সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে শুকনা মরিচের দাম কমেছে কেজিতে ৬০-৮০ টাকা। গতকাল হিলি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রতিটি দোকানেই মসলাপণ্যটির পর্যাপ্ত সরবরাহ আছে। বর্তমানে বাজারে প্রতি কেজি শুকনা মরিচ বিক্রি হচ্ছে ১৬০-২০০ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ২৪০-২৬০ টাকা।
হিলি বাজারের শুকনা মরিচ বিক্রেতা শাকিল খান জানান, এতদিন বাজারে শুধু বগুড়া অঞ্চলের শুকনা মরিচের সরবরাহ ছিল। এতে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়ে গিয়েছিল।
এরই মধ্যে পঞ্চগড়ের বিন্দু জাতের শুকনা মরিচ বাজারে আসতে শুরু করেছে। এতে পণ্যটির দাম কমতে শুরু করেছে। এছাড়া ভারত থেকেও শুকনা মরিচ আমদানি হচ্ছে। এটিও দাম কমার অন্যতম কারণ।
শাকিল খান বলেন, ‘আমরাও এখন কম দামে শুকনা মরিচ কিনতে পারছি এবং তার সঙ্গে সমন্বয় করে বিক্রি করতে পারছি।’