জাপানে জুলাইয়ে প্রকৃত মজুরি কমেছে। সরকারের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় মাসটিতে মজুরি কমেছে দশমিক ২ শতাংশ। এর আগে প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছিল যে মজুরি বেড়েছে দশমিক ৫ শতাংশ। সংশোধনের পর টানা সাত মাস প্রকৃত মজুরি কমেছে দেশটিতে। খবর জাপান টুডে।
জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সংশোধনের প্রধান কারণ প্রত্যাশার তুলনায় কম গ্রীষ্মকালীন বোনাস। এ সময়ে বিশেষ আয় বেড়েছে ৬ দশমিক ৩ শতাংশ, যা প্রাথমিক প্রতিবেদনের তথ্যে ছিল ৭ দশমিক ৯ শতাংশ।
এদিকে একজন কর্মীর গড় মাসিক মোট নগদ আয় (মূল বেতন ও অতিরিক্ত সময়ের পারিশ্রমিকসহ) বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ। গড় আয় দাঁড়িয়েছে ৪ লাখ ১৬ হাজার ৭৪৪ ইয়েনে। তবে প্রাথমিক প্রতিবেদনে এ বৃদ্ধির হার ধরা হয়েছিল ৪ দশমিক ১ শতাংশ, যা সংশোধন করে পরে কমানো হয়েছে।
মূল্যস্ফীতি হিসাবের জন্য ব্যবহৃত ভোক্তা মূল্যসূচক জুলাইয়ে বেড়েছে ৩ দশমিক ৬ শতাংশ। এটি গড় মাসিক মোট নগদ আয়ের প্রবৃদ্ধির চেয়ে বেশি। ফলে প্রকৃত মজুরি কমেছে। গত বছর জুন, জুলাই, নভেম্বর ও ডিসেম্বরে বোনাস পাওয়ার সময় প্রকৃত মজুরি বেড়েছিল। কিন্তু চলতি বছর জুনে তা কমেছে দশমিক ৮ শতাংশ।