গাড়ির নাম্বার প্লেটের গড় দাম যখন ১৭ লাখ ডলার!

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গাড়ির নাম্বার প্লেটের গড় মূল্য প্রায় ১৭ লাখ ডলার, যা সংশ্লিষ্ট গাড়ির দামের তুলনায় বহুগুণ বেশি।

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গাড়ির নাম্বার প্লেটের গড় মূল্য প্রায় ১৭ লাখ ডলার, যা সংশ্লিষ্ট গাড়ির দামের তুলনায় বহুগুণ বেশি। ডিজিটাল অটোমেটিভ প্লাটফর্ম বাই এনি কার এ তথ্য জানিয়েছে। দুবাইয়ে একটি গাড়ির গড় মূল্য প্রায় ১৮ হাজার ডলার।

বাই এনি কার ও সেল এনি কারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সায়গিন ইয়ালচিন বলেন, ‘ইউএইতে নাম্বার প্লেট এখন একটি উচ্চমূল্যের সম্পদে পরিণত হয়েছে। এ চাহিদার মূল চালিকাশক্তি হলো কম ডিজিট ও স্বতন্ত্র বা ব্যতিক্রমধর্মী নাম্বার প্লেট।’

বিশ্বে খুব কম বাজার আছে, যেখানে কাঠামোগতভাবে নাম্বার প্লেটের মূল্য গাড়ির চেয়েও বেশি। উপসাগরীয় অঞ্চলজুড়ে প্রিমিয়াম নাম্বার প্লেটের প্রতি আগ্রহ ক্রমেই বাড়ছে। এসব প্লেট এখন অতি উচ্চমূল্যে বিক্রি হচ্ছে, যা সম্পদ, মর্যাদা ও ব্যক্তি পরিচয়ের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। চলতি বছর সৌদি আরবে বহুল কাঙ্ক্ষিত ১ই নাম্বার প্লেট একাধিক দফা দরকষাকষির পর বিক্রি হয়েছে প্রায় ৬৪ লাখ ডলারে।

বাই এনি কার ও সেল এনি কার দুই প্রতিষ্ঠান মিলে এমন একটি সেবা চালু করেছে, যাকে দাবি করা হচ্ছে, বিশ্বের প্রথম ইনস্ট্যান্ট গাড়ির নাম্বার প্লেট কেনার পরিষেবা। এর মাধ্যমে ইউএইর যেকোনো লাইসেন্স প্লেটের জন্য গ্রাহকরা ৩০ মিনিটের মধ্যে নিশ্চিত ক্রয়প্রস্তাব পাবেন। পরিষেবাটি বাই এনি কারের ইনস্ট্যান্ট নাম্বার প্লেট ভ্যালুয়েশন টুলের ওপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে, যা এক বছর আগে চালু হয়েছিল এবং বর্তমানে কোম্পানির অ্যাপের মধ্যেই সংযুক্ত।

কোম্পানির দাবি অনুযায়ী, চালুর পর থেকে টুলটি ৪০ লাখের বেশি বার ব্যবহার হয়েছে। গত বছরের নভেম্বরে ভ্যালুয়েশন টুল চালুর প্রতিদিন গড়ে ৫০ হাজার নাম্বার প্লেট যাচাই করছিল, যা প্রত্যাশার তুলনায় অনেক বেশি। তখন ইয়ালচিন বলেছিলেন, ‘আমরা নাম্বার প্লেট বাজারে একটি সমস্যা চিহ্নিত করেছিলাম। মানুষ মূল্যবান প্লেট ধরে বসেছিল, কিন্তু সেগুলো সহজে নগদে রূপান্তর করা যাচ্ছিল না।’

ইউএই, সৌদি আরব ও কুয়েতসহ উপসাগরীয় বাজারগুলোয় কাস্টমাইজড নাম্বার প্লেটকে স্ট্যাটাস সিম্বল ও দীর্ঘমেয়াদি সম্পদ সংরক্ষণের মাধ্যম হিসেবে দেখা হয়। বিশেষ করে কম ডিজিট ও অতি ব্যতিক্রমধর্মী নাম্বারগুলো এ সুবিধা পায়।

ইউএইর নাম্বার প্লেট বাজার দীর্ঘদিন ধরেই বিশ্বব্যাপী দৃষ্টি আকর্ষণ করে আসছে। নিলামে নিয়মিতভাবে সাত ও আট অংকের দামে প্রিমিয়াম প্লেট বিক্রি হচ্ছে। এটি এ ধারণাকেই শক্তিশালী করে যে ইউএইতে নাম্বার প্লেট আর শুধু গাড়ির আনুষঙ্গিক নয়, বরং এটি একটি বিকল্প সম্পদও হয়ে উঠেছে।

—খবর ও ছবি অ্যারাবিয়ান বিজনেস

আরও