সুদহার কমানোর প্রত্যাশায় স্বর্ণের দামে নতুন রেকর্ড

আবারো রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে স্বর্ণের দাম। স্পট ও ফিউচার-দুই ধরণের বাজারেই পণ্যটির দাম এখন ইতিহাসের সর্বোচ্চ বা এর কাছাকাছি পর্যায়ে অবস্থান করছে।

আবারো রেকর্ড সর্বোচ্চে পৌঁছেছে স্বর্ণের দাম। স্পট ও ফিউচার-দুই ধরণের বাজারেই পণ্যটির দাম এখন ইতিহাসের সর্বোচ্চ বা এর কাছাকাছি পর্যায়ে অবস্থান করছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলছেন, মূল্যবান ধাতুটির দামের এ রেকর্ড ভাঙার প্রবণতা বাজারে সামনের দিনগুলোয়ও অব্যাহত থাকতে পারে। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ (ফেড) শিগগিরই আবারো সুদহার কমাবে বলে প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। এছাড়া চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রে ব্যাক্তি পর্যায়ের ভোগব্যয় বা পিসিই সূচক প্রকাশের কথা রয়েছে। এ থেকে দেশটিতে মূল্যস্ফীতি আশঙ্কাজনক পর্যায়ে না পৌছনোর ইঙ্গিত পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সেক্ষেত্রে তা ফেডের মুদ্রানীতি আরো শিথীল করার ইঙ্গিতবাহী হতে পারে। বিনিয়োগকারীদের এমন ধারণা এখন স্বর্ণের বাজারে প্রধান প্রভাবক হয়ে উঠেছে।

স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৯ শতাংশ বেড়েছে। প্রতি আউন্সের মূল্য পৌঁছেছে ৩ হাজার ৭১৬ ডলার ২৭ সেন্টে। এদিন লেনদেনের এক পর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৭১৯ ডলার ৬৫ সেন্টে পৌঁছে, যা এখন পর্যন্ত রেকর্ড সর্বোচ্চ।

এছাড়া গতকাল ডিসেম্বরে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে আউন্সপ্রতি স্বর্ণের দাম দাঁড়ায় ৩ হাজার ৭৫১ ডলার ২০ সেন্টে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি।

বিনিয়োগকারীরা এখন ফেডের শীর্ষকর্তাদের বক্তব্যের দিকে তাদের মনযোগ নিবদ্ধ রেখেছেন। এ থেকে ফেডের ভবিষ্যৎ সুদহার নীতি সম্পর্কে ইঙ্গিত পাওয়ার প্রত্যাশা করছেন তারা। একই সময় পিসিই ডাটা দুর্বল হলে সুদহার কমানোর সম্ভাবনা আরো বাড়ে। সুদহার কমার প্রত্যাশা বাড়লে বন্ডের রিটার্ন কমে যায়। এ সময় স্বর্ণের চাহিদা জোরদার হয়, যার প্রভাব পড়ে দামে।

সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাওনোভো বলেন, ‘ফেড কর্মকর্তাদের বক্তব্যে সুদহার আরো কমানোর ইঙ্গিত আসতে পারে। ফলে চলতি সপ্তাহেই আবারো নতুন রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে স্বর্ণের দাম। তবে দাম পরিবর্তনের হার ও মাত্রা নির্ভর করবে আসন্ন মার্কিন অর্থনৈতিক তথ্যের ওপর।’

গত সপ্তাহে ফেড ডিসেম্বরের পর প্রথমবারের মতো সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। বছরের বাকি সময় আরো দুবার সুদহার কমানো হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিএমই ফেডওয়াচ টুল অনুযায়ী, অক্টোবরে সুদহার কমানোর সম্ভাবনা ৯৩ শতাংশ, ডিসেম্বরে যা ৮১ শতাংশ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলের আজই এ বিষয়ে বক্তব্য দেয়ার কথা রয়েছে।

জিওভান্নি স্তাওনোভো জানান, এতদিন মূলত বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও এশিয়ার দেশগুলোই ছিল স্বর্ণের দামের মূল চালিকাশক্তি। বর্তমানে পশ্চিমা বিনিয়োগকারীরাও স্বর্ণ খাতে বিনিয়োগ বাড়াচ্ছেন।

চলতি বছরের এ পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে ৪০ শতাংশের বেশি। ভূরাজনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয় ও আর্থিক নীতির সহজীকরণ ছিল এ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। ইউবিএসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৯০০ ডলারে পৌঁছতে পারে।

স্পট মার্কেটে গতকাল রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪৩ ডলার ৬৪ সেন্টে দাঁড়িয়েছে, যা ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ। প্লাটিনাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৪১৯ ডলার ৬৫ সেন্ট ও প্যালাডিয়াম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ১৬১ ডলার ৮৫ সেন্টে লেনদেন হয়েছে।

আরও