষ ৪৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৪১ টাকা ১০ পয়সা থেকে ৮৪ টাকার মধ্যে ওঠানামা করেছে।