ব্রাজিলের কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলে জুলাইয়ের দ্বিতীয়ার্ধে চিনি উৎপাদন গত বছরের একই সময়ের তুলনায় দশমিক ৮ শতাংশ কমেছে। এ সময় মোট উৎপাদন নেমে এসেছে ৩৬ লাখ ১০ হাজার টনে। ব্রাজিলের ইন্ডাস্ট্রি গ্রুপ ইউনিকা সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর চিনিমান্ডি।
সংস্থাটির প্রতিবেদন অনুযায়ী, জুলাইয়ের দ্বিতীয়ার্ধে মোট আখ মাড়াইয়ের পরিমাণ ছিল ৫ কোটি ২ লাখ ২০ হাজার টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৬৬ শতাংশ কম। এ সময় আখের ৫৪ দশমিক ১ শতাংশ চিনি উৎপাদনে ব্যবহার হয়েছে।
ইউনিকার পরিচালক লুসিয়ানো রদ্রিগেস বলেন, ‘ব্রাজিলে সম্প্রতি উৎপাদিত আখে চিনির মাত্রা উল্লেখযোগ্য হারে কমেছে। ২০২৫-২৬ মৌসুমে তা গত ১০ বছরের সর্বনিম্নে নেমে এসেছে।’
সংশ্লিষ্টরা জানান, চিনির ঘনত্ব কম থাকায় উৎপাদন ব্যয় বাড়ছে। এর পরও আন্তর্জাতিক বাজারে রফতানি চুক্তি পূরণে মিলগুলো চিনি উৎপাদনে মনোযোগ দিচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক এক ব্রোকার জানিয়েছেন, চিনি মিলগুলো রফতানি চুক্তি পূরণে চেষ্টার কারণে চিনি উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।