দেশের পুঁজিবাজারে গতকাল সূচক ও লেনদেনে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকই আগের দিনের চেয়ে কমেছে। এছাড়া গতকাল বিদেশী বিনিয়োগকারীদের মাঝে শেয়ার কেনার চেয়ে বিক্রয়প্রবণতা ছিল বেশি। এদিন পুঁজিবাজারে যে পরিমাণ শেয়ার কেনা হয়েছে তার মধ্যে বিদেশী বিনিয়োগকারীদের অংশ ছিল ২ দশমিক শূন্য ৯ শতাংশ। এছাড়া এদিন পুঁজিবাজারে যে পরিমাণ শেয়ার বিক্রি হয়েছে সেখানে বিদেশী বিনিয়োগকারীদের অংশ ছিল ৩ দশমিক ৭৯ শতাংশ।
গতকাল রিটেইল বিনিয়োগকারীদের মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের প্রায় ৮৭ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ডিলারদের দখলে ছিল মোট লেনদেনের যথাক্রমে ৮ ও ১ শতাংশ। অন্যদিকে বিদেশী বিনিয়োগকারীদের দখলে ছিল মোট লেনদেনের ২ দশমিক ৯৪ শতাংশ।
গতকাল ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৫৯৬ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১১ পয়েন্ট কমে ২ হাজার ১১২ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২ হাজার ১২৩ পয়েন্ট। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ৩ পয়েন্ট কমে ১ হাজার ১১৬ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১১৯ পয়েন্ট। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে পূবালী ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ইউসিবি, ব্র্যাক ব্যাংক ও ইবিএলের শেয়ার।
ডিএসইতে গতকাল ৭৫৬ কোটি টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৮৪৫ কোটি টাকা। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ১৯০টির ও দর অপরিবর্তিত ছিল ৫৭টির। গতকাল ‘এ’ ক্যাটাগরির কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ৮৪টির ও দর অপরিবর্তিত ছিল ২৩টির। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ১০টির, কমেছে ৬০টির ও অপরিবর্তিত ছিল ৪টির শেয়ারদর। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৪১টির, কমেছে ৪৬টির ও অপরিবর্তিত ছিল ৩০টির শেয়ারদর। মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে একটির ও দর অপরিবর্তিত ছিল নয়টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে সাধারণ বীমা খাত। ১৬ দশমিক ৩ শতাংশ দখলে নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত। ওষুধ ও রসায়ন খাত ১৩ দশমিক ৩ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৯ দশমিক ১ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল বিবিধ খাত। আর পঞ্চম অবস্থানে থাকা ব্যাংক খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৩ শতাংশ।
গতকাল বেশির ভাগ খাতের শেয়ারে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে ভ্রমণ ও সিরামিক খাতে ১ দশমিক ২ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ১ দশমিক ১, সিমেন্ট, খাদ্য ও আনুষঙ্গিক এবং প্রকৌশল খাতে দশমিক ৯ ও পাট খাতে দশমিক ৭ শতাংশ।
সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ১৮ পয়েন্ট বেড়ে ৯ হাজার ১৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৪২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৯১২ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৮৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ৭৪টির ও দর অপরিবর্তিত ছিল ২৮টির।