তালিকাভুক্ত এপেক্স ট্যানারি লিমিটেড সম্পৃক্ত তিনটি ফুটওয়্যার প্রতিষ্ঠানের সঙ্গে প্রস্তুতকৃত চামড়া বিক্রির চুক্তি করেছে। কোম্পানিগুলো হলো এফবি ফুটওয়্যার লিমিটেড, ফুটবেড ফুটওয়্যার লিমিটেড ও নুভো শুজ (বিডি) লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে ১২ নভেম্বর অনুষ্ঠিত পর্ষদ সভায় এ চুক্তি অনুমোদন করা হয়। চুক্তির আওতায় ব্যবসার স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে কোম্পানিগুলোর কাছে বাজারমূল্যে বিভিন্ন গ্রেড ও মানের প্রস্তুতকৃত চামড়া সরবরাহ করবে এপেক্স ট্যানারি। তিন প্রতিষ্ঠানের কিছু পরিচালক এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদেরও সদস্য হওয়ায় চুক্তিটি সম্পৃক্ত পক্ষের লেনদেন হিসেবে গণ্য হবে।
কোম্পানিটি জানিয়েছে, বছরে এফবি ফুটওয়্যারের কাছে ১৫ কোটি টাকা, ফুটবেড ফুটওয়্যারের কাছে ৫ কোটি ও নুভো শুজের কাছে ১ কোটি টাকার চামড়া বিক্রি হতে পারে। তবে বাজারের চাহিদার ওপর ভিত্তি করে এর পরিমাণ কিছুটা বাড়েতে বা কমতেও পারে।
আর্থিক প্রতিবেদন অনুসারে চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৯৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭০ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৬ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৪ টাকা ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ৩১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ১৯ পয়সায়।
সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে এপেক্স ট্যানারির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮ টাকা ১৭ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৪৫ টাকা ৪৩ পয়সায়।
সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে এপেক্স ট্যানারি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৮ টাকা ১৭ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৮২ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫৪ টাকা ৮৫ পয়সায়।
এপেক্স ট্যানারির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ প্লাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি থ্রি’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।
১৯৮৫ সালে তালিকাভুক্ত এপেক্স ট্যানারির অনুমোদিত মূলধন ৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৫ কোটি ২৪ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১২ কোটি ৪০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৫২ লাখ ৪০ হাজার। এর ৩৪ দশমিক ৮২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ৩৮ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৪ দশমিক ৮০ শতাংশ শেয়ার রয়েছে।