দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে ৫৫০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান। আর্থিক অবদান ও ঝুঁকির পরিমাণ অনুযায়ী এ বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা উভয় দেশে ভাগ হবে বলে জানিয়েছে টোকিও। খবর রয়টার্স।
এক সংবাদ সম্মেলনে গতকাল জাপানি এক কর্মকর্তা বলেন, ‘মুনাফা বণ্টনে যুক্তরাষ্ট্র ও জাপানের অনুপাত হবে যথাক্রমে ৯০ ও ১০ শতাংশ, যা দুই পক্ষের আর্থিক অবদান ও ঝুঁকি বহনের মাত্রা অনুযায়ী নির্ধারণ হয়েছে।’
এ সপ্তাহেই সই হওয়া চুক্তির আওতায় জাপান বিশাল অংকের বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্রে। এর বিপরীতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে কম শুল্কের সুবিধা পাবে জাপানি গাড়ি ও অন্যান্য পণ্য।
এ বিনিয়োগ পরিকল্পনার আওতায় রয়েছে জাপানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং নিপ্পন এক্সপোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন্স্যুরেন্সের (এনইএক্সআই) অর্থায়ন ও গ্যারান্টি।
এ বিষয়ে জাপানের শীর্ষ বাণিজ্য আলোচক রিওসেই আকাজাওয়া বলেন, ‘অনেকেই বলছেন জাপান যেন যুক্তরাষ্ট্রকে ৫৫০ বিলিয়ন ডলার দান করে দিচ্ছে, যা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।’
তার মতে, ৯০-১০ ভাগাভাগির কাঠামো যুক্তরাষ্ট্রের উচ্চ অবদান ও ঝুঁকি গ্রহণের প্রতিফলন।
আকাজাওয়া আরো জানান, ভবিষ্যতের যৌথ বিনিয়োগ প্রকল্পে অংশ নেয়া বেসরকারি কোম্পানিগুলোর মাধ্যমেই চূড়ান্তভাবে লাভ ভাগাভাগির সিদ্ধান্ত নেয়া হবে।
জাপান সরকার জানিয়েছে, এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর, ওষুধ, ইস্পাত ও জাহাজ নির্মাণের মতো গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ হবে। এতে দুই দেশের জন্যই লাভজনক ও টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।