চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছার বিষয়ে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী সপ্তাহে এ দুই নেতার সাক্ষাতের কথা রয়েছে। চীন-যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে এ মন্তব্য করলেন ট্রাম্প, যেখানে চলমান বাণিজ্য বিবাদ হ্রাস নিয়ে আলোচনা করেছেন তারা। খবর রয়টার্স।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত আসিয়ান শীর্ষ সম্মেলনে চীন-যুক্তরাষ্ট্র সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং ও প্রধান বাণিজ্য আলোচক লি চেংগাং এবং মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ও বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার। এ নিয়ে মে মাসের পর থেকে বাণিজ্য বিবাদ নিরসনে পঞ্চম দফায় আলোচনায় বসলেন দেশ দুটির কর্মকর্তারা।
স্কট বেসেন্ট সাংবাদিকদের বলেন, ‘দুই প্রেসিডেন্টের আলোচনা করার জন্য খুবই সফল একটি কাঠামো তৈরি হয়েছে বৈঠকে।’
আসিয়ান সম্মেলনে অংশ নিতে গতকাল মালয়েশিয়ায় পৌঁছেন ডোনাল্ড ট্রাম্প। এটি তার পাঁচদিনের এশিয়া সফরের প্রথম বিরতি। ৩০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের মাধ্যমে এ সফর শেষ হবে।
দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা বিষয়ে ট্রাম্প বলেন, ‘মনে হচ্ছে চীনের সঙ্গে চুক্তিতে পৌঁছতে যাচ্ছি আমরা।’
শি জিনপিংয়ের সঙ্গে চীনে ও যুক্তরাষ্ট্রে আলাদা বৈঠক হতে পারে এমন ইঙ্গিতও দেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা সাক্ষাৎ করার জন্য সম্মত হয়েছি। চীনে আমরা দেখা করব এবং যুক্তরাষ্ট্রেও দেখা হবে, হয় ওয়াশিংটন বা মার-আ-লাগোতে।’
চীন ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই বাণিজ্যযুদ্ধ আরো জোরালো হওয়ার আশঙ্কা কমাতে চায়। বর্তমানে দুই দেশের মধ্যে শুল্কের বড় একটি অংশ স্থগিত রয়েছে। তবে কিছুদিন আগে চীনা পণ্যের ওপর ১ নভেম্বর থেকে শতভাগ নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।