পাহাড় খোদাই করে ফাইভ স্টার রিসোর্ট

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের অভিনব এক রিসোর্ট ডেজার্ট রক।

সৌদি আরবের লোহিত সাগর উপকূলের অভিনব এক রিসোর্ট ডেজার্ট রক। পাহাড়ের গায়ে কঠিন শিলা খোদাই করে তৈরি হয়েছে ফাইভ স্টার মানের এ অবকাশ কেন্দ্র। গত বছর উদ্বোধন হয় এ লাক্সারি লেইজার প্লেস। এরপর এবারের গ্রীষ্মে সংক্ষিপ্ত সংস্কারের পর ফের অতিথিদের জন্য খুলে দেয়া হয়েছে। বেশ সাদামাটা প্রবেশপথ ধরে এ রিসোর্টে প্রবেশ করতে হয়। পাথর কেটে বানানো সরু বাঁকানো গলিই এর বিশেষত্ব। আর ভেতরে ঢুকতেই চোখে পড়ে চমৎকার ওয়েলকাম প্যাভিলিয়ন, যেখানে আমোদিত করবে সুরেলা সংগীত। ডেজার্ট রকে থাকার জায়গা চারটি ভাগে বিভক্ত। হোটেলের সর্বোচ্চ স্থানে রয়েছে দুই শয্যার একটি ভিলা। মাস্টার বেডরুমে কিং-সাইজ বিছানা থেকে দেখা যায় দুর্গম পাহাড়ি দৃশ্য ও ব্যক্তিগত ইনফিনিটি পুল। অন্য ঘরে রয়েছে দুটি কুইন বেড, যার জানালা থেকে দেখা যায় রিসোর্ট প্রাঙ্গণ। বসার ঘরে রয়েছে শিলার তৈরি দৃষ্টিনন্দন দেয়াল, পাশাপাশি বড়সড় ডাইনিং স্পেস। দুই স্তরের টেরেসে রাখা আছে খেলার সরঞ্জাম। মাস্টার বাথরুমে রয়েছে স্ট্যান্ড অ্যালোন বাথটাব। এখান থেকে দেখা যায় বাইরের পাহাড়ি দৃশ্য। সঙ্গে ফ্লোর-টু-সিলিং জানালা ও ওয়াক-ইন রেইন শাওয়ার। ডেজার্ট রকের সবকিছুই প্রাকৃতিক উপাদান ও রঙে সাজানো, যা মরুভূমির পরিবেশের সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। এমনকি ছোটখাটো বিষয়গুলোও এর থেকে বাদ পড়েনি। রিসোর্টে খাবার বেছে নেয়ার ক্ষেত্রে রয়েছে বিস্তৃত সুযোগ। টাটকা পেরুভিয়ান খাবার থেকে কাশ্মীরি ভেড়ার মাংসসহ; থাকছে নানা দেশের সিগনেচার আইটেম। জুস থেকে কফিসহ পানীয়র বিশাল সম্ভার চেখে দেখার সুযোগ পাবেন অতিথিরা। রয়েছে ওয়াদি পুল, অবজারভেটরি, ডেজার্ট গেমসসহ নানা আয়োজন। অ্যাবসেইলিং, জিপলাইন, ক্লাইম্বিং ও হাইকিংয়ের মতো অ্যাডভেঞ্চার কার্যক্রমও বাদ নেই। রয়েছে ই-বাইকিং, নক্ষত্রদর্শন ও সৌদি রান্নার ওপর ক্লাস করার সুযোগ। স্পা সেন্টারে থাকছে নানা ধরনের ট্রিটমেন্ট রুম, সাউনা, স্টিম রুম, হাম্মাম, ভিটালিটি পুল ও কোল্ড প্লাঞ্জ। ন্যূনতম খরচ ধরলে ডেজার্ট রকের এক শয্যার ওয়াদি ভিলার জন্য প্রতি রাতে গুনতে হয় ১ হাজার ৮৬৬ ডলার। খবর ও ছবি দ্য ন্যাশনাল

আরও